২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘অধিনায়কত্ব ভারতের বিপক্ষে জয়ের ওপর নির্ভর করে না’

চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ম্যাচের আগে অধিনায়ক হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়ে মোটেও চিন্তিত নন বাবর আজম।

‘অধিনায়কত্ব ভারতের বিপক্ষে জয়ের ওপর নির্ভর করে না’

পাকিস্তানের টিম ডিরেক্টর মিকি আর্থারের সঙ্গে অধিনায়ক বাবর আজম (ডানে)। ছবি: রয়টার্স  

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2023, 10:02 PM

Updated : 13 Oct 2023, 10:02 PM

পাকিস্তান ক্রিকেটে বাবর আজমের নেতৃত্ব নিয়ে আলোচনা-সমালোচনা হয় নিত্য। বিশ্বকাপে ভারতের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচের আগেও উঠে এলো তার নেতৃত্বের প্রসঙ্গ। অনেক সময় এসব বড় ম্যাচে জয়-পরাজয় নির্ধারণ করে দেয় অধিনায়কত্বের ভবিষ্যৎ। বাবর যদিও দৃঢ় কণ্ঠে বললেন, নেতৃত্ব নিয়ে একেবারেই চিন্তিত নন তিনি।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শনিবার মুখোমুখি হবে পাকিস্তান ও ভারত। আসরে দুই দলই জিতেছে নিজেদের প্রথম দুই ম্যাচ।

পঞ্চাশ ওভারের বিশ্বকাপে সাতবারের দেখায় এখনও ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। অধিনায়ক হিসেবে এটিই বাবরের প্রথম ওয়ানডে বিশ্বকাপ। ভারতের বিপক্ষে ম্যাচে নেতৃত্বের চাপ নিয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, তার অধিনায়কত্ব একটি ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছে না। 

“আমি মনে করি না অধিনায়কত্বের ভবিষ্যৎ ভারতের বিপক্ষে জয়-পরাজয়ের ওপর নির্ভর করছে। শুধু এই ম্যাচের জন্য আমাকে অধিনায়কত্ব দেওয়া হয়নি।”

আসরে ব্যাট হাতে প্রথম দুই ম্যাচে ভালো করতে পারেননি বাবর। রান মোটে ১৫। ওয়ানডেতে ভারতের বিপক্ষে তার অতীত পারফরম্যান্সও খুব একটা ভালো নয়। ৬ ইনিংসে ২৮ গড়ে রান কেবল ১৬৮। নেই কোনো ফিফটিও।

দুই দেশের রাজনৈতিক বৈরিতায় দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ প্রায় এক দশক ধরে। বহুজাতিক টুর্নামেন্ট ছাড়া তাই দেখা হয় না দুই দলের। এজন্যই ভারতের বিপক্ষে তার পারফরম্যান্স অতটা উজ্জ্বল নয় বলে মনে করেন বাবর।   

“এখন পর্যন্ত বিশ্বকাপে প্রত্যাশানুযায়ী পারফর্ম করতে পারিনি। তবে আমি আশাবাদী, আমার পারফরম্যান্সে উন্নতি হবে। ভারতের বিপক্ষে আমার রেকর্ডের কথা যদি বলেন, আমরা শুধুমাত্র বিশ্বকাপের সময় একে অপরের মুখোমুখি হই, তাই দুই ম্যাচের মধ্যে অনেক সময় কেটে যায়। বেশিরভাগ ক্ষেত্রে আমার ভুলের কারণে আউট হয়েছি, কোনো নির্দিষ্ট বোলারের কারণে নয়।”