২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ওপেনিং নিয়ে চিন্তা বাদ দিতে বললেন শান্ত

উদ্বোধনী জুটিতে বাংলাদেশের ম্যাচের ম্যাচ ভোগান্তির পথ ধরে সহ-অধিনায়ক শান্ত বললেন, ওপেনিং নিয়ে চিন্তা না করাই ভালো।

ওপেনিং নিয়ে চিন্তা বাদ দিতে বললেন শান্ত

সংবাদ সম্মেলনে বাংলাদেশের সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

আরিফুল ইসলাম রনি আরিফুল ইসলাম রনি

চেন্নাই থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2023, 08:45 PM

Updated : 12 Oct 2023, 08:45 PM

লিটন কুমার দাসকে অনুশীলনে দেখা গেল না। নেট সেশনে শুরুতে দুটি নেটে ব্যাটিংয়ে গেলেন তানজিম হাসান ও মাহমুদউল্লাহ। একটু পর পাশের নেটে যোগ দিলেন মেহেদী হাসান মিরাজ। গত ম্যাচে লিটন যেভাবে খেলেছেন, তাতে পরের ম্যাচে এক প্রান্তে তো তিনি নিশ্চিতই থাকছেন। আরেক প্রান্তে কি পরিবর্তন আসছে? 

উদ্বোধনী জুটিতে বদল হোক বা না হোক, দুর্ভাবনার জায়গা তো থাকছেই। বাংলাদেশের শুরুর জুটি যে দাঁড়াচ্ছেই না! নাজমুল হোসেন শান্ত অবশ্য সেই ভাবনাতেই যেতে নারাজ। নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগের দিন বাংলাদেশের সহ-অধিনায়ক বললেন, ওপেনিং নিয়ে যেন চিন্তাই না করা হয়।

উদ্বোধনী জুটি নিয়ে বাংলাদেশের ভোগান্তি চলছে অনেক দিন ধরেই। বিশ্বকাপেও তা চলমান। দুই ম্যাচের একটিতেও শুরুর জুটি দলকে এনে দিতে পারেনি ভালো কোনো ভিত। প্রথম ম্যাচে সহজ লক্ষ্য পেলেও দুই ওপেনার আউট হন দ্রুত। দ্বিতীয় ম্যাচে লিটন রানের দেখা পেলেও তানজিদ আউট হয়ে যান শুরুতেই।

ওপেনিং জুটি নিয়ে প্রশ্নও তাই প্রতিটি সংবাদ সম্মেলনে হয়ে উঠেছে অবধারিত। চেন্নাইয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় শান্তর কাছেও ছুটে গেল এই প্রশ্ন। ঠোঁটের কোণে হালকা হাসি ঝুলিয়ে শান্তর জবাব, “আমার মনে হয়, এই ওপেনিং নিয়ে আমরা চিন্তাই না করি। মানে এই চিন্তাটাই বাদ দিয়ে দেই…!”

তার কথার পরিষ্কার মানে বোঝা কঠিন। হতে পারে, ওপেনিং নিয়ে আসলে দুশ্চিন্তার কিছু তিনি দেখছেন না। কিংবা হতে পারে, চিন্তায় যখন সমাধান নেই, চিন্তাই তাহলে বাদ দেই!

শান্তর কথা অবশ্য ওই দুই লাইনেই শেষ নয়। পরে আরেকটু যোগ করলেন, যেখানে ওপেনারদের ওপর ভরসা রাখার কথাই বললেন।

“আমার মনে হয় যে, এখানে টপ অর্ডারে যারাই আছে, তারা খুব ভালোমতো প্রস্তুতি নিয়ে আসছে। আমার মনে হয়, এক-দুইটা ভালো ইনিংস ওই ব্যাটসম্যানকে ভালো আত্মবিশ্বাস এনে দিবে। এখানে কেউই এমন নয় যে রিল্যাক্সড আছে। সবাই দলের জন্য চেষ্টা করছে। আশা করছি, সামনের ম্যাচ থেকে টপ অর্ডারেও ভালো স্কোর আসবে।”