২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

১ বিলিয়ন ডলারের গোলাপী মাইলফলকে বার্বি

ওয়ার্নার ব্রাদার্স বার্বি সিনেমার এ অর্জনের নাম দিয়েছে 'বার্বিলিয়ন'।

১ বিলিয়ন ডলারের গোলাপী মাইলফলকে বার্বি

‘বার্বি’ চরিত্রে অভিনেত্রী মার্গট রোবি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2023, 12:31 PM

Updated : 07 Aug 2023, 12:31 PM

মুক্তির মাত্র ১৭ দিনের মাথায় বিশ্বব্যাপী বক্স অফিসে ১ বিলিয়ন ডলার আয়ের মাইলফলক ছুঁয়েছে হলিউডি সিনেমা বার্বি। ওয়ার্নার ব্রাদার্স তাদের সিনেমার এ অর্জনকে 'বার্বিলিয়ন' নাম দিয়েছে।

বিবিসি জানিয়েছে, রোববার এক বিবৃতিতে প্রযোজক সংস্থা ওয়ার্নার ব্রাদার্স জানিয়েছে বিশ্বব্যাপী বক্স অফিসে ১.০৩ বিলিয়ান ডলার টিকেট বিক্রি করে সিনেমাটি সপ্তাহ শেষ করতে চলেছে।

গ্রেটা গেরউইগ প্রথম নারী নির্মাতা, যিনি একক পরিচালক হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন।

বার্বি সিনেমার এই অর্জনকে ওয়ার্নার ব্রাদার্স ‘যুগান্তকারী মুহূর্ত’ হিসেবে বর্ণনা করেছে।

যুক্তরাষ্ট্রে ডমেস্টিক ডিস্ট্রিবিউশনের সভাপতি জেফ গোল্ডস্টেইন বলেন, “গ্রেটা গেরউইগ ছাড়া আরও কারও পক্ষেই বিশ্বব্যাপী সমাদৃত আইকনিক চরিত্রটির (বার্বি) জীবনের আনন্দ, আবেগ ও বিনোদনের এই গল্প ফুটিয়ে তোলা সম্ভব হত না। গেরউইগ আক্ষরিক অর্থেই সারা বিশ্বকে গোলাপী রঙে রাঙিয়ে তুলেছেন।“

গোল্ডস্টেইন বলেন, মাঝে কোভিড মহামারীত এবং স্ট্রিমিং কোম্পানির দৌরাত্মে সিনেমা ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হয়েছে।

“এরপরও বার্বি দেখার জন্য প্রেক্ষাগৃহের বাইরে দর্শকদের লম্বা লাইন এবং একাধিকবার হলে গিয়ে সিনেমাটি দেখার ঘটনা প্রমাণ করে, সিনেমা শিল্প তার প্রাণ ফিরে পেয়েছে।“

জেফ গোল্ডস্টেইন মনে করেন, বার্বির গোলাপী দুনিয়া দর্শককে ব্যাপকভাবে আকৃষ্ট করেছে। অনেকে নারী গোলাপি পোশাক পরে হলে গেছেন।

যুক্তরাষ্ট্রে সিনেমা হলগুলোতে বার্বির ডল বক্স বসানো হয়েছিল, যেখানে দর্শকরা সেলফি তুলেছেন।

এছাড়া বার্বির ছবি ও নামাঙ্কিত পোশাক এবং এর আনুষঙ্গিক পণ্যও বাজারে এসেছে।

বার্বি মুক্তি পেয়েছে গত ২১ জুলাই। সিনেমার মূল দুই চরিত্রের মধ্যে ‘বার্বি’র ভূমিকায় মার্গট রবি ও ‘কেইন’ চরিত্রে রায়ান গসলিং অভিনয় করেছেন।

যুক্তরাষ্ট্রে বক্স অফিসে 'বার্বি' ৪৫৯ মিলিয়ন ডলার এবং আন্তর্জাতিকভাবে ৫৭২ মিলিয়ন ডলার আয় করেছে।

ওয়ার্নার ব্রাদার্স বলছে, এই অংকের আয় এই ইন্ডাস্ট্রিতে উল্লেখযোগ্য ঘটনা। মহামারীর পর থেকে মাত্র পাঁচটি সিনেমা বিলিয়ন ডলার আয় করতে পেরেছে।

সেগুলো হল-‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’, ‘টপ গান ম্যাভেরিক’, ‘জুরাসিক ওয়ার্ল্ড ডমিনিয়ন’ এবং অ্যাভাটারের সিক্যুয়েল।

‘বার্বি’র সঙ্গে একই দিনে মুক্তি পায় ক্রিস্টোফার নোলান পরিচালিত সিনেমা 'ওপেনহাইমার'।

চেইন ভ্যু সম্প্রতি জানিয়েছে, ‘বার্বি’ এবং ‘ওপেনহেইমার’ এই দুই সিনেমাই ব্যবসা সফল সিনেমা।

‘বার্বি’ চরিত্রের মার্গট রবি এই সিনেমার প্রযোজকদের একজন। তিনি বলেন, ”এই পরিমাণ টাকা আয়ের বিষয়ে প্রাথমিকভাবে একটা ধারণা আমার ছিল। তবে সিনেমার জনপ্রিয়তার পেছনে অন্যতম কারণ হল এর প্রচার।“

বিশ্বের বিভিন্ন শহরে বড় বড় বিলবোর্ডে বার্বির গোলাপি দুনিয়া তুলে ধরার পাশাপাশি সব মাধ্যমেই সিনেমার প্রচার চালানো হয়েছে বলে জানান রবি।

আরও পড়ুন

পুরানো খবর:

বার্বির গোলাপী দুনিয়া নিয়ে মার্গট রোবি পর্দায় আসছেন ২১ জুলাই

পুরানো খবর:

বার্বি'তে চমক বাংলাদেশি অভিনেতা, থাকবেন ঢাকার প্রিমিয়ারে

পুরানো খবর:

ভিয়েতনামে নিষিদ্ধ ‘বার্বি’

পুরানো খবর:

বার্বি’র ট্রেইলার মুক্তি পেল

পুরানো খবর:

আসছে ‘বার্বি’, জানা গেল যতখানি