বাংলাদেশের বিপক্ষে অনিশ্চিত স্টোকস
জস বাটলার বলেছেন, ম্যাচ খেলার মতো ফিটনেস পেতে এখনও লড়াই করছেন বেন স্টোকস।
চোট কাটিয়ে এখনও পুরোপুরি ফিটনেস ফিরে পাননি বেন স্টোকস। তাই বাংলাদেশের বিপক্ষে খেলার সম্ভাবনা খুবই কম ইংল্যান্ডের এই তারকা অলরাউন্ডারের।
ধারামশালায় মঙ্গলবার সকালে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ইংল্যান্ড। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে স্টোকসের সবশেষ অবস্থা জানিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার।
ওয়ানডে সংস্করণে অবসর ভেঙে ফেরার পর তিনটি ম্যাচ খেলেছেন স্টোকস। গত মাসে এর সবশেষটিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে করেছেন ইংল্যান্ডের রেকর্ড ১৮২ রান। পরে বিশ্রামে থাকেন সিরিজের শেষ ম্যাচে।
এরপর বিশ্বকাপের প্রস্তুতি পর্বের ম্যাচেও খেলেননি ৩২ বছর বয়সী অলরাউন্ডার। পরে নিতম্বের সমস্যায় তাকে ছাড়াই কিউইদের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে মাঠে নামে ইংল্যান্ড। সেই সমস্যা এখনও পুরোপুরি সারেনি স্টোকসের।
তবে এরই মধ্যে ফিটনেসের উন্নতির আশায় নেটে অনুশীলনে ফিরেছেন স্টোকস। সেটি পর্যাপ্ত নয় বলে জানালেন বাটলার।
“খুব সম্ভবত তার (স্টোকস) খেলার সম্ভাবনা কম। সে নেটে ফিরেছে এবং শতভাগ ফিটনেস ফিরে পাওয়ার কাজ করে যাচ্ছে দেখে ভালো লাগছে। তবে খুব সম্ভবত কালকের ম্যাচে সে অনিশ্চিত।”
গত কয়েক আসরে বিশ্বকাপে বাংলাদেশ-ইংল্যান্ড দ্বৈরথে দেখা গেছে দারুণ কিছু ম্যাচ। ২০১১ ও ২০১৫ বিশ্বকাপে ইংলিশদের হারায় বাংলাদেশ। গত আসরে আবার বাংলাদেশকে রীতিমতো উড়িয়েই দেয় ইংল্যান্ড।
তবে আরও একবার মুখোমুখি লড়াইয়ে নামার আগে অতীতের কিছু নিয়ে ভাবছেন না বাটলার।
“না না! একদমই (দুশ্চিন্তার কিছু) নয়। বাংলাদেশের বিপক্ষে আমরা দারুণ কিছু ম্যাচ খেলেছি। তারা খুব ভালো দল। আমরা যাদের বিপক্ষেই খেলি, তাদের সম্মান করি। বিশ্বকাপে আপনি সবসময়ই কঠিন সূচিতে কঠিন প্রতিপক্ষের অপেক্ষা করবেন।”
শিরোপা ধরে রাখার অভিযানে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। নিউ জিল্যান্ডের কাছে ৯ উইকেটে হেরেছে তারা। ২৮৬ রানের পুঁজি নিয়েও কোনো লড়াই-ই করতে পারেনি বাটলারের দল।
বাংলাদেশের শুরুটা হয়েছে ঠিক বিপরীত। আফগানিস্তানকে স্রেফ ১৫৬ রানে গুটিয়ে ৬ উইকেটের সহজ জয় পেয়েছে তারা। দুই দলের প্রথম ম্যাচের এমন ফল নিয়ে খুব একটা ভাবছেন না ইংলিশ অধিনায়ক।
“দুই দলই স্রেফ একটি করে ম্যাচ খেলেছে। আমরা দল হিসেবে খুবই আত্মবিশ্বাসী। আমরা জানি, সবশেষ ম্যাচ থেকে আমরা ভালো খেলতে পারি। আগামীকাল ভালো পারফরম্যান্স করার দিকে তাকিয়ে আমরা।”
