০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

বিধ্বংসী ব্যাটিংয়ে মুমিনের রেকর্ডগড়া সেঞ্চুরি

যুব ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৫২ রানের অপরাজিত ইনিংস খেললেন আহসান আল মুমিন।

বিধ্বংসী ব্যাটিংয়ে মুমিনের রেকর্ডগড়া সেঞ্চুরি

চাপের মুখে রেকর্ড গড়া ইনিংস খেললেন আহসান আল মুমিন। ছবি: বিসিবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Nov 2026, 03:20 PM

Updated : 09 Nov 2026, 03:20 PM

স্বীকৃত ব্যাটারদের আসা-যাওয়ার মাঝে একপ্রান্তে ঢাল হয়ে দাঁড়িয়ে গেলেন আহসান আল মুমিন। শুরু থেকেই সাবলীল ব্যাটিংয়ে একাই টেনে নিলেন দলকে। আর দুর্দান্ত ব্যাটিংয়ে পাওয়া শতক তিনি রাঙালেন রেকর্ডগড়া ইনিংসে।

যুব এশিয়া কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ১৫২ রানের অপরাজিত ইনিংস খেলেন মুমিন। ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে সোমবারের ম্যাচে ১৩৩ বলের ইনিংসটি ১০ চার ও ছয় ছয়ে সাজান তিনি।

বাংলাদেশের হয়ে যুব ওয়ানডেতে এটিই সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। প্রায় ১১ বছর আগে পিনাক ঘোষের করা ১৫০ রান টপকে গেছেন মুমিন। ডারবানে ২০১৫ সালে দ্বিপাক্ষিক সিরিজের ম্যাচে ১৪১ বলে ২১ চার ও ১ ছক্কায় বাংলাদেশের যুবাদের প্রথম ১৫০ রানের ইনিংসটি খেলেন বাঁহাতি ওপেনার।

সেমি-ফাইনালের টিকিট নিশ্চিতের লক্ষ্যে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। দ্রুতই দুই ওপেনার ফিরে গেলে পঞ্চম ওভারে ক্রিজে যান মুমিন। এরপর দলের পুরো দায়িত্ব নিজের কাঁধে তুলে দেন সহ-অধিনায়ক।

অন্য প্রান্তে একের পর এক ব্যাটসম্যানের বিদায়ে শঙ্কা জেগেছিল অল্পে গুটিয়ে যাওয়ার। এর মাঝেই মাত্র ৪৯ বলে ফিফটি পূর্ণ করেন মুমিন।

পরে সপ্তম উইকেটে তাকে দারুণ সঙ্গ দেন অফ স্পিনিং অলরাউন্ডার রবিউল হাসান অনিক। দুজন মিলে গড়ে তোলেন ৭৯ রানের জুটি। এতে অনিকের অবদানই বেশি, ৪৮ বলে ৪৫ রান।

অনিকের বিদায়ের পর রুবাই ইসলাম রিজনও টিকতে পারেননি। ২২৪ রানে ৮ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। সেখান থেকে একাই দলকে টেনে নেন মুমিন। অবিচ্ছিন্ন অষ্টম উইকেট জুটিতে যোগ করেন ৭৯ রান। তার একার অবদান ৬৮ রান।

আউলগা গুনাওয়ানের বলে ছক্কা মেরে ১০২ বলে সেঞ্চুরিতে পৌঁছান মুমিন। পরের বলও ছক্কায় উড়িয়ে সেঞ্চুরির প্রলম্বিত উদযাপনই যেন সারেন বাংলাদেশের সহ-অধিনায়ক।

ছন্দ ধরে রেখে একের পর এক বাউন্ডারিতে দলকে এগিয়ে নেন তরুণ ব্যাটসম্যান। শেষ ওভারের পঞ্চম বলে ৩ রান নিয়ে পিনাকের ১৫০ রানের রেকর্ড টপকে যান তিনি। একইসঙ্গে তিনশ পেরিয়ে যায় বাংলাদেশ।

শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৩০৩ রান। মুমিনের অবদান অর্ধেকের বেশি। এই ম্যাচ জিতলে সেমি-ফাইনালের টিকিট পেয়ে যাবে বাংলাদেশ।