Published : 14 Mar 2024, 03:33 PM
ঘাম, ধুলাবালি, দূষণ ইত্যাদির কারণে ত্বকের ওপর আলাদা ময়লার আস্তর পড়ে। যা পরিষ্কার করতে স্ক্রাবার ব্যবহার করা জরুরি।
আর প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি ফেইস স্ক্রাব ব্যবহারে ত্বকে আনবে বাড়তি কোমলভাব ও উজ্জ্বলতা।
বিস্তারিত জানানো হল টাইমসঅফইন্ডিয়া ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে।
নারিকেল তেল ও চিনির স্ক্রাব
সমপরিমাণ নারিকেল তেলের সাথে চিনি মিশিয়ে দারুণ উপকারী স্ক্রাব তৈরি করা যায়। এই তেলে থাকা আর্দ্রতা রক্ষাকারী উপাদান ত্বকে বাড়তি সুবিধা দেয়।
স্ক্রাবার বানিয়ে ভেজা মুখে চক্রাকারে মালিশ করতে হবে কিছুক্ষণ। রক্ষ ও শুষ্ক জায়গাগুলোতে বাড়তি নজর দিতে হবে।
এরপর কুসুম গরম পানিতে ধুলে অনুভব হবে কোমল, মসৃণ ত্বক।
আনারস ও পেঁপের স্ক্রাব
এই দুই খাবারে থাকা প্রাকৃতিক এনজাইম ত্বকের মৃত কোষ দূর করতে কাজ করে।
টাটকা আনারস ও পেঁপের শাঁস ভালো মতো মিশিয়ে মসৃণ মিসৃণ তৈরি করে নিন। তারপর আর্দ্রতা রক্ষাকারী ও ব্যাক্টেরিয়া-রোধী উপাদান হিসেবে মধু মিশিয়ে পরিষ্কার ভেজা মুখে মালিশ করতে হবে।
উপকার পেতে মালিশের পর পাঁচ থেকে ১০ মিনিট অপেক্ষা করে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।
শসা ও অ্যালো ভেরার স্ক্রাব
ঠাণ্ডা ও আরামের অনুভূতি দিতে পারে শসা।
অ্যালো ভেরা জেলের সাথে টাটকা শসার টুকরা ব্লেন্ড করে তৈরি করা যায় আর্দ্রতা রক্ষাকারী স্ক্রাব।
ভেজা মুখে এই স্ক্রাব মেখে আলতো ভাবে চক্রাকারে মালিশ করতে হবে মুখে। লালচেভাব ও প্রদাহ কমাতে সাহায্য করবে শসা। আর আলো ভেরা ত্বক করবে আর্দ্র ও কোমল।
মালিশের পর ঠাণ্ডা পানি দিয়ে ধুতে হবে।
ওটস ও দইয়ের স্ক্রাব
মৃত কোষ দূর করতে ওটস উপকারী। টক দইয়ের সাথে ওটসের গুঁড়া মিশিয়ে, মিশ্রণটি পরিষ্কার ভেজা মুখে আলতোভাবে চক্রাকারে মালিশ করতে হবে।
ওটস ত্বকে কোনো প্রদাহ তৈরি করে না বলে গ্রীষ্মে ত্বকের যত্নে উপকারী। আর টক দই দেয় উজ্জ্বলতা।
মালিশেল পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।
লেবু ও মধুর স্ক্রাব
প্রাকৃতিক ‘আলফা-হাইড্রোক্সি অ্যাসিডস (এএইচএএস) রয়েছে লেবুতে। এটা ত্বক এক্সফলিয়েট করতে সাহায্য করে, কোষের উন্নতি ঘটায়। আর মধু ত্বকে আনে উজ্জ্বলতা।
টাটকা লেবুর রসের সাথে মধু মিশিয়ে পরিষ্কার ভেজা মুখে আলতোভাবে মালিশ করতে হবে। নজর দিতে হবে ত্বকের যেসব জায়গা মলিন ও রুক্ষ সেদিকে।
কুসুম গরম পানি দিয়ে ধুয়ে সানস্ক্রিন মাখতে হবে। কারণ সূর্যালোকের প্রতি ত্বককে বেশি সংবেদনশীল করে দেয় লেবু।
এই স্ক্রাবার ব্যবহারের পর ত্বকে মিলবে কোমল মসৃণ অনুভূতি।
ছবি: পেক্সেল্স ডটকম।
আরও পড়ুন