পন্টিং-সাঙ্গাকারাকে ছাড়িয়ে টেন্ডুলকারের পাশে ওয়ার্নার
চতুর্থ অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে টানা দুটি সেঞ্চুরি করলেন এই ওপেনার।
পাকিস্তানের বিপক্ষে যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই যেন নেদারল্যান্ডসের বিপক্ষে শুরু করলেন ডেভিড ওয়ার্নার। ম্যাচের তৃতীয় ওভারে মারলেন টানা চারটি বাউন্ডারি। দারুণ ব্যাটিংয়ে তুলে নিলেন বিশ্বকাপে টানা দ্বিতীয় শতক। বসলেন কিংবদন্তি সাচিন টেন্ডুলকারের পাশে।
আগের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১২৪ বলে ১৬৩ রানের পর বুধবার নেদারল্যান্ডসের বিপক্ষে ৯৩ বলে ১০৪ রানের ইনিংস খেলেন ওয়ার্নার। ১১ চার ও ৩ ছক্কায় গড়া তার এই ইনিংস।
তিন বিশ্বকাপ মিলিয়ে এটি ওয়ার্নারের ষষ্ঠ শতক। বিশ্ব মঞ্চে সবচেয়ে বেশি শতকের রেকর্ডের তালিকায় রিকি পন্টিং (৫) ও কুমার সাঙ্গাকারাকে (৫) ছাড়িয়ে দুই নম্বরে টেন্ডুলকারের (৬) পাশে বসলেন তিনি। ৭ শতক নিয়ে তার ওপরে আছেন কেবল রোহিত শার্মা।
২০১৫ বিশ্বকাপে আট ম্যাচে একটি শতক করেন ওয়ার্নার। পরের আসরে ১০ ম্যাচে তার শতক ছিল তিনটি। এবার প্রথম পাঁচ ম্যাচে করলেন দুটি।
চতুর্থ অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে টানা দুটি সেঞ্চুরি করলেন ওয়ার্নার। তার আগে ১৯৯৬ আসরে মার্ক ওয়াহ, ২০০৩ ও ২০০৭ আসর মিলিয়ে পন্টিং, ২০০৭ আসরে ম্যাথু হেইডেন এই কীর্তি গড়েন।
দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে এ দিন শুরুতে উদ্বোধনী জুটির সঙ্গী মিচেল মার্শকে হারানোর পর দ্বিতীয় উইকেটে স্টিভেন স্মিথের সঙ্গে ১৩২, তৃতীয় উইকেটে মার্নাস লাবুশেনের সঙ্গে ৮৪ রানের জুটিতে দলকে এগিয়ে নেন ওয়ার্নার।
বাঁহাতি এই ওপেনার ৪০ বলে পঞ্চাশ ছোঁয়ার পর শতকে পা রাখেন ৯১ বলে। এর পরপরই তার ইনিংস থামে বোল্ড হয়ে।
ততক্ষণে অস্ট্রেলিয়া পেয়ে যায় শক্ত ভিত, পরে গ্লেন ম্যাক্সওয়েলের বিশ্বকাপের রেকর্ড ৪০ বলের শতকে ৩৯৯ রান তোলে তারা।
