২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ওয়ার্নারের রেকর্ড ছুঁয়ে ২৪ চারে ডাকেটের ১৬৭

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে টানা দ্বিতীয় সেঞ্চুরিতে একাধিক রেকর্ডে নাম লেখালেন ইংলিশ ওপেনার।

ওয়ার্নারের রেকর্ড ছুঁয়ে ২৪ চারে ডাকেটের ১৬৭

বেন ডাকেটের সেঞ্চুরি উদযাপন। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Oct 2026, 05:53 PM

Updated : 29 Oct 2026, 06:28 PM

আগের ম্যাচ যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই যেন আবার শুরু করলেন বেন ডাকেট। চমৎকার ব্যাটিংয়ে ইংলিশ ওপেনার করলেন টানা দ্বিতীয় সেঞ্চুরি। দেড়শ ছোঁয়া ক্যারিয়ার সেরা ইনিংস খেলার পথে নাম লেখালেন একাধিক রেকর্ডের পাতায়।

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে ১৩২ বলে ১৬৭ রান করেন ডাকেট। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ২৪ চারে গড়া তার ইনিংসটিতে নেই কোনো ছক্কা।

এই সংস্করণে ছক্কা ছাড়া এক ইনিংসে কোনো ব্যাটসম্যানের সবচেয়ে বেশি চারের যৌথ রেকর্ড এটি। ২০১৬ সালে কেপ টাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৭৩ রানের ইনিংসে ছক্কা ছাড়া ২৪টি চার মেরে রেকর্ডটি গড়েছিলেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। ছক্কা ছাড়া সর্বোচ্চ ইনিংসের রেকর্ডও সেটি। এই তালিকায় এখন ওয়ার্নারের পরেই আছেন ডাকেট।

মেয়েদের ওয়ানডেতে ছক্কা ছাড়া এক ইনিংসে সবচেয়ে বেশি চারের রেকর্ড অ্যালিসা হিলির। ২০২২ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ১৭০ রানের ইনিংসে তিনি চার মেরেছিলেন ২৬টি।

এছাড়া প্রথম সফরকারী ব্যাটসম্যান হিসেবে লাহোরে তিনটি ওয়ানডে সেঞ্চুরি করলেন ৩২ বছর বয়সি ডাকেট। তিনি ছাড়িয়ে গেলেন এখানে দুটি করে সেঞ্চুরি করা শ্রীলঙ্কার আরাভিন্দা ডি সিলভা ও নিউ জিল্যান্ডের কেন উইলিয়ামসনকে।

এই মাঠে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ডাকেট করেন ১৬৫। সেটিই এতদিন ছিল তার ক্যারিয়ার সেরা ইনিংস। আর চলতি সিরিজে গত রোববার পাকিস্তানের বিপক্ষে এখানে ১০৫ রান করেন তিনি। ম্যাচটি অবিশ্বাস্যভাবে ১ উইকেটে হেরে যায় ইংল্যান্ড।

সিরিজে আগের তিনটি ম্যাচেই হারা এবং ফাইনালের লড়াই থেকে আগেই ছিটকে পড়া ইংল্যান্ডের জন্য শ্রীলঙ্কার বিপক্ষে এবারের ম্যাচটি কেবলই নিয়মরক্ষার।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ডাকেট ও টম ব্যান্টনের ব্যাটে দারুণ শুরু পায় তারা। ৭৫ বলে ৭৪ রান করে ফেরেন ব্যান্টন। উদ্বোধনী জুটিতে আসে ১৫১ বলে ১৬৩ রান।

৪৬ বলে পঞ্চাশ ছুঁয়ে এগিয়ে যান ডাকেট। দ্বিতীয় উইকেটে হ্যারি ব্রুকের সঙ্গে আরেকটি শতরানের জুটির পথে ৮৯ বলে ষষ্ঠ ওয়ানডে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।

ব্রুক ৩৪ বলে ৪৪ রান করে ফেরার পরপরই ডাকেট দেড়শতে পা রাখেন ১১৮ বলে। ডাবল সেঞ্চুরিও হাতছানি দিচ্ছিল তাকে। কিন্তু ৪২তম ওভারে ইশান মালিঙ্গার লো ফুল টসে স্কুপ শট খেলার চেষ্টায় শর্ট ফাইন লেগে ধরা পড়ে ১৬৭ রানে থামেন তিনি।

লাহোরে এর চেয়ে বড় ব্যক্তিগত ইনিংস আছে কেবল একটি, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের বিপক্ষে ১৭৭ রান করেন আফগানিস্তানের ইব্রাহিম জাদরান।

এ দিন ৫০ ওভারে ইংল্যান্ড তুলেছে ৫ উইকেটে ৩৮৬ রান।

এই মাঠে সর্বোচ্চ দলীয় স্কোর এটি। পেছনে পড়ে গেল ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানের করা ৩ উইকেটে ৩৭৫।

সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দেখায় রাওয়ালপিন্ডিতে ৪২৯ রানের সংগ্রহ গড়েও হেরেছিল ব্রুকের দল।