২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যকৃত সুস্থ রাখতে চাই ওজন নিয়ন্ত্রণ

কঠিন ডায়েট না করেও ওজন কমানো যায়।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2026, 06:16 PM

Updated : 26 Aug 2026, 05:32 PM

‘যকৃত’ বা যকৃতে অতিরিক্ত চর্বি জমা (নন-অ্যালকোহলিক ফ্যাটি যকৃত ডিজিজ) আজকাল একটি সাধারণ সমস্যা। এই অবস্থা ধীরে ধীরে যকৃতের কার্যক্ষমতা কমিয়ে দিতে পারে এবং পরে ‘সিরোসিস’ বা যকৃতের প্রদাহের ঝুঁকি বাড়ায়।

চিকিৎসাবিজ্ঞানীরা মনে করেন, যকৃত সুস্থ রাখার সবচেয়ে কার্যকর উপায় হল শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখা। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্ট চিকিৎসক ডা. আফসানা হক নয়ন বলেন, “অতিরিক্ত কঠোর ডায়েটের পরিবর্তে সাধারণ কিছু জীবনধারার পরিবর্তনই লিভারের চর্বি কমাতে সবচেয়ে বেশি সহায়ক।”

আঁশসমৃদ্ধ খাবার বাড়ান

খাবারে পর্যাপ্ত আঁশ (ফাইবার) রাখলে হজম প্রক্রিয়া ধীর হয় এবং দীর্ঘক্ষণ ক্ষুধা লাগে না। এতে ক্যালরি গ্রহণ স্বাভাবিকভাবে কমে আসে।

“থালার অর্ধেকটা শাকসবজি দিয়ে ভর্তি করুন। সাদা চাল-সাদা আটার পরিবর্তে লাল চাল, লাল আটা, ওটস বা যব ব্যবহার করুন। ময়দাজাত খাবার যথাসম্ভব এড়িয়ে চলুন”- পরামর্শ দেন ডা. নয়ন।

চিনির পরিমাণ কমান

দৈনন্দিন চা-কফিতে মেশানো অল্প চিনিও দীর্ঘমেয়াদে ওজন বাড়ায়। শরবত, ফলের জুস, কোমল পানীয়, পিঠা-পায়েস, কেক, বিস্কুট, পেস্ট্রি— এসব খাবারে লুকানো চিনির পরিমাণ অনেক বেশি।

চিনি ছাড়া চা-কফি পানের অভ্যাস গড়ে তুলুন। অল্প অল্প করে চিনি কমান।

মধু, গুড় বা বাদামি চিনিকেও চিনির বিকল্প ভাববেন না। ডেজার্ট বা মিষ্টান্ন হিসেবে ফলমূল বা টক দই বেছে নেওয়া উপকারী।

সকালের নাশতায় আমিষ রাখা

সকালে ডিম, দুধ, টক দই, ছানা বা মুরগির মাংসের মতো আমিষসমৃদ্ধ খাবার খেলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে।

যে কারণে দুপুরের আগে অস্বাস্থ্যকর নাস্তা যেমন- শিঙাড়া, সমুচা বা বিস্কুট খাওয়ার প্রবণতা কমে। এই অভ্যাস ওজন নিয়ন্ত্রণে বিশেষ কার্যকর।

পর্যাপ্ত পানি ও তরল গ্রহণ

দিনে ৮ থেকে ১০ গ্লাস পানি পান করতে হবে। পানিশূন্যতা অনেক সময় ক্ষুধার অনুভূতি তৈরি করে।

ডা. নয়ন বলেন, “লেবুর রস মিশিয়ে পানি পান করা যেতে পারে। চিনিহীন স্যুপ, ডিটক্স ওয়াটার বা পানিসমৃদ্ধ ফল-সবজি (তরমুজ, শসা, টমেটো, ঝিঙা) বেশি খান।”

নিয়মিত খাওয়া ও ঘুমের অভ্যাস

“সময়মতো খাবার খান এবং রাতের খাবার যত তাড়াতাড়ি সম্ভব সেরে নিন। নির্দিষ্ট সময়ে ঘুমাতে যান। রাত জাগা ও ডিজিটাল স্ক্রিনের আলো ঘুমের গুণগত মান নষ্ট করে, যা ওজন বৃদ্ধিতে ভূমিকা রাখে”- বলেন এই চিকিৎসক।

যকৃতের চর্বি কমাতে ওজন পাঁচ থেকে ১০ শতাংশ কমানোই যথেষ্ট উপকারী। এজন্য চরম ডায়েটের দরকার নেই।

উপরোক্ত সহজ অভ্যাসগুলো ধীরে ধীরে গড়ে তুললে যকৃত সুস্থ থাকার পাশাপাশি সামগ্রিক স্বাস্থ্যও উন্নত হবে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যক্তিগত পরিকল্পনা তৈরি করা যেতে পারে।

আরও পড়ুন

যকৃতে অতিরিক্ত চর্বি থাকার লক্ষণ

যকৃত ক্ষতি হওয়ার ঝুঁকি বাড়ায় যে খাদ্যাভ্যাস

যেসব লক্ষণ ফুটে উঠলে যকৃত পরীক্ষা করানো জরুরি