২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাইভ: তাসকিন-সাইফের দারুণ বোলিংয়ের পর তানজিদের পঞ্চাশে বাংলাদেশের অনায়াস জয়

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৮ উইকেটে জিতেছে বাংলাদেশ।

শাহাদাৎ আহমেদ সাহাদ শাহাদাৎ আহমেদ সাহাদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2024, 05:11 PM

Updated : 10 Sep 2026, 12:04 PM

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে: ২০ ওভারে ১২৪

বাংলাদেশ: ১৫.২ ওভারে ১২৬/২

অনায়াস জয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ

রান তাড়ায় শুরুটা আশানুরূপ না হলেও অভিষিক্ত তানজিদ হাসানের ফিফটি ও তাওহিদ হৃদয়ের ক্যামিও ইনিংসে সহজ জয়েই সিরিজ শুরু করল বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ৮ উইকেটে জিতল তারা। 

১২৫ রানের লক্ষ্য ২৮ বল হাতে রেখেই ছুঁয়ে ফেলে স্বাগতিকরা। রান তাড়ায় এর চেয়ে দ্রুত আর স্রেফ দুটি ম্যাচ জেতার নজির আছে বাংলাদেশের। 

টি-টোয়েন্টি অভিষেকে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ফিফটি করেন তানজিদ। তিনবার জীবন পেয়ে শেষ পর্যন্ত ৪৭ বলে ৬৭ রানে অপরাজিত থাকেন তরুণ বাঁহাতি ওপেনার। 

অল্পের জন্য জুনায়েদ সিদ্দিকীকে ছাড়াতে পারেননি তিনি। ২০০৭ সালে পাকিস্তানের বিপক্ষে অভিষেক ম্যাচে ৭১ রান করেন সাবেক বাঁহাতি ওপেনার।

চার নম্বরে নেমে স্রেফ ১৮ বলে ৩৩ রান করেন হৃদয়। তৃতীয় উইকেটে তানজিদ ও হৃদয়ের স্রেফ ৩৬ বলে ৬৯ রানের জুটিতে ত্বরান্বিত হয় বাংলাদেশের জয়। 

ছোট লক্ষ্যেও অবশ্য হতাশ করেন লিটন কুমার দাস (৩ বলে ১) ও নাজমুল হোসেন শান্ত (২৪ বলে ২১)। 

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে: ২০ ওভারে ১২৪ (গাম্বি ১৭, আরভিন ০, বেনেট ১৬, উইলিয়ামস ০, রাজা ০, মাডান্ডে ৪৩, বার্ল ০, জঙ্গুয়ে ২, মাসাকাদজা ৩৪, মুজারাবানি ১, এনগারাভা ২; শরিফুল ৪-০-৩৭-০, মেহেদি ৪-১-১৬-২, তাসকিন ৪-০-১৪-৩, সাইফ উদ্দিন ৪-০-১৫-৩, রিশাদ ৪-০-৩৭-০)

বাংলাদেশ: ১৫.২ ওভারে ১২৬/২ (তানজিদ ৬৭*, লিটন ১, শান্ত ২১, হৃদয় ৩৩*; এনগারাভা ৪-০-২৪-০, মুজারাবানি ৪-০-৩১-১, রাজা ৪-০-৩১-০, বেনেট ১-০-১০-০, জঙ্গুয়ে ১.২-০-১৪-১, এনডলোভু ১-০-১৫-০)

ফল: বাংলাদেশ ৮ উইকেটে জয়ী

তানজিদ-হৃদয়ের জুটির পঞ্চাশ

নাজমুল হোসেন শান্তর বিদায়ের পর ঝড়ো ব্যাটিংয়ে দলকে এগিয়ে নিলেন তানজিদ হাসান ও তাওহিদ হৃদয়। স্রেফ ২৩ বলে তারা দুজন মিলে করলেন জুটির পঞ্চাশ রান। 

দুজনের ঝড়ো জুটিতে জয়ের দুয়ারে বাংলাদেশ। ১৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১২২ রান। অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট জুটির সংগ্রহ স্রেফ ৩৪ বলে ৬৫ রান। 

তানজিদ ৪৫ বলে ৬৩ ও হৃদয় ১৮ বলে ৩৩ রানে অপরাজিত।

মাসাকাদজার কনকাশন বদলি এনডলোভু

ব্যাটিংয়ের সময় শরিফুল ইসলামের বাউন্সারে মাথায় পেয়েছিলেন ওয়েলিংটন মাসাকাদজা। তার কনকাশন বদলি হিসেবে নেমেছেন আইনস্লি এনডলোভু।

ত্রয়োদশ ওভারে প্রথম আক্রমণে আনা হয় বাঁহাতি এই স্পিনারকে। দুই চারের সঙ্গে এক ছক্কায় ওভারে ১৫ রান নেয় বাংলাদেশ। 

১৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১০৪ রান। তাওহিদ হৃদয় ১১ বলে ২০ ও তানজিদ হাসান ৪০ বলে ৫৮ রানে অপরাজিত।

অভিষেকে ৩৬ বলে তানজিদের পঞ্চাশ

নড়বড়ে শুরুর পর নিজেতে গুছিয়ে নিয়ে অভিষেকে ফিফটি করলেন তানজিদ হাসান। ৬ চার ও ২ ছক্কায় ৩৬ বলে মাইলফলকে পৌঁছালেন তরুণ বাঁহাতি ওপেনার।

একপর্যায়ে ১২ বলে স্রেফ ৪ রান করেন তানজিদ। তখন চার বলের মধ্যে দুইবার ক্যাচ দিয়েও বেঁচে যান তিনি। এরপর আর ভুল করেননি। পরের ২৪ বলে করেন ৪৬ রান।

১১ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৭৯ রান। ৫৪ বলে প্রয়োজন আর ৪৬ রান।

বোলিংয়ে এসেই জুটি ভাঙলেন জঙ্গুয়ে

দশম ওভারে আক্রমণে এসে দ্বিতীয় বলেই সাফল্য পেলেন লুক জঙ্গুয়ে। স্টাম্পের ওপর করা সাদামাটা এক ডেলিভারি ছক্কায় ওড়াতে গিয়ে ডিপ মিড উইকেটে ধরা পড়লেন নাজমুল হোসেন শান্ত। 

ভাঙল ৪৮ বল স্থায়ী ৫২ রানের জুটি।

১ চারে ২৪ বলে ২১ রান করে ফিরলেন বাংলাদেশ অধিনায়ক। চার নম্বরে নামলেন তাওহিদ হৃদয়।

তানজিদ-শান্তর জুটিতে পঞ্চাশ

শুরুতেই লিটন দাসের বিদায়ের পর অনেকটা ওয়ানডে ঘরানার ব্যাটিং করছেন তানজিদ হাসান ও নাজমুল হোসেন শান্ত। লক্ষ্য তেমন বড় না হওয়ায় অবশ্য এতে চাপে পড়ছে না দল। এরই মধ্যে দুজনের জুটিতে পূর্ণ হয়েছে পঞ্চাশ রান, ৪৬ বলে।

৯ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৫৭ রান। বাকি ১১ ওভারে করতে হবে আর ৬৮ রান।

এবার ২৮ মিনিট পর শুরু খেলা

দ্বিতীয় দফার বৃষ্টিতে খেলা বন্ধ থাকল ২৮ মিনিট। দুইবারে ৬২ মিনিট খেলা বন্ধ থাকলেও এখন পর্যন্ত কাটা হয়নি কোনো ওভার। 

নতুন করে খেলা শুরুর পর ব্রায়ান বেনেটের বলে বাউন্ডারি মেরে দলের পঞ্চাশ পূর্ণ করলেন নাজমুল হোসেন শান্ত।

৮ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৫২ রান। শান্ত ২০ বলে ১৯ ও তানজিদ হাসান ২৫ বলে ২৯ রানে অপরাজিত।

ফের বন্ধ খেলা

আরও একবার বৃষ্টির হানা জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। অষ্টম ওভারে বন্ধ হয়ে গেল খেলা। 

৭.২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৪৪ রান। ৭৬ বলে আর ৮১ রান প্রয়োজন বাংলাদেশের। 

তানজিদ হাসান ২৪ বল ২৮ ও নাজমুল হোসেন শান্ত ১৭ বলে ১২ রানে অপরাজিত। 

প্রথম দফার বৃষ্টিতে এরই মধ্যে ৩৪ মিনিট নষ্ট হয়েছে। এবার ২৬ মিনিটের বেশি খেলা বন্ধ থাকলেই শুরু হবে ওভার কর্তন। সেক্ষেত্রে ডাকওয়ার্থ লুইস স্টার্ন পদ্ধতিতে ঠিক করা হবে নতুন লক্ষ্য।

পাওয়ার প্লেতে ১ উইকেটে ৩৫

এক ওভারে দুইবার বেঁচে যাওয়ার পর কিছুটা আগ্রাসী ব্যাটিং করলেন তানজিদ হাসান। পঞ্চম ওভারে সিকান্দার রাজার বলে মারলেন ইনিংসের প্রথম চার। পরে ব্লেসিং মুজারাবানির বলে এক চার ও দুই ছক্কায় উড়িয়ে জিম্বাবুয়ের পেসারের হতাশা বাড়ালেন তরুণ ওপেনার। 

পাওয়ার প্লে শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৩৫ রান। বাকি ১৪ ওভারে জয়ের জন্য প্রয়োজন আর ৯০ রান।

তানজিদ ২১ বলে ২৫ ও নাজমুল হোসেন শান্ত ১২ বলে ৬ রানে খেলছেন।

এক ওভারে দুই জীবন পেলেন তানজিদ

ব্লেসিং মুজারাবানি ও ক্লাইভ মাডান্ডের ভুল বোঝাবুঝিতে বেঁচে গেলেন তানজিদ হাসান। শর্ট অব লেংথ ডেলিভারি পুল করার চেষ্টায় আকাশে তুলে দেন অভিষিক্ত ওপেনার। ফলো থ্রূতে ক্যাচের জন্য ছোটেন মুজারাবানি। দৌড়ে আসেন মাডান্ডেও।

ব্যাটিং ক্রিজের কাছেই দুজনের মধ্যে সংঘর্ষ ঘটে এবং কেউই নিতে পারেননি ক্যাচ। ৩ রানে জীবন পান তানজিদ।

একই ওভারের শেষ বলে সোজা কাভারে থাকা ব্রায়ান বেনেটের হাতে মারেন তানজিদ। কিন্তু সহজতম সুযোগ নিতে পারেননি তানজিদ। এ দফায় ৪ রানে বেঁচে যান অভিষিক্ত ওপেনার।

৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১২ রান। তানজিদ ১২ বলে ৪ ও নাজমুল হোসেন শান্ত ৯ বলে ৫ রানে অপরাজিত

৩৪ মিনিট পর শুরু খেলা

হালকা বৃষ্টিতে ৩৪ মিনিট বন্ধ থাকার পর আবার শুরু হলো খেলা। এক ঘণ্টা অতিরিক্ত সময় হাতে থাকায় এ দফায় কোনো ওভার কাটা পড়েনি।

বৃষ্টিতে বন্ধ খেলা

হুট করেই বৃষ্টির দেখা চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। গুঁড়িগুঁড়ি ফোঁটা পড়তে দেখেই সতর্কতা হিসেবে তাই খেলা বন্ধ করে দিলেন আম্পায়াররা।

খেলা থামার আগে ৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১০ রান। তানজিদ হাসান ৮ বলে ৩ ও নাজমুল হোসেন শান্ত ৭ বলে ৪ রানে অপরাজিত। 

১৭ ওভারে করতে হবে আরও ১১৫ রান।

শুরুতেই ফিরলেন লিটন

ব্লেসিং মুজারাবানির ভেতরে ঢোকা ডেলিভারি যেন বুঝতেই পারলেন না লিটন কুমার দাস। ভুল লাইনে খেলে বোল্ড হলেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার। দ্বিতীয় ওভারেই উদ্বোধনী জুটির ভাঙনে শুরুতেই চাপে পড়ল বাংলাদেশ।

৩ বলে স্রেফ ১ রান করে ফিরলেন লিটন। সবশেষ চার ইনিংসে এ নিয়ে তৃতীয়বার দুই অঙ্ক ছুঁতে ব্যর্থ হলেন তিনি। 

ক্রিজে নতুন ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। ৫ বলে ২ রানে অপরাজিত অভিষিক্ত তানজিদ হাসান। 

২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৮ রান।

বিপর্যয় সামলে জিম্বাবুয়ের ১২৪ 

তাসকিন আহমেদ, সাইফ উদ্দিন, শেখ মেহেদি হাসানের অসাধারণ বোলিংয়ে জিম্বাবুয়েকে ১২৪ রানে থামাল বাংলাদেশ। আরও আগেই গুটিয়ে যেতে পারত সফরকারীরা। ক্লাইভ মাডান্ডে ও ওয়েলিংটন মাসাকাদজার রেকর্ড জুটিতে একশ পেরোয় তারা। 

এক পর্যায়ে ১৭ বলের মধ্যে ৬ উইকেট হারায় জিম্বাবুয়ে। ৪১ রানে ৭ উইকেেট হারিয়ে তখন একশর বেশ নিচেই গুটিয়ে যাওয়ার শঙ্কা। মাহমুদউল্লাহর হাতে জীবন পেয়ে মাসাকাদজার সঙ্গে অষ্টম উইকেটে ৭৫ রানের জুটিতে দলকে একশ পার করান মাডান্ডে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অষ্টম উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি এটি। 

বিপর্যয় সামলে ৩৯ বলে ৪৩ রানের ইনিংস খেলেন মাডান্ডে। ক্যারিয়ার সেরা ইনিংসে ৩৮ বলে ৩৪ রান করেন মাসাকাদজা। আর কেউ ২০ রানও করতে পারেননি। চার ব্যাটসম্যান আউট হন শূন্য রানে। 

প্রায় দেড় বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা সাইফ ৪ ওভারে স্রেফ ১৫ রানে নেন ৩ উইকেট। সমান শিকার ধরতে তাসকিনের খরচ ১৪ রান। এক মেইডেনসহ ১৬ রানে ২ উইকেট পান মেহেদি। 

খরুচে ছিলেন শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন। দুজনই নিজেদের কোটার ৪ ওভারে দেন ৩৭ রান করে। 

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে: ২০ ওভারে ১২৪ (গাম্বি ১৭, আরভিন ০, বেনেট ১৬, উইলিয়ামস ০, রাজা ০, মাডান্ডে ৪৩, বার্ল ০, জঙ্গুয়ে ২, মাসাকাদজা ৩৪, মুজারাবানি ১, এনগারাভা ২; শরিফুল ৪-০-৩৭-০, মেহেদি ৪-১-১৬-২, তাসকিন ৪-০-১৪-৩, সাইফ উদ্দিন ৪-০-১৫-৩, রিশাদ ৪-০-৩৭-০)

তাসকিনের ইয়র্কারে ভাঙল জুটি

দুর্দান্ত ইয়র্কারে ক্লাইভ মাডান্ডেকে বোল্ড করলেন তাসকিন আহমেদ। বিপর্যয়ের মুখে ৬ চারে ৩৯ বলে ৪৩ রান করে ফিরলেন মাডান্ডে।

তার বিদায়ে ভাঙল ওয়েলিংটন মাসাকাদজার সঙ্গে গড়া ৭৫ রানের অষ্টম উইকেট জুটি। 

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অষ্টম উইকেটে এর চেয়ে বড় জুটি আছে স্রেফ একটি। ২০১৫ সালে নেদারল্যান্ডের বিপক্ষে ৭৯ রানে ৭ উইকেট হারানোর পর ৮০ রান যোগ করেছিলেন  স্কটল্যান্ডের প্রেস্টন মমসেন ও সাফিয়ান শরীফ।

১৯ ওভারে জিম্বাবুয়ের সংগ্রহ ৮ উইকেটে ১১৮ রান। ৩৪ বলে ৩১ রানে অপরাজিত মাসাকাদজা। নতুন ব্যাটসম্যান ব্লেসিং মুজারাবানি।

মাডান্ডে-মাসাকাদজার জুটির পঞ্চাশ

দ্রুত ৭ উইকেট হারানোর পর দায়িত্ব নিয়েছেন ক্লাইভ মাডান্ডে ও ওয়েলিংটন মাসাকাদজা। বিপর্যয় সামাল দিয়ে এরই মধ্যে পঞ্চাশ রানের জুটি গড়েছেন দুই ব্যাটসম্যান। এজন্য তারা খেলেছেন ৫৭ বল। 

টি-টোয়েন্টি ক্রিকেটে অষ্টম উইকেটে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় পঞ্চাশ ছোঁয়া জুটি এটি।  ২০১৯ সালে জিম্বাবুয়েরই কাইল জার্ভিস ও রিচমন্ড মুতুম্বামি গড়েন ৫৮ রানের জুটি। মাডান্ডে ও মাসাকাদজার সামনে সুযোগ সেই রেকর্ড নিজেদের করার। 

১৭ ওভারে জিম্বাবুয়ের সংগ্রহ ৭ উইকেটে ৯৩ রান। মাডান্ডে ৩৪ বলে ৩৪ ও মাসাকাদজা ২৮ বলে ১৭ রানে খেলছেন।

রিভিউ নিয়ে বাঁচলেন মাডান্ডে

ষোড়শ ওভারে মোহাম্মদ সাইফ উদ্দিনের ইয়র্কার ধরনের ডেলিভারি অন সাইডে খেলার চেষ্টায় ব্যাটে লাগাতে পারলেন না ক্লাইভ মাডান্ডে। বল সোজা বুটে আঘাত করতেই জোরাল আবেদনে আঙুল তুলে দিলেন আম্পায়ার। 

রিভিউ নিতে ভুল করেননি মাডান্ডে। রিপ্লেতে দেখা যায়, বল আঘাত করার সময় অফ স্টাম্প লাইনের অনেকটাই বাইরে ছিল তার বুট। তাই বদলে যায় মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত। ২৮ রানে বেঁচে যান মাডান্ডে। 

১৬ ওভারে জিম্বাবুয়ের সংগ্রহ ৭ উইকেটে ৮২ রান। মাডান্ডে ৩১ বলে ২৯ ও ওয়েলিংটন মাসাকাদজা ২৫ বলে ১১ রানে অপরাজিত।

অষ্টম উইকেটে দুজনের জুটির সংগ্রহ ৫০ বলে ৪১ রান। ইনিংসে এটিই সর্বোচ্চ রানের জুটি। 

বাংলাদেশের বিপক্ষে অষ্টম উইকেটে এর চেয়ে বড় জুটি আর একটি। ২০১৯ সালে জিম্বাবুয়ের কাইল জার্ভিস ও রিচমন্ড মুতুম্বামির ৫৮ রান।

মাসাকাদজার ক্যাচ ছাড়লেন মাহমুদউল্লাহ

১৭ বলের মধ্যে ৬ উইকেট হারানোর পর কিছুটা প্রতিরোধ গড়েছেন ক্লাইভ মাডান্ডে ও ওয়েলিংটন মাসাকাদজা। তাদের কাজ সহজ করে দিয়েছেন মাহমুদউল্লাহ। লং অফে তিনি ছেড়েছেন মাসাকাদজার ক্যাচ।

রিশাদ হোসেনের বলে ছক্কা মারার চেষ্টায় ঠিকঠাক খেলতে পারেননি মাসাকাদজা। লং অন সীমানা থেকে দৌড়ে অনেকটা পথ এসে বলের নাগাল পেলেও হাতে জমাতে পারেননি মাহমুদউল্লাহ। ৩ রানে বেঁচে যান মাসাকাদজা।

ওভারের শেষ বলে চার মেরে রিশাদের হতাশা বাড়ান ক্লাইভ মাডান্ডে।

১২ ওভারে জিম্বাবুয়ের সংগ্রহ ৭ উইকেটে ৬৪ রান। মাডান্ডে ১৯ বলে ১৫ ও মাসাকাদজা ১৩ বলে ৪ রানে অপরাজিত। দুজনের জুটির সংগ্রহ ২৬ বলে ২৩ রান। বলের হিসেবে এটিই ইনিংসের দীর্ঘতম জুটি।

তাওহিদের দারুণ ক্যাচে সাইফের দ্বিতীয় শিকার

আসা-যাওয়ার মিছিলে যোগ দিলেন লুক জঙ্গুয়ে। মোহাম্মদ সাইফ উদ্দিনের অফ স্টাম্পের অনেকটা বাইরের বল টেনে মিড অনের ওপর দিয়ে খেলার চেষ্টায় তাওহিদ হৃদয়ের হাতে ধরা পড়লেন তিনি। 

অনেকটা জায়গা পেছনে গিয়ে মাথার ওপর থেকে দারুণ ক্যাচ নেন হৃদয়। স্রেফ ২ রানে ফেরেন জঙ্গুয়ে। 

ক্রিজে নতুন ব্যাটসম্যান ওয়েলিংটন মাসাকাদজা। অন্য প্রান্তে একের পর এক ব্যাটসম্যানের বিদায় দেখছেন ক্লাইভ মাডান্ডে।

৮ ওভারে জিম্বাবুয়ের সংগ্রহ ৭ উইকেটে ৪২ রান।

টিকলেন না বার্লও

দ্রুত আউট হওয়ার প্রতিযোগিতায়ই যেন নেমেছেন জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। ২ রানের মধ্যে ড্রেসিং রুমে ফিরলেন পাঁচ জন। 

শন উইলিয়ামসের পরের বলেই আউট হলেন রায়ান বার্ল। তাসকিন আহমেদের অফ স্টাম্পের বাইরের বল দূর থেকে খেলতে গিয়ে পয়েন্টে রিশাদ হোসেনের হাতে ক্যাচ দেন তিনি। 

হ্যাটট্রিকের সম্ভাবনা জাগলেও তা করতে দেননি লুক জঙ্গুয়ে। 

৭ ওভারে জিম্বাবুয়ের সংগ্রহ ৬ উইকেটে ৩৯ রান। ৪ বলে ২ রানে অপরাজিত ক্লাইভ মাডান্ডে।

উইলিয়ামসকে ফেরালেন তাসকিন

দলের বিপদ আরও বাড়িয়ে খালি হাতে ফিরলেন শন উইলিয়ামস। তাসকিন আহমেদের ব্যাক অব লেংথ ডেলিভারি স্টাম্পে টেনে আনেন অভিজ্ঞ ব্যাটসম্যান। 

৬.১ ওভারে জিম্বাবুয়ের সংগ্রহ ৫ উইকেটে ৩৮ রান। ক্রিজে নতুন ব্যাটসম্যান রায়ান বার্ল। অন্য প্রান্তে ক্লাইভ মাডান্ডে।

রাজাকে খালি হাতে ফেরালেন মেহেদি

জিম্বাবুয়ের অধিনায়ককে টিকতে দিলেন না শেখ মেহেদি হাসান। প্রথম বলে সুইপ করতে গিয়ে স্লিপে ক্যাচ দিলেন সিকান্দার রাজা। 

আগেই ব্যাট চালিয়ে ফেলায় রাজার গ্লাভসে লেগে বল উঠে যায় ওপরে। প্রথম স্লিপে কোনো ভুল করেননি লিটন কুমার দাস। 

১ উইকেটে ৩৬ থেকে চোখের পলকে ৪ উইকেটে ৩৬ রানে পরিণত হলো জিম্বাবুয়ে। 

পাওয়ার প্লে শেষে সফরকারীদের সংগ্রহ ৪ উইকেটে ৩৮ রান। ক্রিজে দুই ব্যাটসম্যান শন উইলিয়ামস ও ক্লাইভ মাডান্ডে।

রান আউটে কাটা বেনেট

পরপর দুই বলে দুই উইকেট পেল বাংলাদেশ। রান আউট হলেন ব্রায়ান বেনেট। শুরুর তিন ব্যাটসম্যানকে হারিয়ে চাপে জিম্বাবুয়ে। 

শেখ মেহেদি হাসানের বল পয়েন্টের দিকে খেলে রানের জন্য ছোটেন বেনেট। কিন্তু সাড়া দেননি শন উইলিয়ামস। মাহমুদউল্লাহ দ্রুততার সঙ্গে বল ধরে পাঠান উইকেটরক্ষক জাকের আলির গ্লাভসে। এর আগে ক্রিজে ফিরতে পারেননি বেনেট। 

১৫ বলে ১৬ রান করে ফিরলেন বেনেট। ক্রিজে নতুন ব্যাটসম্যান সিকান্দার রাজা।

প্রথম ওভারেই সাইফের আঘাত

প্রায় দেড় বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে প্রথম ওভারেই সাফল্য পেলেন মোহাম্মদ সাইফ উদ্দিন। ওভারের শেষ বলে ড্রেসিং রুমের পথ ধরলেন জয়লর্ড গাম্বি।

লেগ স্টাম্পের বাইরের ডেলিভারি অন সাইডে খেলার চেষ্টায় সোজা ফাইন লেগে দাঁড়ানো তাসকিন আহমেদের হাতে ক্যাচ দেন অভিষিক্ত গাম্বি। ৪ চারে তিনি করেন ১৪ বলে ১৭ রান। 

৫ ওভারে জিম্বাবুয়ের সংগ্রহ ২ উইকেটে ৩৬ রান। ক্রিজে দুই ব্যাটসম্যান ব্রায়ান বেনেট ও শন উইলিয়ামস।

শুরুতেই মেহেদির আঘাত

নতুন বলে নিজের প্রথম ওভারেই উইকেট নিলেন শেখ মেহেদি হাসান। দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে বোল্ড হয়ে ড্রেসিং রুমে ফিরলেন ক্রেইগ আরভিন। 

মেহেদির অফ স্টাম্পে পিচ করে হালকা টার্নে বেরিয়ে যাওয়া ডেলিভারি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলার চেষ্টায় ব্যাটে লাগাতে পারেননি জিম্বাবুয়ের অভিজ্ঞ ওপেনার। খালি হাতেই তিনি ফেরেন। 

তিন নম্বর ব্যাটসম্যান হিসেবে ক্রিজে এসেছেন ব্রায়ান বেনেট। শরিফুল ইসলামের প্রথম ওভারে দুটি চার মেরেছেন অভিষিক্ত জয়লর্ড গাম্বি। 

১.৪ ওভারে জিম্বাবুয়ের সংগ্রহ ১ উইকেটে ৮ রান।

জিম্বাবুয়ে একাদশেও এক অভিষিক্ত

জিম্বাবুয়েও তাদের একাদশেও একজন অভিষিক্ত ক্রিকেটার নিয়েছে। দেশের হয়ে ১২টি ওয়ানডে খেলা উইকেটরক্ষক-ব্যাটসম্যান জয়লর্ড গাম্বি এবার প্রথম খেলবেন টি-টোয়েন্টি সংস্করণে।

জিম্বাবুয়ে একাদশ: সিকান্দার রাজা (অধিনায়ক), ক্রেইগ আরভিন, জয়লর্ড গাম্বি, ব্রায়ান বেনেট, শন উইলিয়ামস, ক্লাইভ মাডান্ডে (উইকেটরক্ষক), লুক জঙ্গুয়ে, ওয়েলিংটন মাসাকাদজা, রায়ান বার্ল, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা।

তানজিদের অভিষেক, একাদশে সাইফ

প্রথমবার স্কোয়াডে সুযোগ পেয়ে প্রথম ম্যাচেই অভিষেক হয়ে গেল তানজিদ হাসানের। টি-টোয়েন্টি সংস্করণে বাংলাদেশের ৯০তম ক্রিকেটার তরুণ এই বাঁহাতি ওপেনার।

এছাড়া দুই বিশেষজ্ঞ পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের সঙ্গে পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিনকে নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। প্রায় দেড় বছর পর জাতীয় দলের হয়ে নামছেন সাইফ।

স্পিন বিভাগে লেগ স্পিনার রিশাদ হোসেনের সঙ্গে আছেন শেখ মেহেদি হাসান।

শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ ম্যাচের একাদশ থেকে পরিবর্তন দুটি। স্কোয়াডেই না থাকা সৌম্য সরকার ও মুস্তাফিজুর রহমানের জায়গায় এসেছেন তানজিদ ও সাইফ।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, শেখ মেহেদি হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, জাকের আলি, মোহাম্মদ সাইফ উদ্দিন।

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম ম্যাচে কয়েনভাগ্য এলো নাজমুল হোসেন শান্তর পক্ষে। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন বাংলাদেশ অধিনায়ক।

চট্টগ্রামের উইকেটে বোলারদের জন্য শুরুর সহায়তা কাজে লাগানোর কথা বলেছেন শান্ত। জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা জানিয়েছেন টসের সিদ্ধান্ত নিয়ে তার তেমন আপত্তি নেই।

মুখোমুখি লড়াইয়ে এগিয়ে বাংলাদেশ

দুই দলের সার্বিক মুখোমুখি পরিসংখ্যানে পরিষ্কার এগিয়ে বাংলাদেশ। এখন পর্যন্ত ২০ বারের দেখায় বাংলাদেশ জিতেছে ১৩ ম্যাচে। জিম্বাবুয়ের জয় বাকি ৭টিতে।

স্বাভাবিকভাবেই দেশের মাঠে আরও শক্ত বাংলাদেশের রেকর্ড। ১১ ম্যাচের মধ্যে ৮টিতেই জিতেছে তারা। দুই দলের সবশেষ পাঁচ ম্যাচে বাংলাদেশের জয় ৩টি।

বিশ্বকাপে চোখ রেখে নামছে বাংলাদেশ

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর এক মাসও বাকি নেই। বিশ্ব আসরের প্রস্তুতির কথা মাথায় রেখেই জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে প্রথম ম্যাচ শুরু শুক্রবার সন্ধ্যা ৬টায়।

এরই মধ্যে বিশ্বকাপের দল গুছিয়ে ফেলেছে বাংলাদেশ। আইসিসির কাছে সেটি জমাও পড়েছে। তবে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি দল। আগামী ২৫ মে পর্যন্ত কোনো কারণ দেখানো ছাড়াই পরিবর্তন আনা যাবে এই স্কোয়াডে।

সেই সুযোগ নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ক্রিকেটারদের সবশেষ অবস্থা পরখ করতে চায় বাংলাদেশ।

চোটের কারণে প্রথম তিন ম্যাচের দলে নেই সৌম্য সরকার। এছাড়া ছুটি নেওয়ায় সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানও থাকছেন না চট্টগ্রাম পর্বে।

স্কোয়াডের ১৫ জনের সঙ্গে এই তিন জন, সব মিলে ১৮ জনের মধ্য থেকেই বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল সাজাবে বাংলাদেশ। তাই জিম্বাবুয়ে সিরিজের ফলের চেয়ে ক্রিকেটারদের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করাই হয়তো মূল লক্ষ্য হবে স্বাগতিকদের।