৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

শিলার এক যুগের পুরনো রেকর্ড ভাঙলেন ইরফানা

জাতীয় সাঁতারে এ নিয়ে তৃতীয় রেকর্ড গড়লেন বাংলাদেশ সেনাবাহিনীর এই সাঁতারু।

শিলার এক যুগের পুরনো রেকর্ড ভাঙলেন ইরফানা

এক যুগ আগের রেকর্ড নিজের করে নিয়েছেন ইরফানা খাতুন। ছবি: সাঁতার ফেডারেশন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 30 Oct 2026, 07:42 PM

Updated : 30 Oct 2026, 07:42 PM

জাতীয় সাঁতারে রেকর্ড ভাঙা-গড়ার খেলা চলছেই। এবার ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে মাহফুজা খাতুন শিলার এক যুগ আগের রেকর্ড ভাঙলেন ইরফানা খাতুন। বাংলাদেশ সেনাবাহিনীর এই সাঁতারু এ নিয়ে তিন ইভেন্টে গড়লেন রেকর্ড।

মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সে শুক্রবার তৃতীয় দিনে হয়েছে দুটি রেকর্ড। সব মিলিয়ে এবার এ পর্যন্ত রেকর্ড হয়েছে ১৬টি।

৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে ৩৪ দশমিক ৫৭ সেকেন্ড সময় নিয়ে সাঁতার শেষ করেছেন ইরফানা। ভেঙেছেন এসএ গেমসে দুটি সোনা জয়ী শিলার ২০১৪ সালে গড়া (৩৪ দশমিক ৫৭ সেকেন্ড) রেকর্ড।

ইরফানা এর আগে ২০০ মিটার ব্যাকস্ট্রোকে (২ মিনিট ৪৫ দশমিক ৪০ সেকেন্ড) ভেঙেছেন গত বছর রোমানা আক্তারের গড়া ২ মিনিট ৪৯ দশমিক ৭৫ সেকেন্ডের রেকর্ড।

আর ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ২০২৪ সালে রোমানা আক্তারের গড়া (১ মিনিট ১৮ দশমিক ২৭ সেকেন্ড) রেকর্ড নিজের করে নিয়েছেন ইরফানা (১ মিনিট ১৭ দশমিক ৩৬ সেকেন্ড)।

এদিন মেয়েদের ২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে সেনাবাহিনী ৯ মিনিট ৪৭ দশমিক ৯৯ সেকেন্ড সময় নিয়ে গত বছর নৌবাহিনীর গড়া (৯ মিনিট ৫০ দশমিক ০১ সেকেন্ড) ভেঙেছে। সেনাবাহিনীর হয়ে সাঁতরেছেন মুক্তি খাতুন, ইরফানা, ছুম্মা খাতুন ও জুঁই আক্তার।

দলগত পদক তালিকায় নৌবাহিনী ২৮টি সোনা, ১৮টি রুপা ও ১৩টি ব্রোঞ্জ নিয়ে শীর্ষে আছে। দ্বিতীয় স্থানে থাকা সেনাবাহিনী জিতেছে ১২টি সোনা, ১৮টি রুপা ও ২২টি ব্রোঞ্জ। ২টি রুপা ও ৬টি ব্রোঞ্জ নিয়ে তৃতীয় স্থানে আছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি।