পরের দুই ম্যাচেও ও’রাইলিকে পাচ্ছে না ইংল্যান্ড
ক্লাব ম্যানচেস্টার সিটিতে ফিরে গেছেন এই লেফট-ব্যাক।
চলতি আন্তর্জাতিক বিরতিতে নেশন্স লিগে ইংল্যান্ডের শেষ দুই ম্যাচেও খেলতে পারবেন না নিকো ও’রাইলি। চোটের কারণে দল থেকে সরিয়ে নেওয়া হয়েছে এই লেফট-ব্যাককে।
স্পেনের বিপক্ষে ৩-২ গোলে হারা ইংল্যান্ডের প্রথম ম্যাচে পুরো সময় খেললেও, চেকিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানে জয়ের ম্যাচটিতে তিনি খেলতে পারেননি।
ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার জানিয়েছে, আরও পরীক্ষার জন্য ও’রাইলি তার ক্লাব ম্যানচেস্টার সিটিতে ফিরে গেছেন।
২১ বছর বয়সী এই ফুটবলারের চোটের ধরন সম্পর্কে কিছু জানানো হয়নি।
তার পরিবর্তে অন্য কোনো খেলোয়াড়কে দলে ডাকার পরিকল্পনা নেই ইংল্যান্ড কোচ টুমাস টুখেলের।
আগামী শনিবার ক্রোয়েশিয়া এবং মঙ্গলবার ফের চেকিয়ার বিপক্ষে খেলবে ইংল্যান্ড।
