সহজ রেসিপিতে ছিট রুটি ও ভাজা মাংস
নাস্তায় বা অতিথি আপ্যায়নে ছিট রুটি আর ভাজা মাংসের জুটিতে জমে যাবে বেশ।
নরম তুলতুলে ছিটা রুটির সঙ্গে ঝাল ঝাল ভাজা বা ভুনা মাংসের স্বাদে উদরপূর্তি হতে পারে দিনে কিংবা রাতে।
আর সহজে এই পদ তৈরিতে অনুসরণ করা যায় রন্ধনশিল্পী মিতা খানমের রেসিপি।
উপকরণ
- চালের গুঁড়া ২ কাপ
- লবণ স্বাদ মতো
- সাধারণ পানি পরিমাণ মতো
- রান্না করা গরুর মাংস ১ বাটি
- পেঁয়াজ মোটা করে কুচি ২টি
- রসুন কুচি ১টি
- শুকনা মরিচ ৪,৫টি
- সরিষার তেল আধা কাপ
পদ্ধতি
চালের গুঁড়া, লবণ ও পানি দিয়ে একটি ঘন গোলা তৈরি করে এক ঘণ্টা রেখে দিতে হবে।
এবার চুলায় ফ্রাইপ্যান গরম করুন। তারপর হাতে ঘন গোলা থেকে অল্প অল্প করে নিয়ে, ফ্রাইপ্যানে ছিটিয়ে ছিটিয়ে রুটির মতো করে বানিয়ে ভাঁজ করে উঠিয়ে নিন।
রান্না করা মাংস কড়াইয়ে তেল, পেঁয়াজ, রসুন কুচি দিয়ে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিন।
এবার ছিটা রুটি ও ভাজা মাংস দিয়ে পরিবেশন করুন।
আরও রেসিপি
