ইংল্যান্ডের সামনে শুরুতে ‘খেই হারিয়ে ফেলেছিল’ স্পেন
পরাজয় মেনে নিয়ে স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেছেন, ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী তারা।
হারতে যেন ভুলেই গিয়েছিল স্পেন। উড়তে থাকা সেই দলকে মাটিতে নামিয়ে এনেছে ইংল্যান্ড। তবে এর মাঝেও ইতিবাচক দিক দেখছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। তার মতে, জয়-পরাজয় দুটিই খেলার অংশ।
ম্যাচের প্রথম দিকে যে তার দল খেই হারিয়ে ফেলেছিল, সেটিও স্বীকার করেছেন এই বিশ্বকাপজয়ী কোচ।
নেশন্স লিগের ম্যাচে রোববার ৩-০ গোলে পিছিয়ে পড়ে বড় হারের শঙ্কায় পড়ে স্পেন। পরে ৬৩তম মিনিটে ইংল্যান্ড ১০ জনের দলে পরিণত হলে এবং ওই ঘটনায় পাওয়া পেনাল্টি কাজে লাগিয়ে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। বাকিটা সময় প্রবল চাপ তৈরি করে আরেকটি গোলও করে তারা।
তাতে লড়াই দারুণভাবে জমে উঠলেও, সমতায় অবশ্য ফিরতে পারেনি বর্তমান বিশ্বকাপ ও ইউরো জয়ী দলটি। ৩-২ গোলে হেরে মাঠ ছাড়ে তারা। এতে দলটির তিন বছরে টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার পথচলায় ছেদ পড়ে।
এই হারে নেশন্স লিগের গ্রুপে ইংল্যান্ডের পেছনে থেকে দ্বিতীয় হয়েছে স্পেন। ফলে আগামী বছরের কোয়ার্টার-ফাইনালে অপেক্ষাকৃত কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে তাদের। ম্যাচ শেষে ইংলিশদের বিপক্ষে পরাজয় নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন দে লা ফুয়েন্তে।
“(এই ম্যাচ থেকে) আমি কেবল ইতিবাচক দিকগুলোই নিচ্ছি। আমরা যে পর্যায়ে পৌঁছেছি, সেখানে পৌঁছানো কতটা কঠিন এই ম্যাচ সেটাই তুলে ধরেছে।
“আমরা যেমন জিততে জানি, তেমনি হার মেনে নিতেও জানি। সত্যি বলতে, প্রথম ৩০ মিনিটে আমরা খেই হারিয়ে ফেলেছিলাম। তবে শেষ দিকে আমরা ঘুরে দাঁড়াতে পারব, এই বিশ্বাস আমার ছিল।”
গত সেপ্টেম্বরে ওয়েম্বলিতে আগের দেখায় ইংল্যান্ডকে ৩-২ গোলে হারায় স্পেন। নেশন্স লিগের পরের রাউন্ডে তাদের প্রতিপক্ষ কে হবে, জানা যাবে শুক্রবার সুইজারল্যান্ডের নিয়নে অনুষ্ঠেয় ড্রয়ে।
“পরের ম্যাচ খেলতে মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে, এটা হতাশার। আমরা চাইব, আগামী সপ্তাহেই আরেকটি ম্যাচ খেলতে। তবে নকআউট পর্বের ম্যাচে আমরা জয়ের প্রবল আকাঙ্ক্ষা নিয়ে নামব।”
প্রথম ৬০ মিনিটে দুর্দান্ত খেলা ইংল্যান্ডের সামনে অনেকটাই নিষ্প্রভ ছিল স্পেন। তবে নিজের দলের সমালোচনা করতে রাজি নন দে লা ফুয়েন্তে।
“আজ আমরা অসাধারণ একটি জাতীয় দলের মুখোমুখি হয়েছি। এটি আমাদের এখন পর্যন্ত অর্জিত সাফল্যের গুরুত্বকেই আরও বাড়িয়ে তোলে।
“আমি পরের অনুশীলন ক্যাম্পের জন্য মুখিয়ে আছি। নতুন চ্যালেঞ্জ নিতে দল দারুণভাবে উদ্দীপ্ত।”
