বড় পরাজয়ের ম্যাচে জরিমানাও দিল শ্রীলঙ্কা
ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা গুনছে দলটির খেলোয়াড়রা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বড় হারের হতাশার সঙ্গে শাস্তিও পেল শ্রীলঙ্কা। মন্থর ওভার রেটের কারণে দলের সব খেলোয়াড়ের ম্যাচ ফির ১০ শতাংশ কেটে নিল আইসিসি।
বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা আইসিসি রোববার এক বিবৃতিতে লঙ্কানদের শাস্তির বিষয়টি জানায়।
দিল্লিতে শনিবার এইডেন মারক্রাম, কুইন্টন ডি কক, রাসি ফন ডার ডাসেনের সেঞ্চুরির সৌজন্যে ১০২ রানে জেতে প্রোটিয়ারা।
ম্যাচটিতে নির্ধারিত সময়ের মধ্যে ২ ওভার পিছিয়ে ছিল শ্রীলঙ্কা। আইসিসির নিয়ম অনুযায়ী, মন্থর ওভার রেটের ক্ষেত্রে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করার বিধান রয়েছে।
মাঠের দুই আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ ও শরফৌদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকত, থার্ড আম্পায়ার মাইকেল গফ ও ফোর্থ আম্পায়ার অ্যালেক্স ওয়ার্ফের প্রতিবেদনের ভিত্তিতে এই শাস্তি দেন ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ।
শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা দায় স্বীকার করে শাস্তি মেনে নেন। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
