আইএমএফের ঋণ: শর্ত পূরণে ব্যর্থতা ও কারণ জানাল বাংলাদেশ ব্যাংক
“দু-একটা জায়গায় ব্যর্থতা ছিল, তা জানানো হয়েছে,” বলেন মেজবাউল হক।
৪ দশমিক ৭০ বিলিয়ন ডলার ঋণের দ্বিতীয় কিস্তি ছাড়ের আগে বাংলাদেশকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের দেওয়া কিছু শর্ত পূরণ করতে না পারার কথা সংস্থাটির প্রতিনিধি দলকে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কী কী কারণে শর্ত পূরণ করা যায়নি, সেই ব্যাখ্যাও দেওয়া হয়েছে।
আইএমএফের রিভিউ মিশনের সঙ্গে বুধবার বৈঠকে এই বিষয়টি জানায় কেন্দ্রীয় ব্যাংক।
এতে স্বীকার করা হয়ে, বৈদেশির মুদ্রার রিজার্ভ একটি নির্দিষ্ট সীমার মধ্যে রাখা যায়নি। কর আদায়ের লক্ষ্য পূরণ না হওয়ার কথাও তুলে ধরা হয়।
ব্যাংক খাতে খেলাপি ঋণ কমিয়ে আনার শর্তের বিপরীত ঘটনা ঘটলেও এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে গণমাধ্যমকে কিছু জানানো হয়নি।
বাংলাদেশ ব্যাংকে হওয়া এই বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক সাংবাদিকদের এ কথা জানান। তবে আইএমএফ মিশনের কেউ এ নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেননি।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, ‘‘এটা আইএমএফ এর ঋণ চুক্তির প্রথম রিভিউ মিশন। ঋণ চুক্তির সঙ্গে যেসব রিফর্ম (সংস্কার) এগ্রিমেন্ট (চুক্তি) তাদের সঙ্গে ছিল, তার মধ্যে অনেকটাই অর্জন হয়েছে। দুএকটা জায়গায় ব্যর্থতা ছিল, তা জানানো হয়েছে।
“ঋণ চুক্তির শর্ত অনুযায়ী যেসব জায়গায় লক্ষ্য অর্জিত হয়নি তার কারণ ও আমাদের পক্ষ থেকে কী কী পদক্ষেপ নেয়া হয়েছিল তা জানানো হয়েছে।”
কী কী বিষয়ে শর্ত পূরণ হয়নি- এই প্রশ্নে তিনি বলেন, “রিজার্ভের স্থিতি কাঙ্ক্ষিত মাত্রায় রাখা যায়নি। আর কর আদায়ের বিষয়টা।”
চলতি হিসাবের ঘাটতি কমে আসছে জানালেও এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে পারেননি মেজবাউল হক। কারণ হিসেবে বলেন, “আর্থিক হিসাবের ঘাটতির কারণে তা সম্ভব হয়নি জানানো হয়েছে।”
কী কারণে শর্ত পূরণ করা যায়নি সে বিষয়ে আইএমএফ প্রতিনিধি দলকে জানালেও গণমাধ্যমকর্মীদের কাছে এ নিয়ে ব্যাখ্যা দেননিতিনি।
৪৭০ কোটি ডলারের ঋণ চুক্তি অনুমোদনের পর গত ফেব্রুয়ারি মাসের শুরুতে প্রথম কিস্তির ৪৭ কোটি ৬২ লাখ ডলার পায় বাংলাদেশ। দ্বিতীয় কিস্তি ছাড় হওয়ার কথা রয়েছে অক্টোবর শেষে।
ঋণ চুক্তির শর্ত অনুযায়ী প্রতি কিস্তির অর্থ ছাড়ের পূর্বে আগের কিস্তির অর্থের ব্যবহার ও শর্ত বাস্তবায়ন দেখে সিদ্ধান্ত নেবে আইএমএফ। আর এ বিষয়ে সিদ্ধান্ত নিতেই ঢাকায় এসেছে আইএমএফ রিভিউ মিশন।
দ্বিতীয় কিস্তি ছাড় করা হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তার কারণ কয়েকটি। আইএমএফের শর্তের মধ্যে ছিল সেপ্টেম্বরের মধ্যে ২৪ দশমিক ৪৬ বিলিয়ন ডলারের নিট রিজার্ভ সক্ষমতা অর্জন। কিন্তু গত ২৭ সেপ্টেম্বর রিজার্ভের স্থিতি দাঁড়িয়েছে ২১ বিলিয়ন ডলার।
ঋণের শর্ত হিসেবে আরও বেশ কিছু আর্থিক ও নীতি সংস্কারে মধ্যে দিয়ে যেতে হয় বাংলাদেশকে। এর মধ্যে ছিল বৈদেশিক মুদ্রার বিনিময় হার বাজারমূখী করা, ব্যাংক ঋণে সুদ হারের ৯ শতাংশের সীমা তুলে দেওয়া, ব্যাংক ঋণের ঝুঁকিভিত্তিক সম্পদের তথ্য প্রকাশ, রিজার্ভের হিসাব আইএমএফ স্বীকৃত পদ্ধতি বিপিএম৬ অনুযায়ী করে প্রকাশ, ব্যাংক খাতে খেলাপি ঋণ কমিয়ে আনা, পুঁজিবাজারের উন্নয়ন ইত্যাদি।
তবে খেলাপি ঋণের বিষয়ে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সবশেষ যে হিসাব প্রকাশ করা হয়েছে, তাতে তিন মাসেই ২৪ হাজার কোটি টাকার বেশি বেড়ে খেলাপি ঋণ ছাড়িয়ে গেছে দেড় লাখ কোটি টাকা।
শর্ত পূরণে বাংলাদেশ ব্যাংক অনেক কিছু করতে পেরেছে জানিয়ে মেজবাউল হক বলেন, “সর্বশেষ বাংলাদেশ ব্যাংক ঝুঁকিভিত্তিক সম্পদের তথ্য প্রকাশ করেছে।”
বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, সব কজন ডেপুটি গভর্নর, প্রধান অর্থনীতিবিদ এবং ঋণ চুক্তির শর্ত বাস্তবায়নে জড়িত বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিভিউ মিশন এরপর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), জাতীয় সঞ্চয়পত্র অধিদপ্তর, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), অর্থনৈতিক সম্পর্ক বিভাগসহ বিভিন্ন অংশীজনদের সঙ্গে বৈঠক করবে।
প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল ৪ অক্টোবর ২০২৩ তারিখে:ফেইসবুক লিংক
