রেসিপি: শাহী গাজরের হালুয়া
স্বাদ ও স্বাস্থ্যের মিশেলে মজাদার গাজরের হালুয়া তৈরি করুন সহজে।
সবজি দিয়ে তৈরি করা যত মিষ্টান্ন আছে এর মধ্যে গাজরের হালুয়া অনন্য।
আর এই হালুয়া সহজে তৈরি করতে চাইলে অনুসরণ করতে পারেন ফেইসবুক-ভিত্তিক রান্নার প্রতিষ্ঠান পালা পার্বণ’য়ের স্বত্বাধিকারী ও রন্ধনশিল্পী শিউলী আক্তারের রেসিপি।
উপকরণ
গাজর ১ কেজি। ঘি ৩ টেবিল-চামচ। এলাচ ৩টি। গুঁড়া দুধ আধা কাপ। তরল দুধ ১ কাপ। চিনি ১ কাপ। কিশমিশ ১ টেবিল-চামচ। পছন্দ মতো বাদাম।
পদ্ধতি
প্রথমে গাজর ছিলে মিহি করে গ্রেট বা কুচি করে নিতে হবে।
এখন চুলায় একটি পাতিল বসিয়ে এতে ২ টেবিল-চামচ ঘি দিয়ে এলাচগুলো হালকা ভেজে গাজর কুচি দিয়ে দিন।
নাড়তে নাড়তে গাজরের পানি শুকিয়ে এলে, এরমধ্যে তরল দুধ দিয়ে দিন।
পাঁচ থেকে সাত মিনিট জ্বালানোর পর গাজর-কুচি সিদ্ধ হয়ে এলে এর মধ্যে চিনি দিতে হবে। অবশ্যই গাজর সিদ্ধ হওয়ার পর চিনি দিতে হবে। আগে দিলে অনেক সময় গাজর সিদ্ধ নাও হতে পারে।
মাঝারি আঁচে পানিটা শুকিয়ে নিয়ে এতে দিয়ে দিতে হবে গুঁড়া দুধ। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে পছন্দমতো বাদাম, কিশমিশ দিন।
এখন ১ টেবিল-চামচ ঘি দিয়ে একটু নেড়ে হালুয়াটা চুলা থেকে নামিয়ে নিন।
পরিবেশন পাত্রে নিয়ে হালুয়ার ওপর কিছু বাদাম ও কিশমিশ দিয়ে পরিবেশন করতে পারেন।
