হারের পর বাবরদের জরিমানা
মন্থর ওভার রেটের জন্য পাকিস্তানের খেলোয়াড়দের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হৃদয় ভাঙা হারের পর শাস্তিও পেল পাকিস্তান। মন্থর ওভার রেটের জন্য দলটির খেলোয়াড়দের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।
বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা আইসিসি শনিবার এক বিবৃতিতে পাকিস্তানের শাস্তির বিষয়টি জানায়।
চেন্নাইয়ে শুক্রবারের ওই ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে চার ওভার পিছিয়ে ছিল বাবর আজমের দল।
আইসিসির নিয়ম অনুযায়ী, মন্থর ওভার রেটের ক্ষেত্রে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করার বিধান রয়েছে।
ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের দেওয়া শাস্তি মেনে নেন পাকিস্তান অধিনায়ক বাবর। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচটি ১ উইকেটে হারে পাকিস্তান। আসরে যা তাদের টানা চতুর্থ হার।
