ভারতের বিপক্ষে ‘খেলতে চান’ চোটাক্রান্ত সাকিব, সিদ্ধান্ত অনুশীলন দেখে
মঙ্গলবার অনুশীলনে ব্যাটিং ও রানিং পরখ করে এবং আরেক দফা স্ক্যান করার পর সিদ্ধান্ত হতে পারে বাংলাদেশ অধিনায়ককে নিয়ে।
হাঁটাচলায় অস্বস্তি নেই। সাঁতার কাটতেও সমস্যা হয়নি। সাকিব আল হাসানকে নিয়ে এটুকু আপাতত স্বস্তির খবর। তবে ম্যাচ খেলা তো ভিন্ন ব্যাপার। লম্বা সময় ব্যাটিং বা বোলিং করা, রানিং-ফিল্ডিংয়ের ব্যাপার তো পুরো ভিন্ন। সেখানে শঙ্কা এখনও আছে বাংলাদেশ অধিনায়ককে নিয়ে। মঙ্গলবার অনুশীলনে তাই ব্যাটিং ও রানিং দেখে এবং আরেক দফা স্ক্যান করানোর পর তাকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দল।
চেন্নাইয়ে নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ৪০ রানের ইনিংসের পথে একটি রান নেওয়ার সময় পায়ে টান লাগে সাকিবের। মাঠেই কিছুক্ষণ চিকিৎসা নিয়ে তিনি ব্যাটিং চালিয়ে যান। পরে ১০ ওভার বোলিংও করেন। ম্যাচ শেষে তার স্ক্যান করানো হয়। সেখানে ‘টিয়ার’ ধরা পড়ে। তবে তা গুরুতর নয় বলেই ভারতের বিপক্ষে ম্যাচে তাকে পাওয়ার আশা আছে এখনও।
এমআরআই করানোর পর বিসিবি থেকে জানানো হয়েছিল, প্রতিদিন সাকিবের অগ্রগতি পর্যবেক্ষণ করা হবে। সোমবার পুনের টিম হোটেলে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ জানান বাংলাদেশ অধিনায়কের সবশেষ অবস্থা।
“সাকিব ভালো হয়ে উঠছে। ব্যথামুক্ত আছে। এখনও যেহেতু মাঠে নামেনি, পুরো চিত্রটা বলা যাবে না। কালকে হয়তো নেটে ব্যাটিং করবে। রানিং বিটউইন দা উইকেট করবে হয়তো। করলে বোঝা যাবে। আশা করি এই ম্যাচে…আমরা ধারণা করছি ও খেলতে পারবে।
“যেহেতু মেডিকেল ইস্যু আছে, টিয়ার আছেই পায়ে... (শঙ্কাও আছে)। আজ সুইমিংয়ের কিছু কাজ ছিল। আপার পার্টে জিম ছিল। কাল মাঠে ব্যাটিংয়ের পর স্ক্যান করানো হবে। তখন বুঝতে পারব কোন অবস্থায় আছে। তাহলে পরিষ্কার চিত্র একটা পাব হয়তো।”
শনিবার পুনেতে আসার পর রোববার ও সোমবার কোনো অনুশীলন ছিল না বাংলাদেশ দলের। নতুন ভেন্যুতে প্রথম অনুশীলন সেশন মঙ্গলবার দুপুরে। বলার অপেক্ষা রাখে না, সেখানে মনোযোগের কেন্দ্রে থাকবেন সাকিব।
সাকিব নিজে খেলতে ইচ্ছুক বলেই জানালেন খালেদ মাহমুদ। এমনকি শতভাগ ফিট না হলেও তিনি যদি খেলার মতো অবস্থায় থাকেন, তাহলেও তাকে মাঠে নামানো হতে পারে।
“যেহেতু টিয়ারের ব্যাপার, ব্যথা থাকতেই পারে। মাসলে যেহেতু চোট পেয়েছে, টিয়ার থাকবেই। কতটা রিকভারি হয়েছে, এটা দেখতে হবে। এটা (এই ধরনের চোটে) হাঁটলেও ব্যথা হয়। সাকিবের সেরকম কিছুই নেই। এজন্য আমরা আশাবাদী। তবে ধীরে ধীরে হাঁটা ও মাঠে দৌড়ানোর মধ্যে পার্থক্য আছে। যেহেতু সে গত ম্যাচে রান নিতে গিয়েই ব্যথাটা পেয়েছিল। কালকে হয়ত ওগুলো দেখবে।”
“আমরা চাই… যদি এরকমও বলি যে ৯০ ভাগ বা ৯৫ ভাগ ফিট…. গত ম্যাচে চোট পাওয়ার পরেও ব্যাটিং করেছে, পুরো ১০ ওভারের কোটার বোলিং করেছে। যদি সেরকম হয়, সে নিজে যদি স্বচ্ছন্দ বোধ করে, সাকিব নিজে চাইছে খেলতে। তবে নির্ভর করে ওর শতভাগ ফিটনেসের ওপর।”
তবে বড় কোনো ঝুঁকি না থাকলেই কেবল খেলানো হবে সাকিবকে। জোর করে খেলাতে গিয়ে তাকে লম্বা সময়ের জন্য হারাতে চান না খালেদ মাহমুদ।
“টুর্নামেন্টের এখনও ৬টি ম্যাচ বাকি আছে। কাজেই একটি খেলতে গিয়ে বাকি সবকটা মিস করুক, এটা আমরা চাই না। তবে যেহেতু ডাক্তারের ‘কল’, ফিজিওর ‘কল’, কোচদের ‘কল’ নয়। সাকিব নিজেও ব্যাপারটি বুঝবে। আমরা চাই না, সাকিব এটা খেলতে গিয়ে তার ক্যারিয়ারের জন্য সমস্যা হোক। লম্বা সময়ের জন্য বিপদে পড়ুক। যদি সাকিব চায় এবং ফিজিওদের মত থাকে, তাহলে সে খেলবে। নাহলে এই ম্যাচ যদি তাকে ছাড়াই খেলতে হয়, তাহলে তাই খেলব।’
