Published : 06 Jul 2026, 02:07 AM
আগের মাসের চেয়ে কিছুটা বেড়ে মে শেষে ৪ দশমিক ৯৮ শতাংশে উঠেছে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি।
এপ্রিলে এ খাতের ঋণে প্রবৃদ্ধি হয় ৪ দশমিক ৭৫ শতাংশ, যা ছিল ২২ মাসের মধ্যে সর্বনিম্ন।
গত ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের পর মার্চে এসে বেসরকারি ঋণ প্রবৃদ্ধি দাঁড়ায় ৪ দশমিক ৭২ শতাংশ, যা এখন পর্যন্ত সর্বনিম্ন।
রোববার সরকারি-বেসরকারি ঋণের বিষয়ে হালনাগাদ তথ্য দিয়ে বাংলাদেশ ব্যাংক বলেছে, গত মে শেষে বেসরকারি খাতে ঋণ স্থিতি দাঁড়িয়েছে ১৮ লাখ ২৫ হাজার ৪১৯ কোটি টাকা।
২০২৫ সালের মে মাসে ঋণ স্থিতি ছিল ১৭ লাখ ৪৭ হাজার ৬৮৬ কোটি টাকা।
বেসরকারি খাতে ঋণের প্রবাহ বাড়াতে বিএনপি সরকার ক্ষমতায় এসে নানা খাতে ছাড় দিয়ে চলেছে ব্যবসায়ীদের।
চলতি অর্থবছরের প্রথম ছয় মাসের জন্য সবশেষ ঘোষিত মুদ্রানীতিতে ও তার আগে বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়াতে নানামুখী পদক্ষেপ নেয় বাংলাদেশ ব্যাংক। যদিও মূল্যস্ফীতি কমাতে সংকোচনমূলক নীতি বহাল রেখে নীতি সুদহার আগের মতই ১০ শতাংশ রাখা হয়।
অবশ্য সুদ হার কমাতে আমানত ও ঋণ সুদহারের পার্থক্য (স্প্রেড) লক্ষ্যের মধ্যে ফিরিয়ে আনা, বন্ধ করাখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ, ঋণ পুনঃতফসিলের সুযোগ দিয়ে ডাউন পেমেন্ট কমিয়ে ১ শতাংশ করা এবং দুই বছরের গ্রেস পিরিয়িডসহ এককালীন ‘এক্সিট’ সুবিধায় সুদ মওকুফের মত উদ্যোগ রয়েছে।
এর প্রভাব প্রভাব দেখতে কয়েক মাস অপেক্ষা করার কথা বলেছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা।
গত জানুয়ারি-জুন সময়ের মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবাহ ৮ শতাংশ বাড়ানোর পরিকল্পনা করা হয়। তার ধারে কাছেও যেতে পারেনি গত মে মাস অবধি।
এমন বাস্তবতায় বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়ানোর কৌশল নিয়ে আগামী ডিসেম্বর পর্যন্ত মুদ্রানীতিতে প্রক্ষেপণ ধরা হয় ৬ দশমিক ৮ শতাংশ। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক মনে করছে, বিদ্যমান ঋণ চাহিদা ও নানা ছাড়ে ডিসেম্বর শেষে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৮ শতাংশ।
অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মে শেষে সরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি দেখা দেয় ২৪ দশমিক ৬১ শতাংশ।
আগের মাস এপ্রিলে ছিল ৩০ দশমিক ৩৭ শতাংশ। নতুন মুদ্রানীতিতে আগামী ৬ মাসের জন্য সরকারি ঋণে প্রবৃদ্ধি ধরা হয় ২১ দশমিক ৮ শতাংশ।
আর সার্বিকভাবে মে মাসে অভ্যন্তরীণ ঋণ প্রবৃদ্ধি হয় ৮ দশমিক ৬৩ শতাংশ। আগের মাস এপ্রিলে যা হয় ৯ দশমিক ৬৫ শতাংশ।
বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি সামান্য বাড়লেও এপ্রিলের তুলনায় গত মে মাসে সরকারি ঋণের প্রবৃদ্ধি কমেছে। এতে সার্বিকভাবে কমেছে অভ্যন্তরীণ ঋণ প্রবৃদ্ধির হার।
আগামী ছয় মাসে সার্বিকভাবে অভ্যন্তরীণ ঋণ প্রবাহ ১০ দশমিক ৫ শতাংশ বাড়নোর পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতিতে।