১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

বিধি ভঙ্গ: নৌকার প্রার্থী মোতাহেরুলের ব্যাখ্যা চেয়েছে অনুসন্ধান কমিটি

মোতাহেরুল ইসলামকে আগামী রোববার বেলা ২টার মধ্যে চট্টগ্রাম নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে সশরীরে উপস্থিত হয়ে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বিধি ভঙ্গ: নৌকার প্রার্থী মোতাহেরুলের ব্যাখ্যা চেয়েছে অনুসন্ধান কমিটি

চট্টগ্রাম-১২ আসনের আওয়ামী লীগের প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরী

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2023, 12:35 PM

Updated : 15 Dec 2023, 02:35 PM

জনসংযোগ, ভোট চেয়ে মিছিল এবং স্বতন্ত্র প্রার্থীকে নিয়ে 'উসকানিমূলক বক্তব্য' দেওয়ায় চট্টগ্রাম-১২ আসনে আওয়ামী লীগের প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরীকে তলব করে ব্যাখ্যা চেয়েছে নির্বাচনি অসুন্ধান কমিটি।

মোতাহেরুল ইসলামকে আগামী রোববার বেলা ২টার মধ্যে চট্টগ্রামের নির্বাচনি অনুসন্ধান কমিটির কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

অনুসন্ধান কমিটির চেয়ারম্যান সিনিয়র সহকারী জজ শেখ মো. মুহিবুল্লাহর সই করা এক চিঠিতে বৃহস্পতিবার এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

এর আগে এই আসনের স্বতন্ত্র প্রার্থী তিনবারের সংসদ সদস্য ও হুইপ সামশুল হক চৌধুরীকে একই অভিযোগে তলব করেছিল অনুসন্ধান কমিটি।

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে এবার তিনবারের সংসদ সদস্য ও হুইপ সামশুল হক চৌধুরীকে দলীয় মনোনয়ন দেওয়া হয়নি। সেখানে এবার নৌকার প্রার্থী হয়েছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি এবং পটিয়া উপজেলার সদ্য সাবেক চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী।

মোতাহেরুলের বিরুদ্ধে অভিযোগ- গত ১, ৯ এবং ১৩ ডিসেম্বর সভা, জনসংযোগ ও মিছিল করে ভোট চেয়ে তিনি প্রচার চালিয়েছেন। 'আপত্তিকর' মন্তব্য করেছেন এই আসনের স্বতন্ত্র প্রার্থীকে নিয়েও।

মোতাহেরুলকে তলব করে পাঠানো অনুসন্ধান কমিটির চিঠিতে বলা হয়েছে, গত ১ ডিসেম্বর পটিয়া কোলাগাঁও ইউনিয়নের শহর মসজিদে জুমার নামাজ ও মাজার জিয়ারত শেষ করে নির্বাচনি প্রচারণায় মাঠে নামেন মোতাহেরুল এবং সে সময় তিনি জনসংযোগ চালান।

এরপর ৯ ডিসেম্বর উপজেলার শোভনদণ্ডী ও কচুয়াই ইউনিয়ন আওয়ামী লীগের দুটি বর্ধিত সভায় তাহেরুল নির্বাচনি প্রচারমূলক বক্তব্য রেখেছেন। এই সভায় এই আসনের স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর 'ব্যক্তিগত চরিত্র হরণ করে উসকানিমূলক বক্তব্য' রেখেছেন তিনি। এই অভিযোগ এনে তাহমিনা নাসরিন চৌধুরী নামের এক নারী গত ১৪ ডিসেম্বর নির্বাচনি অনুসন্ধান কমিটির কাছে মোতাহেরুলের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।

এছাড়া ১৩ ডিসেম্বর দুপুরে পটিয়া আদালত চত্বরে হাইদগাঁও ইউনিয়ন ছাত্রলীগের ব্যানারে মোতাহেরুলের সমর্থনে ভোট চেয়ে মিছিল বের করা হয় বলে অনুসন্ধান কমিটির চিঠিতে উল্লেখ করা হয়।

চিঠিতে বলা হয়, " অনুসন্ধান কমিটি এসব ঘটনার প্রাথমিক সত্যতা যাচাই করেছে এবং জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর বিধি ৫, ১১(ক) ও ১২ এর লঙ্ঘন হয়েছে বলে মনে করছে।"

তাই আগামী রোববার মোতাহেরুল চৌধুরীকে দুপুর ২টায় স্বশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশনা দিয়েছেন নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান শেখ মো. মুহিবুল্লাহ।

এর আগে মনোনয়ন পত্র জমা দিতে চট্টগ্রামের জেলা প্রশাসকের কার্যালয়ে এসে পতাকাবাহী গাড়ি ব্যবহার ও পুলিশ প্রহরা নেওয়ায় আচরণবিধি লঙ্ঘনের জন্য শোকজ করা হয় চট্টগ্রাম-১২ আসনের স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীকে।

তলব পেয়ে নির্বাচনি অনুসন্ধান কমিটির কাছে সশরীরে হাজির হয়ে ওই ঘটনার জন্য ‘অনুতপ্ত’ এবং ‘ভবিষ্যতে আর এ ধরণের ভুল হবে না’ মর্মে জানান সামশুল।

অন্যদিকে পটিয়া থানার ওসি মো. নেজাম উদ্দিনের বিরুদ্ধে নির্বাচন কমিশমন সচিবালয়ে চিঠি দিয়ে তাকে বদলির আবেদনও করেছিলেন মোতাহেরুল ইসলাম চৌধুরী। ওই আবেদনের কয়েকদিন পর ওসি মো. নেজাম উদ্দিনকে বদলি করা হয়েছে।

তফসিল অনুযায়ী ভোটের প্রচার শুরুর সুযোগ মিলবে ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর থেকে।

আরও পড়ুন:

পুরানো খবর:

নানা উছিলায় ভোটের প্রচারে সরব চট্টগ্রামের প্রার্থীরা

পুরানো খবর:

চট্টগ্রামের ১৬ আসনে বৈধ প্রার্থী ১১৬ জন

পুরানো খবর:

চার বছরে লাখপতি থেকে কোটিপতি আওয়ামী লীগের মোতাহেরুল