১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শুধু ঘুমের জন্য ভ্রমণ

২০২৫ সালে জনপ্রিয় ভ্রমণ ধারার মধ্যে আছে ‘স্লিপ ট্যুরিজম’।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2025, 05:27 PM

Updated : 26 Aug 2026, 05:22 PM

ভ্রমণ মানেই যেন দৌড়ঝাঁপ, দর্শনীয় স্থান দেখা আর ব্যস্ত সূচি। এই ধারণা ধীরে ধীরে বদলে যাচ্ছে।

বেশ কয়েক বছর ধরে মানুষের জীবনে আত্মযত্ন ও মানসিক স্বস্তির গুরুত্ব বেড়েছে। আর সেই সঙ্গে ঘুমের প্রয়োজনীয়তাও নতুনভাবে সামনে এসেছে।

চলতি বছরে, অর্থাৎ শেষ হতে যাওয়া ২০২৫ সালে এই ভ্রমণধারা সবচেয়ে বেশি আলোচনায় ছিল। নতুন বছরেও ঘুমকে কেন্দ্র করে পরিকল্পিত ভ্রমণধারা জনপ্রিয় হয়ে উঠতে পারে।

এই ধারায় মানুষ ছুটিতে যায় ভালোভাবে ঘুমানোর উদ্দেশ্যে। অভিযান বা বিলাস নয়, বরং গভীর ও আরামদায়ক ঘুমই এখানে মূল আকর্ষণ।

ছুটিতে ঘুম যে কারণে এখন অগ্রাধিকার

ব্যস্ত জীবনে বহু মানুষই সামাজিক ব্যস্ততা কমিয়ে ঘরকেন্দ্রিক জীবনযাপনে অভ্যস্ত হয়েছেন। ফলে আত্মযত্ন, মানসিক শান্তি ও পর্যাপ্ত ঘুমের দিকে নজর বেড়েছে।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের তথ্য তুলে ধরে রিয়েলসিম্পল ডটকম-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, দেশটির প্রায় এক তৃতীয়াংশ প্রাপ্তবয়স্ক মানুষ নিয়মিত পর্যাপ্ত ঘুম পান না।

একই সময়ে ‘গ্যালাপ’ নামের একটি আন্তর্জাতিক গবেষণা সংস্থার জরিপে দেখা যায়- অর্ধেকের বেশি মানুষ দীর্ঘমেয়াদি চাপ ও ঘুমের সমস্যায় ভুগছেন। চাপ ও ঘুমের এই সম্পর্ক চক্রাকারে কাজ করে— চাপ ঘুম নষ্ট করে, আবার ঘুমের অভাব চাপ বাড়ায়।

তাই ছুটি মানেই এখন অনেকের কাছে এই চক্র ভাঙার সুযোগ।

ঘুমভিত্তিক ভ্রমণের শুরু

প্রথম দিকে মানুষ ছুটিতে গিয়ে বিশ্রাম নিতে চাইলেও ঘুম ছিল দিনের শেষ অংশের বিষয়। তবে এই বছরে চিত্র বদলাতে দেখা গেছে।

আন্তর্জাতিক হোটেল গোষ্ঠীর এক জরিপে দেখা যায়, ভ্রমণে যাওয়ার প্রধান কারণ হিসেবে মানুষ এখন বিশ্রাম ও মানসিক পুনরুদ্ধারকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। এর প্রেক্ষিতে অনেক হোটেল তাদের সুযোগসুবিধা নতুনভাবে সাজিয়েছে।

ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে উন্নত ব্যবস্থা, আরামদায়ক বিছানা, শব্দ কমানোর প্রযুক্তি— এসবই এখন ঘুমের মান বাড়ানোর জন্য ব্যবহৃত হচ্ছে।

হোটেলগুলোতে অতিথিদের ব্যক্তিগত পছন্দ অনুযায়ী বালিশ বেছে নেওয়ার সুবিধা চালু হয়। কেউ নরম চান, কেউ শক্ত— এই ছোট বিষয়গুলো ঘুমের গুণগত মানে বড় প্রভাব ফেলে।

ধীরে ধীরে ঘুম আর কেবল রাতের বিষয় থাকেনি; বরং পুরো ভ্রমণের উদ্দেশ্যই হয়ে উঠেছে ‘ভালো ঘুম’।

ঘুমকে কেন্দ্র করে অভিজ্ঞতার বিস্তার

যখন ঘুমই ছুটির প্রধান লক্ষ্য, তখন স্বাভাবিকভাবেই ভ্রমণকেন্দ্রগুলো বিশেষ অভিজ্ঞতা যোগ করতে শুরু করে।

কোথাও অতিথিদের জন্য বিশেষ দোলনায় আরাম করে শুয়ে থাকার ব্যবস্থা করা হয়, কোথাও উষ্ণ পানিতে শরীর ভিজিয়ে তারপর বিশ্রামের আয়োজন থাকে।

আবার কিছু জায়গায় রাতের আচার হিসেবে ধ্যান, সুরভিত স্নান বা হালকা শরীরচর্চার ব্যবস্থা করা হয়, যাতে শরীর ও মন দুটোই ধীরে ধীরে ঘুমের জন্য প্রস্তুত হয়।

যেমন- ইন্দোনেশিয়ার বালি’তে অবস্থিত ‘কনরাড হোটেলে’ অতিথিদের ঘুমের জন্য হ্যামকের আকৃতির বিশ্রামের ব্যবস্থা করেছে।

এই প্রবণতা আসলে সুস্থতা-কেন্দ্রিক ভ্রমণের সঙ্গেই যুক্ত। যোগব্যায়াম, মননচর্চা বা নীরবতার অভিজ্ঞতা তখনই পূর্ণতা পায়, যখন ঘুমের পরিবেশ আরামদায়ক ও নিরবচ্ছিন্ন হয়।

নতুন বছরে আরও বেশি ভ্রমণকেন্দ্র ঘুমভিত্তিক কার্যক্রমের গুরুত্ব বাড়বে বিলেই অনেকে ধারণা করেন।

ঘরেই ঘুমকেন্দ্রিক ছুটি

সবার জন্য দূরদেশে গিয়ে এই ধরনের ভ্রমণ করা সম্ভব নাও হতে পারে। তবে এই ধারণা থেকে অনুপ্রাণিত হয়ে নিজের বাড়িতেই তৈরি করা যায় ঘুমকেন্দ্রিক ছোট ছুটি।

কয়েক দিনের জন্য কাজের চাপ কমিয়ে নিজের শোবার ঘরকে নতুনভাবে ভাবা যেতে পারে।

আরামদায়ক চাদর, আলো আটকানোর পর্দা, বাইরের শব্দ কমানোর ব্যবস্থা— এসব ছোট পরিবর্তন ঘুমের পরিবেশ আমূল বদলে দিতে পারে।

এই সময়টায় দৈনন্দিন রুটিন থেকে একটু বেরিয়ে আসাই মূল কথা। সন্ধ্যায় হালকা শরীরচর্চা বা ধীরগতির যোগব্যায়াম করা যেতে পারে, যাতে শরীর ধীরে ধীরে শান্ত হয়।

শোবার আগে গোসল বা মুখের যত্ন নেওয়ার মতো ছোট আয়োজন নিজেকে আলাদা অনুভূতি দিতে পারে।

ঘুমের আগে ধ্যান বা নিঃশব্দে বসে থাকার অভ্যাস মনকে স্থির করতে সাহায্য করে।

এসব কাজ একসঙ্গে না করলেও চলে; যেগুলো স্বস্তি দেয়, সেগুলোকেই গুরুত্ব দেওয়া জরুরি।

ঘুমভিত্তিক ছুটির মানসিক প্রভাব

এই ধরনের ছুটির সবচেয়ে বড় উপকারিতা হল মানসিক পুনরুদ্ধার। নিয়মিত পর্যাপ্ত ঘুম হলে মনোযোগ বাড়ে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উন্নত হয় এবং দৈনন্দিন চাপ সামলানো সহজ হয়।

ব্যস্ত নগরজীবনে, যেখানে শব্দ ও কাজের চাপ নিত্যদিনের সঙ্গী, সেখানে এমন সচেতন বিরতি মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।

আরও পড়ুন

বিমানের ভেতরে যে আচরণ করা যাবে না

শতবর্ষী রকেটে চড়ে ঘুরে আসতে পারেন নদীর বুকে

ফ্লাইট বাতিল হলে যেভাবে সামলাবেন