১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

মস্তিষ্ক তরুণ রাখার সহজ ৫টি অভ্যাস

বয়স বাড়ছে তাতে কী! মস্তিস্ক সচল রাখার রয়েছে উপায়।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2026, 12:19 PM

Updated : 19 Sep 2026, 02:25 PM

আধুনিক চিকিৎসাবিজ্ঞানে মানুষের গড় আয়ু বৃদ্ধির পাশাপাশি ‘হেলথস্প্যান’ বা সুস্থভাবে বেঁচে থাকার মেয়াদের ওপর জোর দেওয়া হচ্ছে। আর দীর্ঘকাল সুস্থ ও কর্মক্ষম থাকার প্রধান শর্ত হল মস্তিষ্কের কার্যক্ষমতা অটুট রাখা।

স্মৃতিশক্তি হ্রাস পাওয়া বা আলঝেইমার’স-এর মতো লক্ষণগুলো প্রকাশ পাওয়ার অনেক আগে থেকেই অবচেতন মনে কিছু দৈনন্দিন অভ্যাস গড়ে তোলা জরুরি।

স্নায়ুবিশেষজ্ঞ বা নিউরোলজিস্টদের মতে, প্রতিদিনের সাধারণ কিছু পরিবর্তনের মাধ্যমে বার্ধক্যে মস্তিস্ক সচল রাখা এবং ডিমেনশা বা স্মৃতিভ্রংশের ঝুঁকি কমানো সম্ভব।

স্বাস্থ্য-বিষয়ক ওয়েবসাইট হেলথ ডটকম-এ প্রকাশিত প্রতিবেদনে চিকিৎসকেরা জানিয়েছেন, মস্তিষ্কের দীর্ঘমেয়াদি সুরক্ষার ৫টি অভ্যাস।

অন্তত সাত ঘণ্টার নিয়মিত ঘুম

মস্তিষ্ককে বিষাক্ত বর্জ্যমুক্ত রাখতে ঘুম অপরিহার্য প্রাকৃতিক ওষুধ।

যে কারণে উপকারী: যুক্তরাষ্ট্রের কেস ওয়েস্টার্ন রিজার্ভ বিশ্ববিদ্যালয়ের স্নায়ু ও মনোরোগ বিশেষজ্ঞ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ব্রায়ান এস অ্যাপলবি বলেন, “ঘুমের সময় মস্তিষ্ক ভেতরের বিপাকীয় বর্জ্য এবং ‘বিটা-অ্যামাইলয়েড’ ও ‘টাউ’ নামক ক্ষতিকর দূষিত পদার্থ পরিষ্কার করে ফেলে। প্রতিদিন ন্যূনতম সাত ঘণ্টা না ঘুমালে মস্তিস্কে এই বিষাক্ত উপাদানগুলো জমতে শুরু করে, যা মানুষের চিন্তা, আচরণ ও বিচারবুদ্ধি নষ্ট করে দেয়।

ভূমধ্যসাগরীয় খাদ্যাভ্যাস বা মেডিটেরিয়ান ডায়েট

খাবারের পাতে কী থাকছে, তার ওপর মস্তিষ্কের স্নায়ুগুলোর দীর্ঘায়ু সরাসরি নির্ভর করে।

যে কারণে উপকারী: বোস্টন, ম্যাসাচুসেটসে অবস্থিত বেথ ইসরায়েল ডিকনেস হাসপাতালের স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডা. জেনিফার ডিয়ারবর্ন-টোমাজোস মস্তিস্ক সচল রাখতে- কৃত্রিম চিনি, অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার ও স্যাচুরেইটেড ফ্যাট বর্জন করে ফলমূল, শাকসবজি, বাদাম, বীজ, অলিভ অয়েল, ডাল, ডিম এবং ওমেগা-৩ সমৃদ্ধ মাছ খাওয়ার পরামর্শ দেন।

বিভিন্ন গবেষণায় দেখা গেছে, এই মেডিটেরিয়ান ডায়েট মানুষের বার্ধক্যের ডিমেনশা ও স্ট্রোকের ঝুঁকি কমায় এবং উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের রক্তনালীগুলোকে সুরক্ষিত রাখে।

প্রতিদিন অন্তত ৩০ মিনিট ব্যায়াম

শারীরিক কসরত সরাসরি মস্তিষ্কের কার্যক্ষমতা পুনর্গঠন করতে সক্ষম।

যে কারণে উপকারী: যুক্তরাষ্ট্রের ইউসি হেলথের স্নায়ুবিশেষজ্ঞ ডা. ইমারলি টিমারম্যানের মতে, “প্রতিদিন অন্তত ৩০ মিনিট কার্ডিওভাসকুলার বা অ্যারোবিক ব্যায়াম (যেমন: দ্রুত হাঁটা, সাইকেল চালানো বা হাইকিং) মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়ায়, স্নায়ুর অভ্যন্তরীণ প্রদাহ কমায় এবং ‘নিউরোপ্লাস্টিসিটি’ বা নতুন কিছু শেখার ক্ষমতা সচল রাখে।”

চিকিৎসা বিষয়ক সাময়িকী ‘জেরোসাইন্স’-এ প্রকাশিত অন্য এক গবেষণায় দেখা গেছে, সপ্তাহে দুদিন হালকা ওজন তোলার মতো ‘রেজিস্ট্যান্স’ বা ‘স্ট্রেন্থ ট্রেনিং’ অর্থাৎ শক্তি বাড়ানোর ব্যায়াম করলে বার্ধক্যে মস্তিস্কের কোষ কুঁকড়ে যাওয়া রোধ হয় এবং আলঝেইমার’স-এর গতি ধীর হয়ে আসে।

সামাজিক আড্ডা ও শক্তিশালী যোগাযোগ

একাকিত্ব মানুষের মস্তিস্কের জন্য এক নীরব অভিশাপ।

যে কারণে উপকারী: বন্ধুদের সঙ্গে সময় কাটানো বা সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত থাকা মস্তিষ্কের ‘কগনিটিভ রিজার্ভ’ বা মানসিক ধারণক্ষমতা বাড়ায়।

যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল অ্যাকাডেমিস অব সায়েন্সেস, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেডিসিন’-এর প্রকাশিত মেটা-অ্যানালিসিস বা পদ্ধতিগত বৈজ্ঞানিক পর্যালোচনায় দেখা গেছে, দীর্ঘস্থায়ী সামাজিক বিচ্ছিন্নতা বা একাকিত্ব ডিমেনশা’র ঝুঁকি প্রায় ৫০ শতাংশ বাড়িয়ে দেয়। আর একাকিত্বের কারণে মস্তিস্কের আকার প্রাকৃতিকভাবেই সংকুচিত হয়ে যায়।

ধাঁধার খেলা বা ব্রেইন গেমসের অনুশীলন

মস্তিস্ককে অলস ফেলে না রেখে, একে প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি করা উচিত।

যে কারণে উপকারী: ডা. ব্রায়ান এস অ্যাপলবি, স্মৃতিশক্তি সচল রাখতে প্রতিদিন অন্তত ৩০ মিনিট শব্দের ধাঁধা বা ক্রসওয়ার্ড পাজল এবং জিগস পাজল খেলার পরামর্শ দেন।  

চিকিৎসা সাময়িকী ‘এনইজেএম এভিডেন্স’-এ প্রকাশিত গবেষণায় প্রমাণিত হয়েছে যে, সাধারণ কম্পিউটারের গেমসের তুলনায় শব্দছক বা ধাঁধা মেলানোর এই কসরত মস্তিষ্কের ভাষার যোগাযোগ, দীর্ঘমেয়াদী স্মৃতি এবং ‘প্যাটার্ন’ বা আকার চেনার ক্ষমতাকে বহুগুণ সক্রিয় রাখে।

বিশেষজ্ঞদের পরামর্শ

বার্ধক্যের স্মৃতিভ্রম বা ডিমেনশা কোনো অবধারিত নিয়তি নয়, এটি মূলত জীবনযাত্রার এক দীর্ঘমেয়াদী প্রতিফলন।

তাই পর্যাপ্ত ঘুম, পুষ্টিকর খাবার, নিয়মিত ব্যায়াম এবং সামাজিক যোগাযোগের এই সহজ নিয়মগুলো প্রতিদিনের রুটিনে মেনে চলাই মস্তিস্ক তরুণ রাখার চাবিকাঠি।

আরও পড়ুন

ত্বক পরিচর্যায় মস্তিষ্কও থাকে ভালো

প্রকৃতির কোলে সময় কাটালে মস্তিস্কে যে পরিবর্তন ঘটে

কৃত্রিম মিষ্টি হতে পারে মস্তিষ্কের জন্য ক্ষতিকর