২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ফিরে গেলেন মিচেল মার্শ

পুনরায় কবে দলের সঙ্গে যোগ দেবেন মিচেল মার্শ, তা নিয়ে নিশ্চিত নয় ক্রিকেট অস্ট্রেলিয়া।

দেশে ফিরে গেলেন মিচেল মার্শ

মিচেল মার্শ। ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া ওয়েবসাইট

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2023, 01:28 PM

Updated : 02 Nov 2023, 01:28 PM

গ্লেন ম্যাক্সওয়েলের চোটের পর আরও এক ধাক্কা খেল অস্ট্রেলিয়া। ব্যক্তিগত কারণে হঠাৎই দেশে ফিরে গেলেন মিচেল মার্শ। ইংল্যান্ডের বিপক্ষে খেলা হবে না এই পেস বোলিং অলরাউন্ডারের। 

ক্রিকেট অস্ট্রেলিয়া বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মার্শের দেশে ফেরার খবর জানিয়েছে। 

“অলরাউন্ডার মিচেল মার্শ গত রাতে ব্যক্তিগত কারণ দেখিয়ে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ থেকে দেশে ফিরে গেছেন। তার দলের সঙ্গে পুনরায় যোগ দেওয়ার সময় এখনও নিশ্চিত নয়। এই মুহূর্তে আর বিস্তারিত কিছু জানানো হচ্ছে না।” 

আহমেদাবাদে আগামী শনিবার ইংল্যান্ডের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। মার্শের আগে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন ম্যাক্সওয়েল। গত সোমবার গলফ খেলতে গিয়ে মাথায় আঘাত পান মারকুটে এই ব্যাটিং অলরাউন্ডার।

একাদশের দুই নিয়মিত ক্রিকেটারের অনুপস্থিতিতে নিজেদের দলের গঠন নতুন করে ভাবতে হবে অস্ট্রেলিয়াকে। পায়ের পেশির চোট থেকে সেরে ওঠা মার্কাস স্টয়নিস পুনরায় সুযোগ পেতে পারেন দলে।  

এছাড়া ক্যামেরন গ্রিনকেও দেখা যেতে পারে মূল একাদশে। ব্যাটিং অর্ডারে স্টিভেন স্মিথ ও মার্নাস লাবুশেন তাদের পছন্দের ৩ ও ৪ নম্বর ফিরে পাওয়ার সম্ভাবনাই প্রবল। 

প্রথম দুই ম্যাচ হেরে যাত্রা শুরু করা অস্ট্রেলিয়া এখন টানা চার ম্যাচ জিতে রয়েছে পয়েন্ট টেবিলের তিন নম্বরে। বাকি তিন ম্যাচে স্রেফ একটি জিতলেও নিশ্চিত হতে পারে তাদের সেমি-ফাইনালের টিকেট।