ওপেনিং নিয়ে দুর্ভাবনার কথা স্বীকার করলেন হাথুরুসিংহে
লিটন দাস রান পাওয়ায় অবশ্য কিছুটা স্বস্তি পাচ্ছেন বাংলাদেশ কোচ, ভরসা রাখতে বললেন তিনি তানজিদ হাসানের ওপর।
আউট হওয়ার পর লিটন দাস যেন বুঝেই উঠতে পারছিলেন না, কী করবেন। একবার মনে হলো, তিনি চেষ্টা করছেন ক্রিজে ফিরে যাওয়ার। আম্পায়ার আঙুল তোলার পর অবশ্য ড্রেসিং রুমের দিকে হাঁটা দিলেন এই ওপেনার। আকাশের দিকে তাকিয়ে এমন ভঙ্গি করলেন, মুখে যন্ত্রণার ছাপ ফুটে উঠল স্পষ্ট। ধারাভাষ্যকার বললেন, “নিজের ওপর নিশ্চয়ই ভীষণ বিরক্ত লিটন…।”
লিটনের সেই বিরক্তি বা হতাশা ছিল নিজের আলগা শট নিয়ে। যদিও এই ম্যাচ থেকে বাংলাদেশের একমাত্র প্রাপ্তি বলা যায় তার ব্যাটিংই। তবে ওপেনিং তো স্রেফ একজনের কাজ নয়। এটা জুটি বেঁধে করতে হয়। বিপত্তি সেখানেই। লিটনের সঙ্গী তানজিদ হাসান যে ক্রিজে দাঁড়াতেই পারছেন না! ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে ওপেনিং নিয়ে দুশ্চিন্তার কথা মেনে নিলেন বাংলাদেশ কোচ চান্দিকা হাথুরুসিংহেও।
এই ম্যাচের আগে অবশ্য সেই দুর্ভাবনার কেন্দ্রে ছিলেন লিটনই। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে এই বছর ওয়ানডেতে তার গড় ছিল ২৩। একদমই ছন্দে ছিলেন না তিনি। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে সহজ লক্ষ্যেও তিনি আউট হয়ে যান দ্রুত। ইংলিশদের বিপক্ষে ম্যাচের আগের দিন অনুশীলনেও দেখা যায়নি তাকে। হয়তো একটু ফুরফুরে ও চনমনে থাকতেই খানিকটা বিরতি তিনি নিয়েছিলেন।
তাতেই কাজ হলো কী না, কে জানে! ইংল্যান্ডের বিপক্ষে লিটনকে দেখা গেল চেনা রূপে। নিজের সেরা ফর্মে থাকলে যেমন খেলেন, এ দিন সেভাবেই খেলতে দেখা গেল তাকে। টপ অর্ডারের অন্যরা যেখানে ধুঁকলেন, লিটন সেখানে ছুটলেন। নান্দনিক সব শটের মালা গেঁথে ফিফটি করলেন ৩৮ বলেই। ইংলিশদের শক্তিশালী বোলিং আক্রমণকে সামাল দিচ্ছিলেন তিনি অনায়াসে। দারুণ এক সেঞ্চুরির হাতছানিও তার ছিল। কিন্তু আউট হয়ে যান ৬৬ বলে ৭৬ রান করে।
এই এক ইনিংসেই তাকে নিয়ে দুর্ভাবনা সব দূর হয়ে যায়নি অবশ্যই। তবে অন্তত ধারাবাহিকতায় ফেরার আশা করা যায় তাকে নিয়ে। সেই আশার জায়গাটাই আপাতত খুব একটা নেই তানজিদকে নিয়ে।
বিশ্বকাপে এসেছেন তিনি চার ইনিংসের অভিজ্ঞতা নিয়ে। গুয়াহাটিতে দুটি গা গরমের ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করে ইঙ্গিত দিয়েছিলেন বিশ্ব আসরে নিজেকে মেলে ধরার। আগ্রাসী শুরু এনে দেবেন তরুণ এই ওপেনার, তাকে ঘিরে দলের পরিকল্পনা ছিল এমনই। কিন্তু মূল টুর্নামেন্টে দুই ম্যাচে তার রান ৫ ও ১।
প্রথম ম্যাচে অবশ্য তিনি রান আউট হয়েছেন। তবে নিজেকে বাঁচানোর আরেকটু চেষ্টা না করার দায় তাকে দেওয়াই যায়। ডাইভ যে দেননি তিনি! ইংল্যান্ডের বিপক্ষে মঙ্গলবার আউট হন বাজে শট খেলে।
প্রথম ম্যাচে ছোট লক্ষ্য তাড়ায় দল দুই ওপেনারকে হারায় ২৭ রানের মধ্যে। ইংল্যান্ডের বিপক্ষে লিটন টিকে থাকলেও তিন উইকেট পড়ে যায় ২৬ রানের মধ্যে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোচ হাথুরুসিংহে তাই অকপটেই বললেন, টপ অর্ডারের ভাবনা দলকে পোড়াচ্ছে।
“শুরুটা যদি ভালো না হয়, পাওয়ার প্লেতে তিন উইকেট হারালে খুব বেশি ম্যাচ জেতা যায় না। অবশ্যই তাই ব্যাটিংয়ের এই দিকটা দুর্ভাবনার জায়গা। সাত ব্যাটার নিয়ে যখন খেলি, আমাদের চাওয়া থাকে টপ অর্ডার যেন জ্বলে ওঠে। এটা তাই বড় দুর্ভাবনা।”
ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে লিটনের রানে ফেরা অবশ্য কিছুটা স্বস্তি দিচ্ছে হাথুরুসিংহেকে। তানজিদের ওপরও এখনই তিনি ভরসা হারাতে চান না।
“লিটনের ফর্মে ফেরা—যেভাবে সে ব্যাট করেছে, আমাদের জন্য তা ইতিবাচক, তার জন্যও ভালো ব্যাপার। আমরা জানি যে, সে একজন ম্যাচ উইনার। তবে শুরুতে রানের প্রয়োজন আমাদের। দ্রুত এতগুলো উইকেট হারানো চলবে না।”
“অবশ্যই এটা দুর্ভাবনার ব্যাপার যে, (ওপেনিংয়ে) রান হচ্ছে না। তবে তানজিদ দুটি প্রস্তুতি ম্যাচে ভালো ব্যাট করেছে। দুটি ম্যাচেই কেবল সে ব্যর্থ হলো। বিশ্বকাপে এটা যে কারো ক্ষেত্রেই হতে পারে। আশা করছি, এই দুজন লড়াই চালিয়ে যাবে, কারণ বেশির ভাগ ব্যাটারই এখন ফর্মে ফিরেছে। আশা করি, সামনের ম্যাচগুলোয় আমরা দল হিসেবে পারফর্ম করব।”
তানজিদের ব্যর্থতা অবশ্য শুধু এই দুই ম্যাচেই নয়। বিশ্বকাপের আগেও চারটি ইনিংস খেলে তিনি ব্যর্থ হয়েছিলেন। সব মিলিয়ে ৬ ওয়ানডে ইনিংস খেলে তার রান মোটে ৪০। কোনো ইনিংসই ১৬ রানের বেশি করতে পারেননি।
একজন তরুণ ওপেনারকে বিচার করার জন্য ৬ ইনিংস অবশ্যই যথেষ্ট নয়। তবে মঞ্চ যখন বিশ্বকাপ, তখন দলের নিয়মিত দুই ওপেনারের একজন সেই তরুণ ব্যাটসম্যান হলে তা মাথাব্যথার কারণ বটে। দলে আর বিশেষজ্ঞ ওপেনারও নেই। প্রয়োজনে কাজ চালানোর জন্য মেহেদী হাসান মিরাজ আছেন বটে। তবে তানজিদকে বিশ্বকাপে নেওয়া হয়েছে তো বিশেষ একটি ভূমিকা দিয়েই!
ইংল্যান্ডের কাছে বড় হারের ধাক্কার সঙ্গে ওপেনিং নিয়ে দুশ্চিন্তার পাহাড়কে সঙ্গী করেই তাই বুধবার ধারামশালা থেকে চেন্নাই উড়ে যাবে বাংলাদেশ দল।
