গতি ও বাউন্সে বাংলাদেশকে ভুগিয়ে ফার্গুসনের ‘প্রথম’
ওয়ানডেতে প্রায় পাঁচ বছর পর ও বিশ্বকাপে প্রথমবার ম্যাচ সেরা হলেন নিউ জিল্যান্ডের এই গতিময় পেসার।
বাংলাদেশের বিপক্ষে শুরু থেকে শর্ট বলের কৌশল বেছে নেন লকি ফার্গুসন। তাতে মেলে সাফল্যও। প্রতিপক্ষের সবচেয়ে বড় দুটি জুটিই ভাঙেন তিনি শর্ট বলে। ম্যাচে নিউ জিল্যান্ডের সফলতম বোলার দারুণ স্বীকৃতি পেলেন ম্যাচ শেষে। বিশ্বকাপে প্রথমবারের মতো জিতলেন ম্যাচ সেরার পুরস্কার।
চেন্নাইয়ে শুক্রবার বাংলাদেশকে ২৪৮ রানে আটকে রাখতে বড় অবদান রাখেন ফার্গুসন। ১০ ওভারে ৪৯ রানে ৩ উইকেট নেন ৩২ বছর বয়সী ক্রিকেটার।
ম্যাচের প্রথম বলে লিটন দাসকে হারানোর পর তানজিদ হাসান ও মেহেদী হাসান মিরাজ যখন জুটি গড়ার চেষ্টায়, আক্রমণে এসে নিজের প্রথম ওভারেই তানজিদকে ফিরিয়ে ৪০ রানের জুটি ভাঙেন ফার্গুসন। পায়ের ওপরে করা ফুল লেংথ বলে সহজ ক্যাচ দেন বাংলাদেশের বাঁহাতি ওপেনার।
এরপর ফার্গুসনের শর্ট বলে ছক্কার চেষ্টায় ফাইন লেগে ক্যাচ দিয়ে ফেরেন মিরাজ। প্রথম স্পেলে ৪ ওভারে ১২ রান দিয়ে উইকেট ২টি নেন গতিময় এই পেসার।
৫৬ রানে ৪ উইকেট হারানোর পর বড় জুটি গড়ে তোলেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। দ্বিতীয় স্পেলে ফিরে দ্বিতীয় ওভারে ফার্গুসন ৯৬ রানের জুটি ভাঙেন সাকিবকে ফিরিয়ে।
আগের শর্ট বলে পুল করে ছক্কা মারেন সাকিব। পরের বলে আবারও বাউন্সারে বাংলাদেশ অধিনায়ককে প্রলুব্ধ করেন ফার্গুসন, কাজে লাগে সেই কৌশল। ব্যাটে ঠিকমতো না লাগায় বল উঠে যায় আকাশে।
ওই জুটি ভাঙার পর নিয়মিত উইকেট হারিয়ে আড়াইশর আগে থেমে যায় বাংলাদেশ। কেন উইলিয়ামসন (১০৭ বলে ৭৮) ও ড্যারিল মিচেলের (৬৭ বলে ৮৯*) ফিফটিতে নিউ জিল্যান্ড ৮ উইকেটের জয় পায় ৪৩ বল হাতে রেখে। এই দুজনকে ছাপিয়ে ম্যাচের সেরা ফার্গুসন।
ওয়ানডেতে এই নিয়ে দ্বিতীয়বার ম্যাচ সেরা হলেন তিনি। প্রথমবার হয়েছিলেন ২০১৮ সালের নভেম্বরে, পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেট নিয়ে।
