২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুর মূত্রনালির সংক্রমণের লক্ষণ যেমন হয়

ঘন ঘন প্রস্রাব, জ্বালাপোড়া বা তলপেটে ব্যথা— এগুলো প্রস্রাবের রাস্তায় সমস্যার ইঙ্গিত।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2026, 05:13 PM

Updated : 26 Aug 2026, 02:50 PM

শিশুর প্রস্রাবে ‘ইনফেকশন’ বা মূত্রনালির সংক্রমণ (ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই) শৈশবে ও শৈশবোত্তর বয়সে হতে পারে।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আবাসিক চিকিৎসক ডা. আফসানা হক নয়ন এই বিষয়ে বলেন, “এই সংক্রমণের প্রধান কারণ মূত্রনালিতে ব্যাক্টেরিয়ার প্রবেশ। এছাড়া জন্মগত মূত্রনালির সংকীর্ণতা, পাথর বা অন্য কোনো গঠনগত সমস্যাও এর জন্য দায়ী হতে পারে।”

সংক্রমণের লক্ষণগুলো সাধারণত স্পষ্ট। শিশু ঘন ঘন প্রস্রাব করতে যায় অথবা প্রস্রাবের চাপ অনুভব করে।

প্রস্রাব করার সময় প্রস্রাবের রাস্তায় বা তলপেটে ব্যথা, জ্বালাপোড়া বোধ হয়। প্রস্রাব মাঝেমধ্যে লাল বা গাঢ় হয়ে যেতে পারে।

বমিবমি ভাব, বমি, জ্বর, অস্বস্তি, কাঁপুনি বা অবসাদগ্রস্ত অবস্থা দেখা দিতে পারে।

ছোট শিশুরা এসব অস্বস্তির কথা স্পষ্টভাবে বলতে না পারলেও কান্নাকাটি, অস্থিরতা বা খাওয়ার প্রতি অনীহা দেখা যায়।

“প্রস্রাবে জ্বালাপোড়া বা তলপেটে ব্যথা হলে ভয়ের কিছু নেই”- মন্তব্য করেন ডা. নয়ন।

রক্ত ও মূত্র পরীক্ষার মাধ্যমে সহজেই সংক্রমণ সনাক্ত করা যায়। ব্যাক্টেরিয়াজনিত সংক্রমণ হলে অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করা হয়।

জ্বালাপোড়া কমাতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ‘ইউরিন অ্যালকালাইজার’ (পটাসিয়াম সাইট্রেট এবং সাইট্রিক অ্যাসিডযুক্ত) ব্যবহার করা যায়। এটি প্রস্রাবকে ক্ষারীয় করে অস্বস্তি কমায়।

প্রতিরোধে কয়েকটি সহজ ব্যবস্থা অত্যন্ত কার্যকর

ডা. নয়ন আরও বলেন, “শিশু যদি প্রস্রাবে জ্বালাপোড়া বা অস্বস্তির কথা জানায়, তা এড়িয়ে যাবেন না। বেশি পানি পান করান, মধু ও লেবুর রস দিন এবং অন্তর্বাস-পোশাক পরিচ্ছন্ন রাখুন। লক্ষণ না কমলে বা প্রস্রাবে রক্ত গেলে, তলপেটে তীব্র ব্যথা হলে বা জ্বর আসলে- দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন।”

জন্মগত মূত্রনালির সমস্যা থাকলে নিয়মিত চিকিৎসকের পর্যবেক্ষণে রাখুন। সংক্রমণ কিডনি অর্থাৎ বৃক্কে ছড়িয়ে পড়লে বা ‘সেপসিস’য়ের আশঙ্কা দেখা দিলে হাসপাতালে ভর্তি করা জরুরি।

সঠিক সময়ে চিকিৎসা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করলে শিশুর প্রস্রাবে সংক্রমণ সহজেই নিয়ন্ত্রণ করা যায়।

আরও পড়ুন

প্রস্রাব চেপে রাখার স্বাস্থ্য ঝুঁকি

রাতে প্রস্রাবের বেগ পাওয়ার কারণ

দিনে যতবার প্রস্রাব হওয়া স্বাভাবিক

যেসব খাবার মূত্রত্যাগের মাত্রা বাড়ায়