Published : 16 Jul 2026, 06:49 PM
বয়স লুকিয়ে রাখার জন্য কত কিছুই না করা হয়! বলিরেখা, শুষ্কতা কিংবা কালচে ছোপ ঢাকতে ক্রিম, সেরাম বা তেলের ব্যবহার ঘরে ঘরে চলে।
বাহ্যিক সৌন্দর্য ধরে রাখতেই সাধারণত ত্বকের যত্ন নেওয়া হয়। তবে কখনো কি ভেবেছেন, প্রতিদিনের এই ‘স্কিন-কেয়ার রুটিন’ শুধু বাইরের উজ্জ্বলতাই বাড়াচ্ছে না, বরং মস্তিষ্ককেও বুড়িয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করছে?
শুনতে অবিশ্বাস্য মনে হলেও, চিকিৎসাবিজ্ঞানের নতুন এক গবেষণায় এমন চাঞ্চল্যকর তথ্যই উঠে এসেছে।
গবেষকরা বলছেন, ‘ত্বকের স্বাস্থ্যের সঙ্গে ‘ডিমেনশা’ বা স্মৃতিভ্রম এবং অ্যালঝাইমার’স রোগের এক গভীর মনস্তাত্ত্বিক ও শারীরিক সংযোগ রয়েছে।’
‘ত্বক’ যেভাবে মস্তিষ্কের ঢাল হিসেবে কাজ করে
শরীরে বেশ কিছু প্রাকৃতিক প্রতিরক্ষামূলক ‘ব্যারিয়ার’ বা প্রাচীর রয়েছে, যার কাজ হল রক্তে ক্ষতিকর টক্সিন বা বিষাক্ত উপাদান ঢুকতে বাধা দেওয়া।
মানুষের ত্বক হল শরীরের সবচেয়ে বড় প্রতিরক্ষামূলক প্রাচীরগুলোর একটি।
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের অ্যালঝাইমার’স রোগ গবেষণার অধ্যাপক এবং স্নায়ুবিজ্ঞানী ড. মালু ট্যানসে সেলফ ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে বলেন, “বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের ত্বকের এই প্রতিরক্ষামূলক প্রাচীরে ফাটল বা ফাটলযুক্ত চামড়া তৈরি হয়। ফলে পরিবেশের ক্ষতিকর কীটনাশক, দূষণ বা ব্যাকটেরিয়া সহজেই শরীরে প্রবেশ করতে পারে।”
ত্বকের এই ফাটল বা দুর্বলতার কারণে শরীরে এক ধরনের ‘ইনফ্ল্যামেটরি অ্যালার্ম’ বা প্রদাহ সংকেত তৈরি হয়। এর ফলে রক্তে ‘সাইটোকাইনস’ নামক এক ধরনের ক্ষতিকর প্রদাহ তৈরির উপাদানের মাত্রা বেড়ে যায়।
ড. ট্যানসের মতে, “এই দীর্ঘমেয়াদী প্রদাহ এক সময় মস্তিষ্কের প্রতিরক্ষামূলক স্তর বা ‘ব্লাড-ব্রেইন ব্যারিয়ার’কে ক্ষতিগ্রস্ত করে এবং মস্তিষ্কে নিউরো-ইনফ্ল্যামেটরি বা স্নায়বিক প্রদাহ সৃষ্টি করে, যা স্মৃতিভ্রমের প্রধান কারণ।
গবেষণায় যা দেখা গেছে
‘জার্নাল অফ ইনভেস্টিগেটিভ ডার্মাটোলজি’-তে প্রকাশিত গবেষণায় ৫০ বছরের বেশি বয়সি ২৩৭ জন প্রাপ্তবয়স্কের কয়েক দশকের স্মৃতিশক্তি ও চিন্তাভাবনার তথ্য বিশ্লেষণ করা হয়।
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় স্কুল অফ মেডিসিনের চর্মরোগবিদ্যার সহযোগী অধ্যাপক এবং এই গবেষণার প্রধান লেখক ডা. ক্যাটরিনা আবুয়াবারা একই প্রতিবেদনে বলেন, "গবেষণায় দেখা গেছে যাদের ত্বকের পানি ধরে রাখার ক্ষমতা কম (অর্থাৎ ত্বক অতিরিক্ত শুষ্ক ও ক্ষতিগ্রস্ত), তাদের ১০ বছরে মৌখিক স্মৃতিশক্তি বা শব্দ মনে রাখার ক্ষমতা অনেক দ্রুত হ্রাস পেয়েছে। আর এটিই হল স্মৃতিভ্রমের প্রাথমিক লক্ষণ।”
ডা. আবুয়াবারা আরও বলেন, “প্রায় ৮০ লাখ মানুষের ‘মেডিকেল ডেটাবেইস’ বিশ্লেষণ করে দেখা গেছে, বয়স্ক ব্যক্তিদের শরীরে যদি তীব্র একজিমা বা সোরিয়াসিসের মতো চর্মরোগ থাকে, তবে তাদের ডিমেনশা বা স্মৃতিভ্রমের ঝুঁকি প্রায় ২০ শতাংশ পর্যন্ত বেড়ে যায়।”
ত্বকের সঙ্গে মস্তিষ্কের ক্ষতির সম্পর্ক
বিশেষজ্ঞদের মতে, এই সংযোগের পেছনে ৩টি বড় কারণ কাজ করে।
ঘুমের ব্যাঘাত: একজিমা বা সোরিয়াসিসের কারণে সারা রাত গা চুলকানো বা অস্বস্তি ঘুমের ক্ষতি করে। মধ্যবয়সে দীর্ঘস্থায়ী ঘুমের অভাব বার্ধক্যে স্মৃতিভ্রমের ঝুঁকি বাড়ায়।
মানসিক চাপের হরমোন: রাতে চুলকানির কারণে বারবার ঘুম ভাঙলে শরীরে ‘কর্টিসল’ নামক চাপের হরমোন নিঃসরণ বাড়ে। অতিরিক্ত কর্টিসল মস্তিষ্কের হিপোক্যাম্পাসকে (যেখানে স্মৃতি তৈরি হয়) সংকুচিত করে ফেলে।
স্নায়ুর ওপর চাপ: ত্বকে লক্ষ লক্ষ স্নায়ু থাকে। ত্বক ফাটলযুক্ত বা রোগাক্রান্ত হলে এই অতি-সংবেদনশীল স্নায়ুগুলো মস্তিষ্কে অতিরিক্ত সংকেত পাঠায়, যা ‘ব্রেন সার্কিট’কে ওভারলোড বা ক্লান্ত করে স্মৃতিশক্তি কমিয়ে দেয়।
সুস্থ মগজের জন্য যেভাবে ত্বকের যত্ন নেওয়া উচিত
ইউনিভার্সিটি অফ পেন্সিলভেনিয়া পারেলম্যান স্কুল অফ মেডিসিনের চর্মরোগবিদ্যার ক্লিনিক্যাল অধ্যাপক ডা. ব্রুস ব্রড বলেন, "ত্বকের ভাঙনই যে মস্তিষ্কের ক্ষতি করছে তা এখনই শতভাগ নিশ্চিত করে বলা না গেলেও, ত্বকের প্রতিরক্ষা স্তর শক্তিশালী রাখা সামগ্রিক স্বাস্থ্যের জন্য জরুরি।”
মস্তিষ্ক ও ত্বক সুরক্ষিত রাখতে কিছু সহজ পরামর্শ দিয়েছেন তিনি।
মাথা থেকে পা পর্যন্ত ময়েশ্চারাইজার: গোসলের পর পুরো শরীরে পেট্রোলিয়াম-ভিত্তিক ভারী ক্রিম বা ‘সেরামাইড’ যুক্ত ময়েশ্চারাইজার ব্যবহার করা ভালো, যা ত্বকের আর্দ্রতা আটকে রাখে।
মাথার ত্বকের যত্ন: শুধু হাত-পা নয়, মাথার ত্বক বা স্ক্যাল্প শুষ্ক হলেও একই সমস্যা হতে পারে। তাই চুল ভেজা থাকা অবস্থায় নারিকেল বা জোজোবা তেল দিয়ে মাথার ত্বক মালিশ করতে হবে।
হিউমিডিফায়ার ব্যবহার: শুষ্ক আবহাওয়া বা এসি ঘরে থাকলে বাতাসে আর্দ্রতা ধরে রাখতে হিউমিডিফায়ার ব্যবহার করা উপকারী।
চর্মরোগকে অবহেলা না করা: শরীরে একজিমা, অ্যালার্জি বা সোরিয়াসিসের মতো র্যাশ থাকলে, অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে নিয়ন্ত্রণে রাখতে হবে।
তাই পরের বার কেউ যদি দামি বা ভালো ক্রিম ব্যবহার করার জন্য মজা করে, তবে ড. ট্যানসের সুরে হেসেই উত্তর দেওয়া যেতে পারে পারো, “আমি শুধু রূপচর্চা করছি না, নিজের বুদ্ধিমত্তা আর মস্তিষ্ককেও রক্ষা করছি!”
আরও পড়ুন
দীর্ঘায়ুর গোপন চাবিকাঠি হতে পারে ডেন্টাল ফ্লসিং
সুস্থ থাকতে জেন-জি’দের নতুন ধারা
জিবে জ্বালাপোড়া: ছোট সমস্যার পেছনে লুকিয়ে থাকতে পারে বড় রোগ