দিবাস্বপ্ন দেখা যে কারণে মস্তিষ্কের জন্য ভালো
অনেক সময় দিবাস্বপ্ন থেকেও পাওয়া যেতে পারে সৃষ্টিশীল সমাধানের পথ।
দিবাস্বপ্ন বা সুখস্বপ্নে বিভোর হওয়া কিংবা আকাশ কুসুম কল্পনায় হারিয়ে যাওয়ার মধ্যে এক ধরনের আনন্দ কাজ করে।
আর এই কাজ প্রায় সব মানুষই করে থাকেন। কখনও আদর্শ ছুটির কল্পনা করা, কখনও প্রিয় মানুষ কিংবা কোনো বিশেষ অর্জনের স্বপ্ন।
অনেক সময় ক্লাসে, অফিসে বা দৈনন্দিন ব্যস্ততার মাঝেও হঠাৎ মন চলে যায় অন্য কোথাও। একে সাধারণত মানুষ অকারণ সময় নষ্ট হিসেবে দেখে। তবে গবেষণা ও বিশেষজ্ঞরা বলছেন— দিবাস্বপ্ন আসলে মস্তিষ্কের জন্য উপকারী।
যুক্তরাষ্ট্রভিত্তিক বিবাহ ও পারিবারিক পরামর্শদাতা সাবা লুরি রিয়েলসিম্পল ডটকম-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলেছেন, “দিবাস্বপ্নের ভেতর আমরা মনকে ভ্রমণ করতে দিই। এটা হতে পারে অতীতের কোনো স্মৃতি, ভবিষ্যতের কোনো পরিকল্পনা বা পুরোটাই কল্পনা। এর ভেতরেই রয়েছে সৃজনশীলতা, আশা ও মানসিক প্রশান্তির বীজ।”
দিবাস্বপ্ন দেখার কারণ
মানুষের মস্তিষ্ক স্বাভাবিকভাবেই সবসময় বর্তমান মুহূর্তে থাকতে চায় না। মাঝে মাঝেই এটি ঘুরে বেড়ায় অন্য জগতে।
সাবা লুরি মনে করেন- এটি এক ধরনের মানসিক প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবেও কাজ করে। বিশেষ করে যারা চাপের মধ্যে আছেন বা অতীতের কোনো মানসিক আঘাত বহন করছেন, তারা অনেক সময় দিবাস্বপ্নকে আশ্রয় হিসেবে নেন।
তিনি বলেন, “দিবাস্বপ্ন আমাদের বর্তমান থেকে সাময়িকভাবে দূরে নিয়ে যায়। এতে যেমন নেতিবাচক দিক আছে, তেমনি ইতিবাচক দিকও রয়েছে।”
অর্থাৎ, দিবাস্বপ্ন কখনও সমস্যার মুখোমুখি হতে দেরি করায়, আবার কখনও মানসিক শক্তি জোগায়।
দিবাস্বপ্নের উপকারিতা
বিশেষজ্ঞরা মনে করেন, দিবাস্বপ্ন শুধু অলস কল্পনা নয়। এর রয়েছে নানান ধরনের সুফল।
সৃজনশীলতা বৃদ্ধি: দিবাস্বপ্ন মস্তিষ্ককে স্বাধীনভাবে ভাবতে দেয়। এতে অনেক সময় হঠাৎ নতুন কোনো ধারণা বা সমাধান মাথায় আসে।
মানসিক চাপ কমানো: ক্লান্ত মস্তিষ্ক যখন কিছু সময়ের জন্য বাস্তবের চাপ থেকে মুক্তি পায়, তখন তা আবার সতেজ হয়ে ফিরে আসে।
আশা ও উদ্দীপনা জাগানো: সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখা আমাদের ভেতরে ইতিবাচক শক্তি তৈরি করে।
সমস্যা সমাধান: কঠিন কোনো পরিস্থিতি নিয়ে ভাবতে গিয়ে দিবাস্বপ্নে সমাধানের নতুন পথ খুঁজে পাওয়া যায় অনেক সময়।
সাবা লুরি বলেন, “যখন জোর করে মস্তিষ্ককে কোনো কাজের ওপর কেন্দ্রীভূত করা হয় না, তখন নতুন ধারণার জন্য জায়গা তৈরি হয়। এভাবেই দিবাস্বপ্ন সৃজনশীলতাকে বাড়ায় এবং নতুনভাবে ভাবতে সাহায্য করে।”
সব দিবাস্বপ্ন সমান উপকারী নয়
যদিও দিবাস্বপ্নের রয়েছে নানান উপকারিতা। তবে সবসময় ইতিবাচক নাও হতে পারে। বিশেষজ্ঞরা এটিকে দুই ভাগে ভাগ করেছেন— উৎপাদনশীল দিবাস্বপ্ন এবং অউৎপাদনশীল দিবাস্বপ্ন।
উৎপাদনশীল দিবাস্বপ্ন
এতে নতুন কিছু ভাবা হয়, সমাধানের পথ খোঁজা হয়, কিংবা ভবিষ্যতের ইতিবাচক কোনো চিত্র কল্পনা করা হয়।
যেমন— কোনো কঠিন আলোচনায় কীভাবে নিজেকে সামলাব, অথবা কোনো প্রকল্পের জন্য সৃজনশীল পরিকল্পনা ভাবা।
অউৎপাদনশীল দিবাস্বপ্ন
এতে বারবার একই চিন্তায় ঘুরপাক খাওয়া হয়, যা অনেক সময় উদ্বেগ বাড়ায়।
যেমন— অতীতের ভুল নিয়ে বারবার অনুশোচনা করা, ভবিষ্যতের বিপদ নিয়ে আতঙ্কিত হওয়া, কিংবা অবাস্তব কল্পনায় ডুবে থেকে বাস্তবতা এড়িয়ে যাওয়া।
সাবা লুরি সতর্ক করে বলেন, “প্রধান পার্থক্য হল দিবাস্বপ্ন এগিয়ে নিচ্ছে কি-না। যদি তা আটকে রাখে, তাহলে সেটি ক্ষতিকর।”
যেভাবে দিবাস্বপ্নকে কাজে লাগানো যায়
দিবাস্বপ্নকে যদি সঠিকভাবে ব্যবহার করা যায়, তবে এটি হতে পারে মস্তিষ্কের অন্যতম কার্যকর হাতিয়ার।
সমাধানমুখী চিন্তা: কোনো সমস্যার সমাধান খুঁজতে গিয়ে কল্পনায় বিভিন্ন পথ ভেবে দেখা যেতে পারে।
ভবিষ্যতের ইতিবাচক ছবি আঁকা: নিজেকে সফল, আত্মবিশ্বাসী বা সুখী অবস্থায় কল্পনা করা। এতে অনুপ্রেরণা বাড়বে।
সৃজনশীল চিন্তায় ব্যবহার: লেখা, আঁকা, সংগীত বা যে কোনো সৃজনশীল কাজে নতুন ধারণা পেতে দিবাস্বপ্ন কাজে লাগানো।
সময় নির্ধারণ: বাস্তবতা থেকে দূরে সরিয়ে দিতে পারে অতিরিক্ত দিবাস্বপ্ন। তাই সীমার মধ্যে রাখতে হবে।
আরও পড়ুন
