০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রাম-৮: ভোটের হার ১৪%, বিজয়ী নোমান

নিরুত্তাপ এই উপনির্বাচন ঘিরে ভোটারদের আগ্রহ দেখা যায়নি।

চট্টগ্রাম-৮: ভোটের হার ১৪%, বিজয়ী নোমান

চট্টগ্রাম-৮ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য নোমান আল মাহমুদ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2023, 08:52 PM

Updated : 28 Apr 2023, 07:01 PM

চট্টগ্রাম-৮ আসনে নিরুত্তাপ উপনির্বাচনে বিজয়ী হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী নোমান আল মাহমুদ।

স্বল্প ভোটারের উপস্থিতিতে বৃহস্পতিবার অনুষ্ঠিত এই নির্বাচনে নৌকা প্রতীকে ৬৭ হাজার ২০৫ ভোট পেয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী সেহাব উদ্দিন মুহাম্মদ আব্দুস সামাদ মোমবাতি প্রতীকে পেয়েছেন ৫০৮৭ ভোট।

চট্টগ্রাম নগরী ও বোয়ালখালী উপজেলা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার ৫ লাখ ১৭ হাজার ৬৫২। তার মধ্যে ১৪ দশমিক ৫৫ শতাংশ ভোট দিয়েছেন বলে ফল ঘোষণার সময় রিটার্নিং কর্মকর্তা মো. হাসানুজ্জামান জানান।

আওয়ামী লীগের মোছলেম উদ্দিন আহমদের মৃত্যুতে এই আসনে উপনির্বাচন আয়োজন করতে হয় নির্বাচন কমিশনকে।

সংসদের মেয়াদ শেষের আট মাস আগে অনুষ্ঠিত এই নির্বাচনে ঘিরে স্থানীয়দের কোনো আগ্রহ দেখা যায়নি, যা ভোটের হারেও স্পষ্ট হয়েছে। বিএনপিসহ অধিকাংশ দল অংশ না নেওয়ায় প্রচার-প্রচারণাও ছিল নিরুত্তাপ।

সকালে দেখা যায়, ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা ভোটকেন্দ্রের বাইরে অবস্থান করছেন। তবে ভোটার উপস্থিতি নেই বললেই চলে।

বিভিন্ন কেন্দ্রে আওয়ামী লীগের নৌকা মার্কার এজেন্টদের দেখা গেলেও অন্যান্য প্রার্থীর এজেন্ট দেখা যায়নি। ভোটার না থাকায় এজেন্টদের অনেকেই বারান্দায় ঘোরাঘুরি ও গল্প করে সময় কাটাচ্ছিলেন।

পুরানো খবর:

চট্টগ্রাম-৮ উপনির্বাচন: ভোটারের অপেক্ষায় ভোটকেন্দ্র

স্বল্প সংখ্যক ভোটারের উপস্থিতির মধ্যেও নানা অনিয়ম হয়েছে অভিযোগ তুলে নতুন করে ভোট নেওয়ার দাবি জানিয়ে বিকালেই সংবাদ সম্মেলন করেছিলেন ইসলামী ফ্রন্টের প্রার্থী আব্দুস সামাদ।

তবে তার সেই অভিযোগ আমলে না নিয়ে রাত ৮টা ১৫ মিনিটে এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়ামে চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হাসানুজ্জামান ফল ঘোষণা করেন।

পুরানো খবর:

চট্টগ্রাম-৮: ভোটার ‘ছিল না’, ছিল ‘অনিয়ম’, নতুন নির্বাচনের দাবি এক প্রার্থীর
Image

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী আব্দুস সামাদ।

ভোটের হার নিয়ে তিনি বলেন, “ঈদের ছুটি থাকায় এবং অতিরিক্ত গরমের কারণে ভোটার উপস্থিতি কম ছিল।”

এই উপনির্বাচনে ১৯০টি কেন্দ্রের সব কটিতে ইভিএমে ভোটগ্রহণ হয়েছিল।

ফলে দেখা যায়, অন্য প্রার্থীদের মধ্যে চেয়ার প্রতীক নিয়ে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মুহাম্মদ ফরিদ উদ্দিন ১৮৬০ ভোট, আম প্রতীক নিয়ে ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি’র কামাল পাশা ৬৭৩ ভোট এবং একতারা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী রমজান আলী ৪৮০ ভোট পেয়েছেন। 

বিজয়ী নোমান চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি চট্টগ্রাম নগর যুবলীগের সাবেক সভাপতি এবং চট্টগ্রাম শহর ছাত্রলীগের সাবেক শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক।

নোমান প্রায় পাঁচ দশক রাজনীতিতে যুক্ত থাকলেও এবারই প্রথম জনপ্রতিনিধি হয়ে সংসদে যাচ্ছেন।

এই আসনটিতে সংসদ সদস্য ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের নেতা মইন উদ্দিন খান বাদল। ২০১৮ সালে অনুষ্ঠিত নির্বাচনেও তিনি আওয়ামী লীগের জোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে জয়ী হন।

২০১৯ সালে তিনি মারা গেলে নতুন করে ভোটের প্রয়োজন হয়। ২০২০ সালের ১৩ জানুয়ারির উপনির্বাচনে জয়ী হয়ে সংসদে যান মোছলেম উদ্দিন। তিনিও মারা গেলে সংসদের মেয়াদের আট মাস বাকি থাকতে আবার উপনির্বাচন হল।

Image

চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচনে১৯০ কেন্দ্রের সবকটিতে ভোট হয়েছে ইভিএমে।

আসনের ১৯০টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে একটানা ভোটগ্রহণ চলে।

নগরীর পাঁচলাইশ-চান্দগাঁও এলাকার সিটি করপোরেশনের পাঁচটি ওয়ার্ড ও বোয়ালখালী উপজেলার আটটি ইউনিয়ন পরিষদ এবং একটি পৌরসভা নিয়ে গঠিত চট্টগ্রাম-৮ সংসদীয় আসন।

এতে ভোটার সংখ্যা ৫ লাখ ১৭ হাজার ৬৫২ জন। তাদের মধ্যে ২ লাখ ৬৩ হাজার ৫৪৩ জন পুরুষ; ২ লাখ ৫৪ হাজার ১০৯ জন নারী।

মোট ভোটারদের ১ লাখ ৮৭ হাজার ৯০২ জনের বসবাস বোয়ালখালী অংশে; বাকি ৩ লাখ ১৯ হাজার ৭৫০ জন নগরীর ভোটার।