২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাইয়ে বাংলাদেশের নেটে দেশ থেকে আসা লেগ স্পিনার

অনূর্ধ্ব-১৯ দলের লেগ স্পিনার ওয়াসি বিশ্বকাপে দলকে সহায়তা করবেন নেটে ব্যাটসম্যানদের লেগ স্পিন খেলার প্রস্তুতিতে।

মুম্বাইয়ে বাংলাদেশের নেটে দেশ থেকে আসা লেগ স্পিনার

বিশ্বকাপে বাংলাদেশ দলের অনুশীলনে দেশের অনূর্ধ্ব-১৯ দলের লেগ স্পিনার ওয়াসি সিদ্দিক।

আরিফুল ইসলাম রনি আরিফুল ইসলাম রনি

মুম্বাই থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2023, 06:36 PM

Updated : 22 Oct 2023, 07:01 PM

সব দলের অনুশীলনে স্থানীয় নেট বোলার তো কতজনই থাকেন। বাংলাদেশ দলের অনুশীলনেও রোববার দেখা গেল ভিন্ন জার্সি গায়ে এক লেগ স্পিনারকে। তবে অন্য নেট বোলারদের মতো তিনি নন, স্থানীয় কেউও নন। নেটে লেগ স্পিন খেলার অনুশীলনের জন্যই দেশ থেকে উড়িয়ে আনা হয়েছে সম্ভাবনাময় এই লেগ স্পিনারকে। নাম তার ওয়াসি সিদ্দিক।

এমনিতে বাংলাদেশ দলের অনুশীলনে বিশেষ একজন নেট বোলার আছেন আগে থেকেই। কেরালার বাঁহাতি রিস্ট স্পিনার জিয়াস কারাপ্পা নেটে বোলিং করছেন দেশে প্রস্তুতির সময় থেকেই। বিশ্বকাপেও তিনি ভেন্যু থেকে ভেন্যুতে দলের সঙ্গী। এবার সঙ্গী হলেন ওয়াসি।

দেশের ক্রিকেটে এখনও তেমন পরিচিত নন ওয়াসি। স্বীকৃত পর্যায়ের ক্রিকেটে এখনও অভিষেক হয়নি তার। তবে একদম আনকোরাও নন। অনূর্ধ্ব-১৯ দলে খেলছেন বেশ কিছুদিন ধরেই। গত এপ্রিল-মে মাসে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে যুব টেস্টে চট্টগ্রামে এক ইনিংসে নিয়েছিলেন ৫ উইকেট।

এছাড়া গত মার্চে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে যুব ওয়ানডে খেলেছেন। মে মাসে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ও জুলাইয়ে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে যুব ওয়ানডে খেলেছেন। সব মিলিয়ে ৬টি যুব ওয়ানডে খেলে উইকেট নিয়েছেন ৮টি।

মূলত বাংলাদেশের ব্যাটসম্যানদের লেগ স্পিন খেলার প্রস্তুতির জন্যই কারাপ্পা ও ওয়াসিকে রাখা হচ্ছে নেটে। রোববার অনুশীলনের শুরুতে ওয়াসি ছিলেন অনেকটা দর্শকের ভূমিকায়। তবে পরে লম্বা সময় বোলিং করেন।

তার অ্যাকশনের শুরুর ধাপটা একটু ব্যতিক্রমী। পরের অংশটুকু অবশ্য প্রথাগতই, বেশ মসৃণ অ্যাকশন। বোলিং রান আপে ছুটে যান দ্রুতগতিতে। খুব বেশি টার্ন তার বলে দেখা যায়নি। আধুনিক লেগ স্পিনারদের মতোই বেশ জোরের ওপর বোলিং করেন। বলের গতি আর লেংথকে তার শক্তির জায়গা বলে মনে হলো। বেশ নিশানা ও লেংথে টানা বোলিং করেন। এ দিনের অনুশীলনে গুগলি বা ফ্লিপার ধরনের কিছু খুব বেশি করতে দেখা যায়নি।

ওয়াসিকে খেলে বাংলাদেশের ব্যাটসম্যানদের প্রস্তুতি কতটা পোক্ত হবে, বলা কঠিন। তবে বিশ্বকাপের মতো মঞ্চে দলের সঙ্গে থাকা, দেশের শীর্ষ ব্যাটসম্যানদের বোলিং করা, এসব ওয়াসির জন্য অমূল্য অভিজ্ঞতা হবে নিশ্চিতভাবেই। ক্যারিয়ারের পথচলায় এই অভিজ্ঞতা থেকে তিনি সমৃদ্ধ হবেন দারুণভাবে।