ভিসা জটিলতায় অনিশ্চিত যুবাদের ওমান সফর
গত মাসের শুরু থেকে চেষ্টা করেও এখন পর্যন্ত ওমান সফরের ভিসা পায়নি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে দেশ ছাড়ার দিন ভিসা জটিলতায় আটকে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এখনও ভিসা না পাওয়ায় অনিশ্চয়তায় তাদের এই সফর।
সিরিজটি আফগানদের বিপক্ষে হলেও, ম্যাচগুলো হওয়ার কথা ওমানের মাঠে। পাঁচ ম্যাচের এই যুব ওয়ানডে সিরিজ খেলতে শনিবার ওমানের উদ্দেশে উড়াল দেওয়ার কথা ছিল যুবাদের।
তবে শুক্রবার রাতে ক্রিকেটারদের হঠাৎই জানানো হয়, বাতিল হয়েছে সেই পরিকল্পনা। পরে জানানো হবে ফ্লাইটের সময়।
পরে শনিবার দুপুরে বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আফগানিস্তানের বিপক্ষে যুব ওয়ানডে সিরিজ খেলার জন্য নির্ধারিত ভ্রমণসূচি পিছিয়ে গেছে। বিসিবির পক্ষ থেকে আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে (এসিবি) জানানো হয়েছে, ওমানি কর্তৃপক্ষের কাছ থেকে ভিসা পাওয়ার অপেক্ষায় রয়েছে বাংলাদেশের যুবারা।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, ওমান ক্রিকেট একাডেমি মাঠে আগামী মঙ্গলবার শুরু হওয়ার কথা পাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজ। খোঁজ নিয়ে জানা গেছে, সোমবারের আগে ভিসা পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। তাই বড় প্রশ্নের মুখে পড়ে গেছে যুবাদের এই সফর।
আফগানদের বিপক্ষে সিরিজের জন্য এরই মধ্যে ১৫ জনের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। ফরিদ হাসান ফয়সালের নেতৃত্বে সাম্প্রতিক গেম ডেভেলপমেন্ট ট্রফিতে পারফর্ম করা ক্রিকেটারদের নিয়ে সাজানো হয়েছে দল।
