২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যাওয়ার আগে যা জানা জরুরি

ভিড়, যানজট ও দীর্ঘ হাঁটার ভোগান্তি এড়াতে প্রস্তুতি অপরিহার্য।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2026, 05:14 PM

Updated : 26 Aug 2026, 02:47 PM

রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দেশীয় ও আন্তর্জাতিক মিলিয়ে ৩২৪টি প্যাভিলিয়ন ও স্টল সাজানো হয়েছে।

নতুন পণ্যের সন্ধান, কেনাকাটার আনন্দ এবং উৎসবের আমেজ— এসবই দর্শনার্থীদের আকর্ষণ করে।

প্রবেশমূল্য ৫০ টাকা, শিশুদের জন্য ২৫ টাকা। মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ব্যক্তি এবং জুলাই আন্দোলনে আহতদের পরিচয়পত্র দেখালে বিনা মূল্যে প্রবেশের সুবিধা রয়েছে, যা সামাজিক দায়বদ্ধতার একটি প্রশংসনীয় দিক।

তবে মেলার আকর্ষণের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা প্রায়শই ভিন্ন।

ছুটির দিনগুলোতে সকাল থেকেই দর্শনার্থীদের ঢল নামে। যানজটের কারণে অনেককে বাস থেকে নামতে হয় মেলার প্রবেশপথ থেকে ১৫ মিনিটের হাঁটার দূরত্বে।

টিকিট কাউন্টারে দীর্ঘ লাইন, প্রচণ্ড ভিড়ের মধ্যে ঠেলাঠেলি— এসব সামলাতে পরিবার নিয়ে আসা দর্শনার্থী, শিশু ও বয়স্কদের বেশ কষ্ট হয়।

আন্তর্জাতিক বাণিজ্য মেলার কাছাকাছি পিংক সিটি মডেল টাউনের বাসিন্দা রাবেয়া ইসলাম সায়মা অভিজ্ঞতা থেকে বলেন, “পূর্বাচলে নতুন শহর হওয়ার পরও পর্যাপ্ত গণপরিবহন ও পার্কিংয়ের অভাব এবং ট্রাফিক ব্যবস্থাপনার ঘাটতি এই ভোগান্তিকে আরও তীব্র করে।”

জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট’য়ের অধ্যাপক ডা. ফারজানা রহমান দিনা এ প্রসঙ্গে বলেন, “অতিরিক্ত ভিড় ও শারীরিক অস্বস্তি মানসিক চাপ সৃষ্টি করতে পারে। তাই মেলায় যাওয়ার আগে প্রস্তুতি গ্রহণ করা অত্যন্ত জরুরি।”

মেলায় যাওয়ার আগে যা জানা প্রয়োজন

সম্ভব হলে কর্মদিবসে যাওয়া— ভিড় ও যানজট তুলনামূলক কম থাকে।

সকালবেলায় প্রবেশ করুন। তখন টিকিট লাইন ও চাপ কম হয়।

অনলাইন টিকেট www.ditf2026.com/trade-fair-booking

হালকা ব্যাগ ও আরামদায়ক পোশাক পরুন— দীর্ঘ হাঁটা ও ভিড় সামলাতে সুবিধা হয়।

শিশু ও বয়স্কদের সঙ্গে থাকলে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন।

পছন্দের স্টল বা প্যাভিলিয়ন আগে থেকে চিহ্নিত করুন— অপ্রয়োজনীয় ঘোরাঘুরি কমবে।

বাণিজ্য মেলায় যাতায়াতকারীদের যাত্রা সহজ করতে অনলাইন ও অফলাইন দুইভাবেই বাসের টিকিট সংগ্রহ করার সুযোগ রাখা হয়েছে।

নির্দিষ্ট কাউন্টারের পাশাপাশি বিআরটিসি’র ওয়েবসাইট থেকেও অনলাইনে টিকিট সংগ্রহ করা যাবে।

বিরতি স্থান (স্টপেজ): বাণিজ্য মেলার উদ্দেশ্যে কুড়িল, ফার্মগেট (খেজুরবাগান/ খামারবাড়ী), চাষাড়া (নারায়ণগঞ্জ), নরসিংদী ও গাজীপুর (শিববাড়ি-ভোগড়া বাইপাস-মিরের বাজার এক্সপ্রেসওয়ে) থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে বিআরটিসি’র শাটল বাস চলাচল করবে।

মেলা প্রাঙ্গণ থেকে সর্বশেষ ট্রিপ ছেড়ে যায় রাত ১১টায়।

ভাড়া: কুড়িল থেকে মেলা প্রাঙ্গণ ৪০ টাকা, ফার্মগেট (খেজুরবাগান/ খামারবাড়ী) থেকে মেলা প্রাঙ্গণ ৭০ টাকা, সাইনবোর্ড থেকে মেলা প্রাঙ্গণ ১০০ টাকা, চাষাড়া (নারায়ণগঞ্জ) থেকে মেলা প্রাঙ্গণ ১২০ টাকা, নরসিংদী থেকে মেলা প্রাঙ্গণ ১০০ টাকা এবং গাজীপুর থেকে (শিববাড়ি-ভোগড়া বাইপাস-মিরের বাজার এক্সপ্রেসওয়ে হয়ে) মেলা প্রাঙ্গণ ৭৫ টাকা।

আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দেশীয় শিল্পের প্রচার, রপ্তানি সম্ভাবনা বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এটি কেনাকাটার সুযোগের পাশাপাশি শেখার ও দেশের শিল্পখাতকে কাছ থেকে জানার সুযোগও তৈরি করে।

আরও পড়ুন

পদ্মার বুকে ঘুরে আসাই যায় হাউজবোটে চড়ে

শুধু ঘুমের জন্য ভ্রমণ

দিয়াবাড়ির লেকের বুকে যত আনন্দ

শতবর্ষী রকেটে চড়ে ঘুরে আসতে পারেন নদীর বুকে