Published : 26 Jun 2026, 12:25 AM
চুয়াডাঙ্গার দুই উপজেলায় আলাদা ঘটনায় বজ্রপাতে এক কৃষক এবং বিদ্যুৎস্পৃষ্ট কিশোর নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে দামুড়হুদা উপজেলায় রুদ্রনগর মাঠে এবং আলমডাঙ্গায় বগাদী গ্রামে এ ঘটনায় ঘটে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানার পুলিশ।
বজ্রপাতে নিহত নাজমুল হোসেন (২৫) উপজেলার রুদ্রনগর গ্রামের জসীম উদ্দীনের ছেলে। বিদ্যুৎস্পৃষ্টে নিহত জুবায়ের হোসেন (১৬) আলমডাঙ্গার ভাঙবাড়ীয়া ইউনিয়নের বগাদী গ্রামের হাফিজুল ইসলামের ছেলে। তিনি চলতি বছর ভোগাইল-বগাদী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
দামুড়হুদা মডেল থানার ওসি মেজকাহ উদ্দিন বলেন, দুপুরে নাজমুল হোসেন বাড়ির পার্শ্ববর্তী মাঠে পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন তিনি।
অপরদিকে বেলা ১২টার দিকে উপজেলার বগাদী গ্রামে নিজ বাড়ির গ্রিলে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন জুবায়ের। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক তারে লিকেজ থেকে বাসার গ্রিল আগে থেকে বিদ্যুতায়িত হয়েছিল। অসাবধানতাবশত গ্রিলে হাত দিলে জুবায়ের বিদ্যুৎস্পৃষ্ট হন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আফরিনা ইসলাম বলেন, নিথর অবস্থায় ওই কিশোরকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত পাওয়া যায়।