২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সুসময়ের উচ্ছ্বাস সবার, দুঃসময়ের যন্ত্রণা ‘শুধুই ক্রিকেটারদের’

চারপাশে সমালোচনার ঝড় দেখে একটু অভিমানের সুরে তাসকিন আহমেদ বললেন, দল ভালো করলে উপভোগ করেন সবাই, কিন্তু দল খারাপ করলে ঝড় বয়ে যায় শুধু ক্রিকেটারদের ওপর দিয়েই।

সুসময়ের উচ্ছ্বাস সবার, দুঃসময়ের যন্ত্রণা ‘শুধুই ক্রিকেটারদের’

বিশ্বকাপে টানা চার হারের ধাক্কা সইয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ দল।

আরিফুল ইসলাম রনি আরিফুল ইসলাম রনি

কলকাতা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2023, 07:30 PM

Updated : 27 Oct 2023, 07:30 PM

তাসকিন আহমেদের গলা কি একটু ধরে এলো? ঠিক কান্নার দমক নয়। তবে আবেগের প্রভাব তার কণ্ঠে স্পষ্ট। একটু অভিমানের সুরও ফুটে উঠল যেন। তাদের এখন দুঃসময়। দল ভালো করছে না, চারপাশে সমালোচনার ঝড়। সেসব দেখেই অভিজ্ঞ এই ফাস্ট বোলার বললেন, দলের সুসময়ে আনন্দে মেতে ওঠেন সবাই, কিন্তু খারাপ সময়ের ঝাপটা সইতে হয় শুধু ক্রিকেটারদেরই।

আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরুর পর টানা চার ম্যাচ হেরেছে বাংলাদেশ। এই চার ম্যাচের একটিতেও তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি দল। স্বাভাবিকভাবেই সমালোচনাও হচ্ছে প্রচুর।

অনেক বড় স্বপ্ন নিয়ে এবার বিশ্বকাপ শুরু করেছিল সাকিব আল হাসানের দল। কোচ-অধিনায়ক থেকে শুরু করে সেমি-ফাইনাল খেলার লক্ষ্যের কথা বলেছিলেন অনেকেই। কিন্তু কঠিন বাস্তবতার ধাক্কায় স্বপ্নের রঙ এখন ফিকে হয়ে গেছে অনেকটাই।

বাংলাদেশের ক্রিকেটে বরাবরই যেটা হয়, বিশ্ব আসরে দল খারাপ করতে শুরু করলে মাঠের বাইরের অনেক ঘটনা বড় হয়ে ফুটে ওঠে। সমালোচনার স্রোতও তাতে তীব্র হয়। এবারও দেখা যাচ্ছে তেমনটিই। মাঠের ভেতরে-বাইরের নানা কিছু নিয়ে দেশের ক্রিকেট উত্তাল।

সেই আঁচ ঠিকই টের পাচ্ছেন ক্রিকেটাররা। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের আগের দিন তাসকিন আহমেদের কণ্ঠে একটু আক্ষেপই যেন ফুটে উঠল।

“এটা তো আসলে হয় কী… যখন খারাপ হয়, এই ১৫ জনেরই সব নিতে হয়। তো ওটা আমরা নিচ্ছি, সব চাপ নিচ্ছি। আবার যখন ভালো সময় আসবে, সবাই মিলে উদযাপন করব।”

বিশ্বকাপে প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির ঘাটতি সবচেয়ে বেশি যেখানে, সেখানে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে তাসকিন ও তার সতীর্থ পেসারদের। পেসারদের নিয়ে প্রত্যাশা এবার ছিল আকাশচুম্বি। কিন্তু এখনও পর্যন্ত তারা নিজেদের ছায়া হয়েই আছেন। তাসকিন নিজে তিন ম্যাচ খেলে ভালো কিছু করতে পারেননি। সেরা চেহারার ধারেকাছে নেই অন্য পেসাররাও।

নিজেদের সেই ব্যর্থতা অবশ্য মেনে নিচ্ছেন তাসকিন। তবে মুষড়ে না পড়ে তিনি সামনে তাকাচ্ছেন নতুন আশা নিয়ে।

“আসলে আশা অনুযায়ী আমাদের ব্যাটিং-বোলিং দুটিই ভালো হয়নি। আশা করছি যে, কালকে আমাদের সেরাটা দিয়ে ভুলগুলো পুষিয়ে দিতে হবে। এখন জেতার কোনো বিকল্প নেই। নিজেদের সেরাটা দিয়ে জেতাটাই মূল লক্ষ্য। যেগুলো ভালো হয়নি, সেখানে যদি ১০-১৫ শতাংশও আরও উন্নতি করতে পারি, তাহলে জেতার সুযোগ আসবে।”