এসএসসি: চট্টগ্রামে এবার পরীক্ষার্থী কমেছে ৪ হাজার
চট্টগ্রাম শিক্ষাবোর্ড থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এ বছর মোট পরীক্ষার্থীর মধ্যে ৭৯ হাজার ১৬২ জন ছাত্রী ও ৬১ হাজার ৭৬৫ জন ছাত্র।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে এ বছর এসএসসি পরীক্ষা দিতে বসছেন এক লাখ ৪০ হাজারের বেশি শিক্ষার্থী।
বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এবারের এসএসসিতে মাধ্যমিকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এক হাজার ১৬৪টি বিদ্যালয়ের এক লাখ ৪০ হাজার ৯২৭ জন পরীক্ষার্থী অংশ নিবেন।
গতবছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক লাখ ৪৫ হাজার ২৪ জন। সেই হিসাবে এবার পরীক্ষার্থী কমেছে ৪ হাজার ৯৭ জন।
চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, পরীক্ষার সার্বিক প্রস্তুতি তারা সম্পন্ন করেছেন। বিভিন্ন কেন্দ্রে পরীক্ষার ওএমআর শিটসহ যাবতীয় খাতাপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে।
তিনি বলেন, “সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা সম্পন্ন করার জন্য আমরা ঈদের ছুটির আগেই সকল কেন্দ্র সচিবদের সাথে বৈঠক করেছিলাম। সব ধরনের দিক নির্দেশনাও তাদের দেওয়া হয়েছে। কেন্দ্র পরিদর্শনের জন্য ভিজিলেন্স টিমও গঠন করা হয়েছে। প্রতিবারের মত এবারও কেন্দ্র সচিবরা পরীক্ষার দিন সকালে ট্রেজারি শাখা থেকে প্রশ্নপত্র কেন্দ্রে নিয়ে যাবেন।
“পরীক্ষার্থীদের অভিভাবকদেরকে অনুরোধ করব, তার যেন পরীক্ষার্থীদের অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে নিয়ে যান। পাশাপাশি পরীক্ষার সরঞ্জাম ছাড়া কোনো ধরনের ডিভাইস যেন তারা সাথে না রাখে।”
পরীক্ষা নিয়ন্ত্রক আরও বলেন, “সংবাদকর্মীদের কাছে অনুরোধ থাকবে পরীক্ষার প্রথম দিন তারা ছবি তোলার জন্য ক্যামেরা ছাড়া যেন মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে প্রবেশ না করেন। আর কেন্দ্র সচিবের অনুমতি নিয়ে ছবি তোলেন।”
আগামী বৃহস্পতিবার থেকে সারা দেশে একযোগে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা।
বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে। যা শেষ হবে (তত্ত্বীয় পরীক্ষা) শেষ হবে ৮ মে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নেওয়া হবে এ পরীক্ষা।
তত্ত্বীয় পরীক্ষা শেষে ১০ থেকে ১৮ মে পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা।
চট্টগ্রাম শিক্ষাবোর্ড থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এ বছর মোট পরীক্ষার্থীর মধ্যে ৭৯ হাজার ১৬২ জন ছাত্রী ও ৬১ হাজার ৭৬৫ জন ছাত্র।
প্রতিবারের মত এবছরও ব্যবসায় শিক্ষা শাখায় পরীক্ষার্থীর সংখ্যা বেশি। এ বিভাগ থেকে এবছর অংশ নেবেন ৫৭ হাজার ৪৬৬ জন।
আর মানবিক বিভাগ থেকে ৪৭ হাজার ৯০৩ এবং বিজ্ঞান বিভাগ থেকে ৩৫ হাজার ৫৫৮ জন পরীক্ষার্থী এবারের মাধ্যমিক পরীক্ষায় বসবেন।
প্রতিবছরের মত এবছরও সবচেয়ে বেশি পরীক্ষার্থী চট্টগ্রাম জেলায়। এ জেলা থেকে ৯৯ হাজার ২৪৬ জন পরীক্ষায় অংশ নেবেন। এরপর কক্সবাজারে ২১ হাজার ১৯৩ জন।
তাছাড় তিন পার্বত্য জেলার মধ্যে রাঙামাটিতে সাত হাজার ৯৭৪ জন, খাগড়াছড়িতে আট হাজার ১৭৯ এবং বান্দরবান জেলা থেকে চার হাজার ৩৩৫ জন পরীক্ষার্থী অংশ নেবেন।
