২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাটে-বলে পাকিস্তানের জয়ের নায়ক শাদাব

টি-টোয়েন্টিতে পাকিস্তানের হয়ে দ্বিতীয় দ্রুততম ফিফটির পর হাত ঘুরিয়ে প্রথম ৩ বলে ২ উইকেট নিয়েছেন এই লেগ স্পিনিং অলরাউন্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2022, 07:18 PM

Updated : 03 Nov 2022, 07:32 PM

ত্রয়োদশ ওভারের শুরুতে যখন ক্রিজে গেলেন শাদাব খান, একশর আগে পাঁচ উইকেট হারিয়ে চাপে পাকিস্তান। সেখান থেকে কী দুর্দান্ত ইনিংসটাই না খেললেন এই লেগ স্পিনিং অলরাউন্ডার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঝড়ো ফিফটির পর আলো ছড়ালেন বল হাতেও। অলরাউন্ড পারফরম্যান্সে আরও একবার হলেন পাকিস্তানের জয়ের নায়ক।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে সিডনিতে বৃহস্পতিবার দলের বাঁচা-মরার ম্যাচে শাদাব সাত নম্বরে নেমে খেলেন ২২ বলে ৫২ রানের বিস্ফোরক ইনিংস। ৪ ছক্কা ও ৩ চারে সাজানো ইনিংসটির পথে গড়েন এই সংস্করণে পাকিস্তানের হয়ে দ্বিতীয় দ্রুততম ফিফটির কীর্তি, ২০ বলে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার প্রথম ফিফটি এটি। ২০২০ সালে অকল্যান্ডে নিউ জিল্যান্ডের বিপক্ষে ৪২ রান ছিল আগের সেরা।

পরে তিনি বল হাতে নিয়ে প্রথম তিন বলের মধ্যেই নেন ২ উইকেট। ২ ওভারে ১৬ রান দিয়ে তার প্রাপ্তি ওই ২টি।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ৩৩ রানে জিতে সেমি-ফাইনালে যাওয়ার আশা বাঁচিয়ে রাখে পাকিস্তান। শাদাব টানা দ্বিতীয় ম্যাচে জেতেন সেরার পুরস্কার।

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের প্রথম আট ম্যাচে কখনও এই স্বাদ তিনি পাননি। সেখানে পরের দুই ম্যাচে পেলেন দুইবার। সব মিলিয়ে ৮০ ম্যাচের ক্যারিয়ারে দশমবার।

পাকিস্তানের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে এক ম্যাচে ব্যাটিংয়ে ফিফটি ও অন্তত ২ উইকেট নিলেন তিনি।

প্রথমজন শাহিদ আফ্রিদি, সেটিও ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ২০০৯ আসরের সেমি-ফাইনালে ট্রেন্ট ব্রিজে ব্যাট হাতে ৩৪ বলে ৫১ রানের পর হাত ঘুরিয়ে ১৬ রানে ২ উইকেট নিয়েছিলেন আফ্রিদি।  

শাদাব এ দিন উইকেটে গিয়ে মুখোমুখি চতুর্থ বলে চার মারেন রিস্ট স্পিনার তাবরাইজ শামসিকে। ওই ওভারে দুই বল পর হাঁকান ছক্কা।

পরে তিনি পরপর দুই বলে চার-ছক্কা মারেন আনরিক নরকিয়াকে। গতিময় এই পেসারের পরের ওভারে টানা দুই ছক্কায় ফিফটি পূর্ণ করেন ২০ বলে।

বিশ্বকাপে যৌথভাবে চতুর্থ দ্রুততম ফিফটি এটি।

আর গত বছরের বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে শোয়েব মালিকের ১৮ বলে ফিফটি পাকিস্তানের রেকর্ড।  

পঞ্চাশ ছোঁয়ার পর ওই ওভারেই ক্যাচ দিয়ে শেষ হয় শাদাবের খুনে ইনিংস। ষষ্ঠ উইকেটে ইফতিখার আহমেদের সঙ্গে তার জুটিতে ৮২ রান আসে স্রেফ ৩৬ বলে। ইফতিখার করেন ৩৫ বলে ৫১। পাকিস্তান ৯ উইকেট হারিয়ে তোলে ১৮৫ রান।

পরে শাদাব বল হাতে পান অষ্টম ওভারে। টেম্বা বাভুমা ও এইডেন মারক্রাম বিপজ্জনক হয়ে উঠছিলেন তখন। শাদাব প্রথম বলেই বিদায় করে দেন বাভুমাকে (১৯ বলে ৩৬)। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ধরা পড়েন কিপারের গ্লাভসে।

আগের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ে ২২ রানে ৩ উইকেটের প্রথমটিও নিজের প্রথম বলে নিয়েছিলেন শাদাব।

এ দিন তৃতীয় বলে তিনি বোল্ড করে দেন মারক্রামকে (১৪ বলে ২০)। ওভারে স্রেফ ২ রান দিয়ে শাদাবের প্রাপ্তি ওই দুটি।

৯ ওভারে দক্ষিণ আফ্রিকার রান যখন ৪ উইকেটে ৬৯, তখন নামে বৃষ্টি। লম্বা সময় পর খেলা শুরু হলে তাদের নতুন লক্ষ্য দাঁড়ায় ১৪ ওভারে ১৪২।

বৃষ্টির পর প্রথম আক্রমণে এসে একটি করে ছক্কা-চার হজম করে শাদাব দেন ১৪ রান। তবে পাকিস্তানের পেসারদের দারুণ বোলিংয়ে লক্ষ্যের ধারেকাছে যেতে পারেনি দক্ষিণ আফ্রিকা।  

আসরে প্রথম দুই ম্যাচে হারের পর টানা দুটি জিতল পাকিস্তান।