ঢাকায় মুক্তিযুদ্ধের স্মারক: বিজয়ের মাসে ঘুরে আসুন
বিজয়ের মাস ডিসেম্বর। একাত্তরের রক্তে রাঙানো স্মৃতিগুলো যেন বেশি করে জেগে ওঠে এই মাসে।
ঢাকা শহরেই ছড়িয়ে আছে মুক্তিযুদ্ধের অমর সাক্ষী— জাতীয় স্মৃতিসৌধ থেকে অপরাজেয় বাংলা।
এই স্থাপত্য আর ভাস্কর্যগুলো শুধু পাথর-কংক্রিট নয়, আমাদের গর্বের প্রতীক। ছুটির দিনে পরিবার নিয়ে বা বন্ধুদের সঙ্গে ঘুরে আসতে পারেন।
চলুন জেনে নিই কোনগুলো কোথায় আর কীভাবে যাবেন।
জাতীয় স্মৃতিসৌধ, সাভার
ঢাকা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে ঢাকা আরিচা মহাসড়কের পাশে সাভার নবীনগরে জাতীয় স্মৃতিসৌধ। স্বাধীনতা সংগ্রামে প্রাণ-উৎসর্গকারী শহীদদের স্মরণে ১৯৮২ সালে এর নির্মাণ কাজ শেষ হয়। এই সৌধের স্থপতি সৈয়দ মঈনুল হোসেন।
জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা ১৫০ ফুট।
সাতজোড়া ত্রিভুজাকার দেয়ালের মাধ্যমে ছোট থেকে ধাপে ধাপে উঠে গেছে সৌধটি। কংক্রিটের এই সাত জোড়া দেয়ালের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সাতটি সময়কালকে নির্দেশ করা হয়েছে।
মোট ১০৮ একর উঁচু-নিচু টিলা আকৃতির জায়গার ওপর বিস্তৃত সবুজ ঘাসের গালিচায় আবৃত দেশি বিদেশি গাছের বাগান আর লাল ইটের রাস্তা সমৃদ্ধ এই সৌধ ভ্রমণকারীদের আকর্ষণ করে।
স্মৃতিসৌধ চত্বরের পাশেই রয়েছে মুক্তিযুদ্ধে শহীদদের দশটি গণকবর। আর এর চারপাশ ঘিরে রয়েছে কৃত্রিম লেক।
প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে জাতীয় স্মৃতিসৌধ।
যেভাবে যাবেন: গাবতলী থেকে নবীনগর চৌরাস্তা বাসে যাওয়া যায়। সেখান থেকে অটো বা রিকশায় পাঁচ মিনিট। নিজের গাড়ি নিয়ে গেলে ঢাকা-আরিচা হাইওয়ে ধরে সোজা গেলেই দেখা মিলবে।
প্রবেশ ফি বাংলাদেশিদের জন্য ২০ টাকা। সকাল ৮টা থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা।
শিখা চিরন্তন, সোহরাওয়ার্দী উদ্যান
যেখানে বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণ দিয়েছিলেন, যেখানে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করেছে— সেই ঐতিহাসিক মাঠে জ্বলছে শিখা চিরন্তন।
কীভাবে যাবেন: শাহবাগ বা দোয়েল চত্বর থেকে রিকশায় পাঁচ থেকে সাত মিনিট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে হেঁটেও যাওয়া যায়। উদ্যানে ঢুকতেই চোখে পড়বে। সারাদিন খোলা, প্রবেশ ফি নেই।
রায়ের বাজার বধ্যভূমি, মোহাম্মদপুর
ঢাকা শহরের পশ্চিমে মোহাম্মদপুর বেড়িবাঁধের পাশেই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর দেশের প্রখ্যাত সন্তানদের নির্মমভাবে হত্যা করে এই স্থানের পরিত্যক্ত ইটের ভাটার পেছনের জলাশয়ে ফেলে রাখে পাকিস্তানি দোসররা।
এই নিষ্ঠুর হত্যাকাণ্ড স্মরণীয় করে রাখার জন্য ইটের ভাটার আদলে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয় জায়গাটিতে।
স্মৃতিসৌধে লাল ইট ও সিমেন্টের গাঁথুনির প্রাধান্যই বেশি। দূর থেকে দেখলে মনে হয় খোলা আকাশের নিচে সৌধের একমাত্র দেয়ালটি নির্ভীক প্রহরীর মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এর স্থপতি ফরিদ উদ্দীন আহমেদ।
কীভাবে যাবেন: মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে রিকশায় ১০ থেকে ১৫ মিনিট। বেড়িবাঁধ ধরে সোজা। গাবতলী থেকে লেগুনাতেও যাওয়া যায়। সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকে। প্রবেশ ফি নেই।
অপরাজেয় বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়
স্বাধীনতা সংগ্রামের অন্যতম সুতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনের ভাস্কর্যটির নাম ‘অপরাজেয় বাংলা’।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্মরণে নিবেদিত একটি ভাস্কর্য। এর বিষয়বস্তু তিনজন দণ্ডায়মান মুক্তিযোদ্ধা। তিন মুক্তিযোদ্ধা— হাতে অস্ত্র, চোখে আগুন। স্বাধীনতা সংগ্রামের প্রাণের প্রতীক।
এটি নির্মাণ করেন মুক্তিযোদ্ধা ভাস্কর সৈয়দ আব্দুল্লাহ খালিদ। অপরাজেয় বাংলা নামকরণটি করেন মুক্তিযাদ্ধা ও সাংবাদিক সালেহ চৌধুরী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনের বেদিতে দাঁড়ানো তিন মুক্তিযোদ্ধার প্রতিচ্ছবি যেন অন্যায় ও বৈষম্য দূর করে দেশে সাম্য প্রতিষ্ঠার গান গাইছে।
কীভাবে যাবেন: শাহবাগ বা দোয়েল চত্বর থেকে রিকশায় ৫ মিনিট। টিএসসি দিয়ে ঢুকলেই দেখা যায়। হেঁটে ঘুরে দেখার মজাই আলাদা। সারাদিন খোলা।
স্বোপার্জিত স্বাধীনতা, ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের সড়কদ্বীপে ভাস্কর্যটি। ভাস্কর্যের এক পাশে একজন কৃষক রয়েছেন, মাঝখানে অস্ত্রধারী নারী ও পুরুষ যোদ্ধা। অন্যপাশে আরও দুই মুক্তিযোদ্ধা। বিজয়ী বেশে তারা ছুটে চলেছেন।
ভাস্কর্যের বেদির চারপাশে চার ফুট উঁচু দেয়ালচিত্র রয়েছে। দেয়ালচিত্রে স্থান পেয়েছে এ দেশের মুক্তিযুদ্ধের নানান দিক।
যুদ্ধ চলাকালে বুদ্ধিজীবী নিধন, নারী নির্যাতনের মতো বর্বর দিক ছাড়াও রয়েছে মুক্তিযোদ্ধাদের বিজয়ের ছবি, রয়েছে পাকিস্তানি সৈন্যদের আত্মসমর্পণের ছবি।
নারী-পুরুষ যোদ্ধা— সবাই ছুটছে বিজয়ের দিকে। চারপাশে দেয়ালচিত্রে মুক্তিযুদ্ধের নানান দৃশ্য।
‘স্বোপার্জিত স্বাধীনতা’ ভাস্কর্যটি নির্মাণ করেছেন ভাস্কর শামীম শিকদার। তাকে সহযোগিতা করেছেন হিমাংশু রায় ও আনোয়ার চৌধুরী।
১৯৮৮ সালের ২৫ মার্চ জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক ভাস্কর্যটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
কীভাবে যাবেন: টিএসসি সড়কদ্বীপ। দোয়েল চত্বর থেকে রিকশায় পাঁচ মিনিট। ক্যাম্পাসের ভেতরে, সারাদিন খোলা।
৭১-এর গণহত্যা ও মুক্তিযুদ্ধের প্রস্তুতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে গণহত্যার নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে দেশের একমাত্র গুচ্ছ ভাস্কর্য ‘৭১ এর গণহত্যা ও মুক্তিযুদ্ধের প্রস্তুতি’।
বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে একটু ভেতরে ঢুকলেই দেখা যায়, মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা ভাস্কর্যটি। এটি তৈরি করেছেন খ্যাতনামা শিল্পী ভাস্কর রাসা।
মুক্তিযুদ্ধের সময় সাধারণ মানুষকে ধরে এনে তৎকালীন জগন্নাথ কলেজের (বর্তমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়) ভেতরে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে হত্যা করা হত। এরপর মৃতদেহের স্তূপ সাজিয়ে গণকবর দেওয়া হত।
গুচ্ছ ভাস্কর্যটি দুটি অংশে বিভক্ত। ভাস্কর্যের পূর্ব অংশে রয়েছে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে মহান মুক্তিযুদ্ধের প্রস্তুতি।
পশ্চিম অংশে রয়েছে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম গণহত্যার চিত্র।
পরে সেই নির্মম হত্যাযজ্ঞের স্মারক হিসেবে গণকবরের ওপরে এ ভাস্কর্য নির্মাণ করা হয়। ১৯৮৮ সালে ভাস্কর্যটির নির্মাণ শুরু হয়; শেষ হয় ১৯৯১ সালে।
কীভাবে যাবেন: গুলিস্তান থেকে রিকশায় ১০ মিনিট। বাহাদুর শাহ পার্কের কাছে জবি ক্যাম্পাস। প্রধান গেট দিয়ে ঢুকলেই দেখা যায়।
সংশপ্তক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস, ঐতিহ্য ও চেতনাকে স্মরণ রাখতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণ করা হয় ভাস্কর্য ‘সংশপ্তক’। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ১৯৯০ সালের ২৬ মার্চ এই ভাস্কর্য স্থাপন করা হয়।
ভাস্কর্যটির নির্মাতা শিল্পী হামিদুজ্জামান খান। তিনি ভাস্কর্যটিতে মুক্তিযুদ্ধের চেতনাকে ব্রোঞ্জের শরীরে প্রতীকী ব্যঞ্জনায় প্রকাশ করার চেষ্টা করেছেন। সংশপ্তক-এর মাধ্যমে বোঝানো হয়েছে- এক পা আর এক হাত হারানোর পরও রাইফেল হাতে লড়ে যাচ্ছেন যোদ্ধা।
সংশপ্তক’ হল ধ্রুপদি যোদ্ধাদের নাম। মরণপণ যুদ্ধে যারা অপরাজিত। বর্তমান প্রজন্মের কাছে এই ভাস্কর্য যে কোনো আন্দোলন-সংগ্রামের প্রেরণা হিসেবে কাজ করে।
কীভাবে যাবেন: গাবতলী বা সাভার থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে কোনো বাসে যা্ওয়া যায়। ক্যাম্পাসে ঢুকে লাইব্রেরির সামনে। সারাদিন খোলা।
বিজয়ের মাসে এই স্মারকগুলো ঘুরে এলে মনে হবে— এই স্বাধীনতা আমরা পেয়েছি কত বড় ত্যাগের বিনিময়ে। নতুন প্রজন্মকে নিয়ে যান, ইতিহাসের পাতা থেকে সরাসরি শেখান।
আরও পড়ুন
