২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

জাতীয় সাঁতারে প্রথম দিনে ৬ রেকর্ড

প্রথম দিন শেষে নৌবাহিনী ৯টি সোনাসহ ১৮টি পদক নিয়ে শীর্ষে আছে।

জাতীয় সাঁতারে প্রথম দিনে ৬ রেকর্ড

কাজল মিয়া ও সামিউল ইসলাম। ছবি: সাঁতার ফেডারেশন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Oct 2026, 06:49 PM

Updated : 28 Oct 2026, 06:49 PM

জাতীয় সাঁতারের প্রথম দিনে সুইমিংপুলে ঝড় তুলেছেন কাজল মিয়া, সামিউল ইসলাম রাফি ও ইরফানা খাতুন। তিন জনই নিজেদের ইভেন্টে সেরা হয়েছেন জাতীয় রেকর্ড গড়ে।

প্রতিযোগিতার প্রথম দিনে সব মিলিয়ে হয়েছে ছয়টি জাতীয় রেকর্ড।

মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে বুধবার শুরু হয়েছে এই প্রতিযোগিতা। বিভাগীয় ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা, সুইমিং ক্লাব, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি, বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশসহ ৭৯টি দলের প্রায় ৪৭০ জন পুরুষ ও ১০২ জন মহিলা সাঁতারু এবারের আসরে পদকের লড়াইয়ে অংশ নিচ্ছেন।

প্রথম ইভেন্টে রেকর্ড গড়েন কাজল। ২০০ মিটার ফ্রিস্টাইলে নৌবাহিনীর এই সাঁতারু ১ মিনিট ৫৪ দশমিক ৫৫ সেকেন্ড সময় নিয়ে গত বছর নিজের গড়া (১ মিনিট ৫৫ দশমিক ০৬ সেকেন্ড) রেকর্ড ভেঙেছেন।

৫০ মিটার ব্যাকস্ট্রোকে সামিউলও ভেঙেছেন নিজের রেকর্ড। গত বছর ২৬ দশমিক ০৫ সেকেন্ড টাইমিং এবার তিনি নামিয়ে এনেছেন ২৫ দশমিক ৮১ সেকেন্ডে।

১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ২০২৪ সালে রোমানা আক্তারের গড়া (১ মিনিট ১৮ দশমিক ২৭ সেকেন্ড) রেকর্ড নিজের করে নিয়েছেন ইরফানা। বাংলাদেশ সেনাবাহিনীর এই সাঁতারুর টাইমিং ১ মিনিট ১৭ দশমিক ৩৬ সেকেন্ড।

১০০ মিটার রিলেতে ৩ মিনিট ৩০ দশমিক ৩৭ সেকেন্ড টাইমিং করে নতুন রেকর্ড গড়েছে নৌবাহিনী। দলের হয়ে সাঁতরেছেন রাফি, মোহাম্মদ ইসলাম, আসিফ রেজা ও কাজল। আগের রেকর্ডটি (৩ মিনিট ৩২ দশমিক ১৮ সেকেন্ড) নৌবাহিনীই গড়েছিল গত বছর।

১০০ মিটার রিলের মেয়েদের বিভাগেও ফাতিহা মাহতাব মাইশা, পলি খাতুন, মুক্ত খাতুন ও সোনিয়া আক্তারকে নিয়ে গড়া নৌবাহিনী গড়েছে নতুন রেকর্ড (৪ মিনিট ২৪ দশমিক ২০ সেকেন্ড)। আগের রেকর্ডটিও (৪ মিনিট ২৫ দশমিক ৫৫ সেকেন্ড) গড়েছিল নৌবাহিনীই।

এছাড়া ১মিটার স্প্রিং বোর্ড ডাইভিংয়ে নৌবাহিনীর অর্পা দাস গড়েছেন নতুন রেকর্ড।

প্রথম দিন শেষে নৌবাহিনী ৯টি সোনা, ৪টি রুপা ও ৫টি ব্রোঞ্জসহ ১৮টি পদক নিয়ে শীর্ষে আছে। ৩টি সোনা, ৭টি রুপা ও ৫টি ব্রোঞ্জ নিয়ে দ্বিতীয় স্থানে আছে সেনাবাহিনী।