২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সকলকে এক সুতোয় গাঁথতে পারলে সমৃদ্ধ বাংলাদেশ সম্ভব: ফারুক ই আজম

“২০২৪ এর ছাত্রজনতার বিজয় অতীতের সকল অব্যবস্থাপনা ও দুর্নীতি প্রতিরোধ এবং পরিবর্তনের সুযোগ,” বলেন উপদেষ্টা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2024, 08:47 PM

Updated : 26 Aug 2026, 10:38 AM

হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেক ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক।

দুর্গা পূজা এবং বন্যা পরবর্তী পুনর্বাসন বিষয়ে বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

ফারুক ই আজম বলেন, “আইন প্রণীত হয় মানুষের অধিকার নিশ্চিত করার জন্য। হিন্দু, মুসলিম, বৌদ্ধ কিংবা খ্রিস্টান, আমরা কেউ খণ্ডিত মানুষ নই। কেবলমাত্র মানুষের জন্যই আইন প্রনয়ণ করা হয়। সুতরাং প্রত্যেক মানুষ আইনের সম অধিকার পাচ্ছে কিনা সেটি নিশ্চিত করতে কাজ করছি। 

“অসাধারণ সুন্দর ও সমৃদ্ধ আমাদের এই বাংলাদেশ। দুর্ভাগ্যজনকভাবে নানা অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে আমাদেরকে বিপর্যয়ে পড়তে হয়েছে। ২০২৪ এর ছাত্রজনতার বিজয় অতীতের সকল অব্যবস্থাপনা ও দুর্নীতি প্রতিরোধ এবং পরিবর্তনের সুযোগ। আমি বিশ্বাস করি, সকলে যদি এক সুরে গাইতে পারি, সকলকে এক সুতোয় গাঁথতে পারি, তবে সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব।”

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম বলেন, “এবারের দুর্গা পূজায় নির্বাহী আদেশে এক দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এটি যেন সাধারণ ছুটি হিসেবে ঘোষণা করা হয় সে জন্য সকল মহলের সাথে আলোচনা করব।”

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম তার বক্তব্যে কোনো ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে যাচাই বাছাই না করে সিদ্ধান্ত না নিতে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা থেকে বিরত থাকতে অনুরোধ জানান।

চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার রায়হান উদ্দিন খান, অতিরিক্ত পুলিশ কমিশনার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া, রাব, এনএসআই, আনসার ও ভিডিপিসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকতারা এ সময় উপস্থিত ছিলেন।