Published : 08 Jul 2026, 12:30 AM
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিতব্য আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার রাতে সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ হয় বলে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে রেসিডেন্সিয়াল মডেল কলেজের একদল শিক্ষার্থী দেখা করেছেন। তারা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।
‘‘যুক্তরাষ্ট্র যাত্রার আগে তাদের প্রকল্প সম্পর্কে প্রধানমন্ত্রীকে জানাতে এবং তার দিকনির্দেশনা নিতে শিক্ষার্থীরা এখানে আসেন। প্রধানমন্ত্রী নিজেও এ প্রতিষ্ঠানের একজন গর্বিত প্রাক্তন শিক্ষার্থী।”
আগামী ১১ জুলাই থেকে ১৬ জুলাই ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত হবে আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতা। প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে লড়বে 'টিম বেঙ্গলসাব'।
শিক্ষার্থীরা তাদের তৈরি প্রজেক্ট প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প সম্পর্কে বিস্তারিত ধারণা নেন।
অতিরিক্ত প্রেস সচিব বলেন, “প্রধানমন্ত্রী তরুণদের গবেষণা ও বিজ্ঞানভিত্তিক উদ্ভাবনী কাজে আরও মনোযোগী হতে উৎসাহিত করেছেন। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী শিক্ষার্থী হিসেবে তাদের এই গৌরবোজ্জ্বল অংশগ্রহণের জন্য আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী।”
প্রধানমন্ত্রী নিজের লেখা ‘সবার আগে বাংলাদেশ’ বইটি উপহার হিসেবে শিক্ষার্থীদের হাতে তুলে দেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।
সাক্ষাতের সময় ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের প্রাক্তনী গৃহায়ণমন্ত্রী জাকারিয়া তাহের ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত এবং ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাবের হোসাইন উপস্থিত ছিলেন।