রেকর্ড গড়া সেঞ্চুরিতে ম্যাচের সেরা ওয়ার্নার
মাত্র দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে কোনো দলের বিপক্ষে টানা চার ম্যাচে সেঞ্চুরি করা বাঁহাতি ওপেনারই অস্ট্রেলিয়ার জয়ের নায়ক।
পাকিস্তানকে পেলেই যেন জ্বলে উঠেন ডেভিড ওয়ার্নার। আরও একবার আগুনে ব্যাটিংয়ে প্রতিপক্ষকে পোড়ালেন বাঁহাতি এই ওপেনার। বিস্ফোরক সেঞ্চুরিতে দলকে নিয়ে গেলেন রান-পাহাড়ে। পাকিস্তানকে হতাশায় ডুবিয়ে জিতলেন ম্যাচ সেরার পুরস্কার।
বেঙ্গালোরের এম চিন্নাস্বামীর ব্যাটিং স্বর্গে শুক্রবার ৬২ রানে জিতেছে অস্ট্রেলিয়া। ৯ উইকেটে ৩৬৭ রান করা দলটি ৩০৫ রানে থামিয়েছে পাকিস্তানকে।
দুবার জীবন পাওয়া ওয়ার্নার ১২৪ বলে ৯ ছক্কা ও ১৪ চারে খেলেন ১৬৩ রানের ঝড়ো ইনিংস। উদ্বোধনী জুটিতে মিচেল মার্শের (১২১) সঙ্গে গড়েন ২৫৯ রানের রেকর্ড গড়া জুটি।
বিশ্বকাপের ইতিহাসে এটি দ্বিতীয় সেরা উদ্বোধনী জুটি। এই টুর্নামেন্টে উদ্বোধনী জুটিতে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ এবং যেকোনো জুটিতে দ্বিতীয় সর্বোচ্চ।
আরও অর্জন ধরা দিয়েছে ওয়ার্নারের হাতে। পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেছেন টানা চার ম্যাচে। কোনো দলের বিপক্ষে টানা চার সেঞ্চুরি আছে আর কেবল ভারতের ভিরাট কোহলির, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
বিশ্বকাপে সর্বোচ্চ পাঁচ সেঞ্চুরি করা রিকি পন্টিংয়ের পাশে বসেছেন ওয়ার্নার। ওয়ানডেতে এটি তার ২১তম সেঞ্চুরি।
দারুণ এই ইনিংসের সৌজন্যে ওয়ানডেতে ম্যাচ সেরার পুরস্কার ওয়ার্নার জিতলেন ১৮ বার এবং বিশ্বকাপের তিন আসর মিলিয়ে পঞ্চমবার। টানা চার সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ সেরা হলেন টানা চতুর্থবার।
