২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গুতে এবছর মৃত্যু সতেরোশ ছুঁইছুঁই

এর আগে ২০২২ সালে ডেঙ্গু কেড়েছিল ২৮১ জনের প্রাণ; সেটিই ছিল গত বছর পর্যন্ত সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।

ডেঙ্গুতে এবছর মৃত্যু সতেরোশ ছুঁইছুঁই

ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে অতিরিক্ত রোগীর চাপ সামলাতে মেঝেতে বিছানা পেতে ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2023, 07:28 PM

Updated : 25 Dec 2023, 07:28 PM

দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত আরেকজনের মৃত্যু হয়েছে। তাতে করে চলতি বছর মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৯৮ জন।

বছর শেষ হতে আরও ছয়দিন বাকি থাকায় ডেঙ্গুতে প্রাণহানির সংখ্যা এবার ১৭০০ ছাড়িয়ে যেতে পারে। এর আগে কোনো বছরই এতো মৃত্যু দেখেনি বাংলাদেশ।

২০২২ সালে ডেঙ্গু কেড়েছিল ২৮১ জনের প্রাণ; সেটিই ছিল গত বছর পর্যন্ত সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সবশেষ মারা যাওয়া ব্যক্তি ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। আর সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকা মহানগরে ভর্তি হয়েছে ১৯ জন, বাইরে এ সংখ্যা ৭০।

সব মিলিয়ে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ২০ হাজার ৫৪৯ জনে। এর রোগীদের বেশির ভাগ ঢাকার বাইরের বিভিন্ন জেলার, ২ লাখ ১০ হাজার ৭১৩ জন। বাকি ১ লাখ ৯ হাজার ৮৩৬ জন ভর্তি হন ঢাকা মহানগরে।

এর আগে আক্রান্তও এতো বেশি দেখেনি বাংলাদেশ। ২০১৯ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রথমবার এক লাখ ছাড়ায়, সে বছর ভর্তি হয়েছিলেন ১ লাখ ১ হাজার ৩৫৪ জন।

সোমবার সকালে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন ১ হাজার ৩ জন। তাদের মধ্যে ৩৩০ জন ঢাকায় এবং ৬৭৩ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

মাসের হিসাবে, ডেঙ্গু আক্রান্ত হয়ে জানুয়ারিতে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে এক হাজার ৩৬ জন, জুনে ৫ হাজার ৯৫৬ জন, জুলাইয়ে ৪৩ হাজার ৮৭৬ জন, অগাস্টে ৭১ হাজার ৯৭৬ জন, সেপ্টেম্বরে ৭৯ হাজার ৫৯৮ জন এবং অক্টোবরে ৬৭ হাজার ৭৬৯ জন, নভেম্বর মাসে ৪০ হাজার ৭১৬ জন রোগী ভর্তি হয়েছে। ডিসেম্বরের প্রথম ২৫ দিনে ভর্তি রোগীর সংখ্যা ৮ হাজার ৬৫৮ জন।

মাসওয়ারি মৃত্যুর হিসাবে জানুয়ারিতে ছয়জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে দুই জন, মে মাসে দুইজন, জুনে ৩৪ জন, জুলাইয়ে ২০৪ জন, অগাস্টে ৩৪২ জন, সেপ্টেম্বরে ৩৯৬ জন, অক্টোবরে ৩৫৯ জন এবং নভেম্বরে ২৭৪ জনের মৃত্যু হয়। ডিসেম্বরের প্রথম ২৫ দিনে ৭৬ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।