২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারখানা সরাতে ২৮ ট্যানারিকে নোটিস

রাজধানীর হাজারীবাগ থেকে ট্যানারিগুলো ৭২ ঘণ্টার মধ্যে সাভারে সরিয়ে নিতে ২৮টি কারখানার মালিককে আইনি নোটিস পাঠিয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2016, 09:53 PM

Updated : 20 Aug 2022, 11:34 AM

সাভারে চামড়া শিল্প নগরীতে চলে যেতে ট্যানারিগুলোকে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর কঠোর হুঁশিয়ারির পর বুধবার চামড়া শিল্প নগরীর প্রকল্প পরিচালকের পক্ষে রেজিস্ট্রি ডাকযোগে নোটিসটি পাঠান তার আইনজীবী শহীদুল ইসলাম।

রাজধানীর পরিবেশ দূষণ কমাতে সাভারের হেমায়েতপুরে চামড়া শিল্প নগরী গড়ে সেখানে হাজারীবাগের ট্যানারিগুলো স্থানান্তরের পরিকল্পনা কয়েক বছর আগে হলেও তাতে অনেক কারখানা মালিকদের সাড়া মিলছিল না।

এরপর গত ১০ জানুয়ারি শিল্পমন্ত্রী কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়ে বলেন, ৭২ ঘণ্টার মধ্যে যে সব ট্যানারি স্থানান্তর হবে না, সেগুলো বন্ধ করে দেওয়া হবে। যারা যাবে না, সাভারে তাদের প্লট বরাদ্দও বাতিল হবে।

কারখানা সরাতে ট্যানারি মালিকদের নোটিস দিতে বিসিককে নির্দেশও দিয়েছিলেন মন্ত্রী। এর দুদিনের মধ্যে সেই নোটিস পাঠানো হল।

Image
দেশের কয়েকটি জেলায় অ্যানথ্রাক্স ছড়িয়ে পড়ায় প্রায় বন্ধ হয়ে গিয়েছিলো গরুর মাংস বিক্রি। বন্ধ হয়ে গিয়েছিলো রাজধানীর হাজারিবাগের অধিকাংশ চামড়া প্রক্রিয়াকরণ কারখানা। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় ট্যানারি শ্রমিকরাও আবার ব্যস্ত হয়ে পড়েছে কাজে। সোমবার তোলা ছবি। ছবি: রাশেদুজ্জামান/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ ঢাকা, অক্টোবর ১৮, ২০১০

দেশের কয়েকটি জেলায় অ্যানথ্রাক্স ছড়িয়ে পড়ায় প্রায় বন্ধ হয়ে গিয়েছিলো গরুর মাংস বিক্রি। বন্ধ হয়ে গিয়েছিলো রাজধানীর হাজারিবাগের অধিকাংশ চামড়া প্রক্রিয়াকরণ কারখানা। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় ট্যানারি শ্রমিকরাও আবার ব্যস্ত হয়ে পড়েছে কাজে। সোমবার তোলা ছবি। ছবি: রাশেদুজ্জামান/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ ঢাকা, অক্টোবর ১৮, ২০১০

আইনজীবী শহীদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্যক্তি ও প্রতিষ্ঠান মিলে ১৫৫টি শিল্প প্লট বরাদ্দ দেওয়া হয়েছে সাভারে।

“এর মধ্যে কেউ কেউ ওখানে স্থানান্তরের উদ্যোগ নিয়েছে। তবে ২৮টি কারখানা মালিকের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। এ কারণে প্রথম পর্যায়ে ওই ২৮টি কারখানার মালিককে আইনি নোটিস পাঠানো হয়েছে।”

ট্যানারিগুলো হচ্ছে-চাঁদপুর ট্যানারি, ক্যাপিটাল ট্যানারি, আলেয়া ট্যানারি, আজিজ ট্যানারি, ভুইয়া ট্যানারি, সোনালী ট্যানারি, লেদার ইন্ড্রাট্রিজ অব বাংলাদেশ লিমিটেড, রুবি লেদার কমপ্লেক্স প্রাইভেট লিমিটেড, ইউছুফ লেদার করপোরেশন, মেসার্স ইউসুফ ট্যানারি লিমিটেড, পাইওনিয়ার ট্যানারি লিমিটেড, কমলা ট্যানারি প্রাইভেট লিমিটেড,  মেসার্স জিন্দাবাদ ট্যানারি, মুক্তি ট্যানারি, শাহী ট্যানারি, নজরুল ট্যানারি, রশনী কমপ্লেক্স, হেলেনা এন্টারপ্রাইজ, হোসেন ব্রার্দাস, ইব্রাহীম লেদার, ইন্টারন্যশনাল ট্যানারি, কাদের লেদার কমপ্লেক্স,  এইচ এস ট্যানারি, গোল্ডেন লেদার ইন্ড্রাট্রিজ, ঢাকা ট্যানারি লিমিটেড, ডেলটা লেদার কমপ্লেক্স, সিটি লেদার ট্যানারি ও চৌধুরী লেদার এন্ড কোং।

পুরনো খবর:

হাজারীবাগ থেকে ট্যানারি সরাতে সময় ‘৭২ ঘণ্টা’
ট্যানারি না সরালে প্লটও যাবে: শিল্পমন্ত্রী