২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাত লাখ টন ধান-চাল কিনবে সরকার

৪৪ টাকা কেজিতে সিদ্ধ চাল, ৪৩ টাকা করে আতপ চাল এবং ৩০ টাকা কেজিতে আমন ধান কেনা হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2023, 03:24 PM

Updated : 08 Oct 2023, 03:24 PM

চলতি মৌসুমে সাত লাখ মেট্রিক টন আমন ধান ও চাল কিনবে সরকার। এরমধ্যে ৪ লাখ টন সিদ্ধ ও এক লাখ টন আতপ চাল এবং ২ লাখ টন আমন ধান কেনা হবে।

৪৪ টাকা কেজিতে সিদ্ধ চাল, ৪৩ টাকা করে আতপ চাল এবং ৩০ টাকা কেজিতে আমন ধান কেনা হবে বলে রোববার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে।

সভা শেষে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, আগামী নভেম্বর মাসে এসব ধান-চাল কেনা হবে।

“আমরা খুব ভালো অবস্থানে আছি, মজুদের অবস্থা ভালো আছে। সাড়ে ৪ লাখ টন গম পাইপলাইনে আছে। ব্যবসায়ীদের ওপর নজরদারি আছে। নতুন আইন অনুযায়ী আমরা মনিটরিং করছি।”

খাদ্যমন্ত্রী বলেন, গত বোরো মৌসুমে ৪ লাখ মেট্রিক টন ধান কেনার কথা থাকলেও দুই লাখ টন সংগ্রহ করা গেছে। আর সাড়ে ১২ লাখ টন বোরো চাল কেনার কথা ছিল। তার থেকে দুই লাখ টন বেশি চাল কেনা হয়েছে।