২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের বিপক্ষে রোহিতের ‘প্রথম’

ওয়ানডেতে ২৪তম বার এবং বিশ্বকাপে সপ্তমবার ম্যাচ সেরার পুরস্কার জিতলেন ভারত অধিনায়ক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2023, 10:53 PM

Updated : 29 Oct 2023, 11:58 PM

যে উইকেটে ভুগলেন বেশিরভাগ ব্যাটসম্যান, সেখানে অনায়াস ব্যাটিং করলেন রোহিত শার্মা। পেস বোলিং সহায়ক উইকেটে কী দারুণভাবেই না সামলালেন ইংলিশ পেসারদের। প্রবল চাপে ভেঙে না পড়ে ম্যাচের একমাত্র ফিফটিতে গড়ে দিলেন ব্যবধান। দলকে জয়রথে রাখার পাশাপাশি ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবার জিতলেন ম্যাচ সেরার পুরস্কার।

লক্ষ্ণৌয় রোববার গত আসরের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ১০০ রানে হারিয়েছে ভারত। দলকে ২২৯ রানের পুঁজি এনে দেওয়ার পথে রোহিত ১০১ বলে তিন ছক্কা ১০ চারে করেছেন ৮৭ রান।

ম্যাচে পঞ্চাশ ছুঁতে পারেননি আর কেউ। দুই দল মিলিয়ে ছক্কা ছয়টি, এর অর্ধেকই মেরেছেন ভারত অধিনায়ক। স্বাগতিকদের ২০ চারের অর্ধেক এসেছে তার ব্যাট থেকেই। 

৪০ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়া দলকে ৪ উইকেটে ১৬৪ রানের ভালো অবস্থানে নিয়ে যান রোহিত। কঠিন উইকেটে দারুণ ব্যাটিংয়ে ওয়ানডেতে ২৪তম বার জেতেন ম্যাচ সেরার পুরস্কার, বিশ্বকাপে সপ্তমবার।

২০১৫ আসরে জিতেছিলেন একবার। ২০১৯ সালে জেতেন চারবার। আর এবার আফগানিস্তানের পর জিতলেন ইংল্যান্ডের বিপক্ষে। 

ইংলিশদের বিপক্ষে রেকর্ড বেশ ভালো রোহিতের। ২০ ম্যাচে সেঞ্চুরি আছে দুটি। তাদের বিপক্ষে এই প্রথম জিততে পারলেন ম্যাচ সেরার পুরস্কার। 

শিরোপা ধরে রাখার অভিযানে এসে ভীষণ বাজে সময় কাটানো ইংল্যান্ডকে স্রেফ ১২৯ রানে গুঁড়িয়ে দেওয়ায় সবচেয়ে বড় অবদান রাখা মোহাম্মদ শামিও (৪/২২) জিততে পারতেন ম্যাচ সেরার পুরস্কার। তবে কার্যকরী ইনিংসের জন্য বিশেষজ্ঞ প্যানেল বেছে নেন রোহিতকেই।

অস্ট্রেলিয়ার সাবেক পেসার গ্লেন ম্যাকগ্রাকে টপকে বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ সেরার পুরস্কারজয়ী এখন রোহিত। ম্যাকগ্রা ৩৯ ম্যাচে ৬ বার, রোহিত ২৩ ম্যাচে ৭ বার। সবার ওপরে সাচিন টেন্ডুলকার, ৪৫ ম্যাচে ৯ বার জিতেছেন।