২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের চারে চার, বাংলাদেশের টানা তিন হার

ইংল্যান্ড ও নিউ জিল্যান্ডের পর ভারতের বিপক্ষেও লড়াই করতে পারল না বাংলাদেশ।

ভারতের চারে চার, বাংলাদেশের টানা তিন হার

জয় নিশ্চিত হওয়ার পর আলিঙ্গনে ভারতের দুই ব্যাটসম্যান ভিরাট কোহলি ও লোকেশ রাহুল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2023, 11:07 PM

Updated : 19 Oct 2023, 11:13 PM

জয়ের জন্য প্রয়োজন ২, ভিরাট কোহলির সেঞ্চুরির বাকি ৩ রান। নাসুম আহমেদের লেগ স্টাম্পের বাইরের বল ছেড়ে দিলেন কোহলি। তবে ওয়াইড দিলেন না আম্পায়ার। এক বল পর ফুল টসে ছক্কা মেরে একইসঙ্গে নিজের শতক ও দলের জয় নিশ্চিত করলেন কোহলি। বাংলাদেশ পেল টানা তৃতীয় পরাজয়ের গ্লানি।

ম্যাচের আগে সামর্থ্যের সেরাটা দেওয়ার প্রত্যয় আর মাঠে নেমে পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থতা, বিশ্বকাপের প্রথম ম্যাচের পর থেকে এটিই বাংলাদেশের নিয়মিত চিত্র। যার ধারাবাহিকতায় ভারতের বিপক্ষে এবার তারা হেরেছে ৭ উইকেটে। 

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ব্যাটিংয়ে দারুণ শুরুর পরও বাংলাদেশ আটকে যায় ২৫৬ রানে। জবাবে ভিরাট কোহলির সেঞ্চুরি, শুবমান গিলের পঞ্চাশ ছোঁয়া ইনিংসে ৫১ বল হাতে রেখেই ম্যাচ জিতে যায় স্বাগতিকরা। 

চার ম্যাচে সবকটিতেই জিতল ভারত। পূর্ণ ৮ পয়েন্ট পেলেও নেট রান রেটে পিছিয়ে থাকায় দুই নম্বরে স্বাগতিকরা। শীর্ষে নিউ জিল্যান্ড।

আর ঊরুর পেশির চোটে ভোগা অধিনায়ক সাকিব আল হাসানকে ছাড়া খেলতে নেমে টানা তৃতীয় পরাজয়ে টেবিলের সাত নম্বরে নেমে গেছে বাংলাদেশ।

তিন নম্বরে নেমে হার না মানা ইনিংসে ১০৩ রান করেছেন কোহলি। ৯৭ বলে ৬ চার ও ৪ ছক্কায় সাজান ক্যারিয়ারের ৪৮তম সেঞ্চুরি। ওয়ানডেতে সাচিন টেন্ডুলকারের সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড থেকে আর একটি পিছিয়ে রইলেন তিনি। দলকে জিতিয়ে ফেরার পর ম্যাচ সেরারও পুরস্কার ওঠে কোহলির হাতে।

ওয়ানডে বিশ্বকাপে কোহলির এটি তৃতীয় সেঞ্চুরি। এর দুইটিই বাংলাদেশের বিপক্ষে। অন্যটি পাকিস্তানের বিপক্ষে ২০১৫ আসরে। পঞ্চাশ ওভারের ক্রিকেটের বৈশ্বিক আসরে কোহলির রান হলো এক হাজার ২৮৯। এই তালিকায় তার ওপরে রয়েছেন আর তিন ব্যাটসম্যান। 

বাংলাদেশের জন্য শেষটা এমন হতাশার হলেও ম্যাচের শুরুটা ছিল খুব ভালো। টস জিতে ব্যাটিংয়ে নেমে দলকে দারুণ শুরু এনে দেন লিটন দাস, তানজিদ হাসান। বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ উদ্বোধনী জুটির রেকর্ড গড়ে স্রেফ ৮৮ বলে ৯৩ রান যোগ করেন দুজন।

Image

ছক্কা হাঁকিয়ে একই সঙ্গে নিজের সেঞ্চুরি ও দলের জয় নিশ্চিত করার পর ভিরাট কোহলির উল্লাস।

বিশ্বকাপে নিজের প্রথম ফিফটিতে ৪৩ বলে ৫১ রান করেন তানজিদ। শুরুর জড়তা কাটিয়ে আগ্রাসী রূপ দেখিয়ে ৫ চারের সঙ্গে ৩টি ছক্কা মারেন তরুণ বাঁহাতি ওপেনার।

তানজিদ ফেরার পর লিটন করেন আসরে নিজের দ্বিতীয় ফিফটি। তবে ক্রমেই রানের গতি স্লথ হতে থাকে। সেই চাপ সরাতে রবীন্দ্র জাদেজার বলে তেড়েফুঁড়ে মারতে গিয়ে লং অফে ক্যাচ দেন ৭ চারে ৮২ বলে ৬৬ রান করা লিটন।

ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যাট হাসেনি। চার নম্বরে নেমে মেহেদী হাসান মিরাজও পারেননি টিকতে। অষ্টাদশ ওভারে শতক পূরণ করা বাংলাদেশ পরের পঞ্চাশ রান করতে খেলে ৮৩ বল।

আগের ম্যাচগুলোতে সাতে ব্যাট করা তাওহিদ হৃদয়কে এদিন ফেরানো হয় পাঁচে। কিন্তু তিনি ফিরতে পারেননি নিজের সেরা রূপে। উল্টো দলকে আরও পিছিয়ে দেন। এক-দুই রান বের করতেও ব্যর্থ হন তিনি। 

Image

হতাশার ব্যাটিংয়ের মাঝে ৩টি করে চার-ছক্কায় দলকে আড়াইশ রানে নেন মাহমুদউল্লাহ।

হৃদয়ের ৩৫ বলে ১৬ রানের ইনিংসে মোমেন্টাম প্রায় পুরোটাই চলে যায় ভারতের দিকে। মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ মিলে চেষ্টা করেন দলকে কক্ষে ফেরাতে। তবে সাফল্য মেলেনি তেমন।

দুইশ হতেই ড্রেসিং রুমের পথ ধরেন ৪৬ বলে ৩৮ রান করা মুশফিক। এই ইনিংস খেলার পথে বিশ্বকাপে বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেন মুশফিক। প্রথমজন সাকিব। 

পরে দলকে আড়াইশর কাছে নেন মাহমুদউল্লাহ। শেষ ওভারে ফেরার আগে ৩টি করে চার ও ছক্কায় ৩৬ বলে ৪৬ রান করেন অভিজ্ঞ ব্যাটসম্যান।

ভারতের হয়ে ২টি করে উইকেট নেন বুমরাহ, সিরাজ, জাদেজা।

রান তাড়ায় রোহিত শার্মা, গিলের ব্যাটে ঝড়ো সূচনা পায় ভারত। আগের ম্যাচের ছন্দ ধরে রেখে এদিনও আগ্রাসী ব্যাটিং করতে থাকেন রোহিত। প্রথম পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে স্বাগতিকরা করে ৬৩ রান।

Image

শ্রেয়াস আইয়ারকে ফেরানোর পর বাংলাদেশ দলের উদযাপন। দিন শেষে যদিও এই হাসি আর কারো মুখে থাকেনি।

অল্পের জন্য ফিফটি করতে পারেননি রোহিত। ত্রয়োদশ ওভারে হাসান মাহমুদের বাউন্সারে ছক্কা মারতে গিয়ে ডিপ স্কয়ার লেগে ক্যাচ দেন ৭ চার ও ২ ছক্কায় ৪০ বলে ৪৮ রান করা ভারতীয় অধিনায়ক। ভাঙে ৮৮ রানের উদ্বোধনী জুটি। 

পরে ক্রিজে গিয়ে প্রথমেই নো বল পান কোহলি। ফ্রি হিট বলে মারেন চার। সেটিও ছিল নো বল। দ্বিতীয় ফ্রি হিটে তিনি মারেন ছক্কা। এমন আয়েশি শুরুর পর বলা যায় অনায়াসেই বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেন কোহলি।

আরেক ওপেনার গিল বিশ্বকাপে নিজের প্রথম ফিফটি করেন ৫২ বলে। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। মিরাজের বলে ছক্কা মারতে গিয়ে ফেরেন ৫ চার ও ২ ছক্কায় ৫৫ বলে ৫৩ রান করে। এরপর শ্রেয়াস আইয়ারকেও বেশিক্ষণ টিকতে দেননি মিরাজ।  

চতুর্থ উইকেটে লোকেশ রাহুলকে নিয়ে ম্যাচ শেষ করেন কোহলি। অবিচ্ছিন্ন জুটিতে দুজন মিলে যোগ করেন ৭৩ বলে ৮৩ রান। গোটা দুয়েক রান আউটের সুযোগ অবশ্য পায় বাংলাদেশ। কিন্তু সেগুলো কাজে লাগানো যায়নি। 

৩ চার ও ১ ছক্কায় ৩৪ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন রাহুল। 

মুম্বাইয়ে আগামী মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ:
৫০ ওভারে ২৫৬/৮ (তানজিদ ৫১, লিটন ৬৬, শান্ত ৮, মিরাজ ৩, হৃদয় ১৬, মুশফিক ৩৮, মাহমুদউল্লাহ ৪৬, নাসুম ১৪, মুস্তাফিজ ১*, শরিফুল ৭*; বুমরাহ ১০-১-৪১-২, সিরাজ ১০-০-৬০-২, পান্ডিয়া ০.৩-০-৮-০, কোহলি ০.৩-০-২-০, শার্দুল ৯-০-৫৯-১, কুলদিপ ১০-০-৪৭-১, জাদেজা ১০-০-৩৮-২)

ভারত: ৪১.৩ ওভারে ২৬১/৩ (রোহিত ৪৮, ফিল ৫৩, কোহলি ১০৩*, আইয়ার ১৯, রাহুল ৩৪*; শরিফুল ৮-০-৫৪-০, মুস্তাফিজ ৫-০-২৯-০, নাসুম ৯.৩-০-৬০-০, হাসান ৮-০-৬৫-১, মিরাজ ১০-০-৪৭-২, মাহমুদউল্লাহ ১-০-৬-০) 

ফল: ভারত ৭ উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচ: ভিরাট কোহলি