সেমি-ফাইনালে অনিশ্চিত মালান
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ের সময় চোট পান এই টপ অর্ডার ব্যাটসম্যান।
শ্রীলঙ্কার বিপক্ষে রোমাঞ্চকর জয়ে মিলেছে সেমি-ফাইনালের টিকেট। তবে দারুণ প্রাপ্তির এই ম্যাচেই ইংল্যান্ড শিবিরে যোগ হয়েছে বাড়তি দুর্ভাবনা। কুঁচকিতে চোট পাওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ চারের ম্যাচে দাভিদ মালানের খেলা নিয়ে জেগেছে সংশয়।
সিডনিতে শনিবার সুপার টুয়েলভের ম্যাচের ১৫তম ওভারে বিপত্তি বাধান মালান। ফিল্ডিংয়ের সময় চোট পেয়ে মাঠের বাইরে চলে যান তিনি।
শ্রীলঙ্কার দেওয়া ১৪২ রানের লক্ষ্য তাড়ায় ভালো শুরুর পর ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড। তখন মালানকে ব্যাটিংয়ে নামার জন্য প্রস্তুত দেখা গেলেও ক্রমেই নিচের দিকে নামতে থাকে তার ব্যাটিং পজিশন। শেষ পর্যন্ত তাকে ছাড়াই ২ বল বাকি থাকতে ৪ উইকেটের জয় তুলে নেয় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।
আগামী বৃহস্পতিবার সেমি-ফাইনালের আগে চার দিনের বিরতি পাচ্ছে ইংল্যান্ড। ফাইনালের ওঠার লড়াইয়ে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে ভারত।
এই সময়ের মধ্যে মালানের সেরে ওঠা চ্যালেঞ্জিং হবে। শ্রীলঙ্কা ম্যাচের পর তার সতীর্থ লেগ স্পিনার আদিল রশিদ বলেন, সেমিতে এই টপ অর্ডার ব্যাটসম্যানকে পাওয়ার ব্যাপারে আশাবাদী তারা।
“মাঠ ছাড়ার সময় স্পষ্টতই সে কিছুটা ব্যথা অনুভব করছিল। আশা করি, সে ভালো হয়ে উঠবে। আসলে কী হয়েছে তা আমরা এখনো জানি না।”
এই ম্যাচের একাদশের বাইরে ইংল্যান্ড স্কোয়াডে স্বীকৃত ব্যাটসম্যান আছেন কেবল ফিল সল্ট। আসরে এখনও কোনো ম্যাচ খেলেননি তিনি। সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে ওপেনিং করলেও অন্যান্য পজিশনে খেলার অভিজ্ঞতা আছে সল্টের।
ইংল্যান্ডের দলের সঙ্গে রিজার্ভ খেলোয়াড় হিসেবে আছেন লুক উড, রিচার্ড গ্লিসন ও লিয়াম ডসন। তাই মালানের জায়গায় স্পেশালিষ্ট ব্যাটসম্যান পাবে না জস বাটলারের দল।
চোটে যদি মালান আসর থেকে ছিটকে যান, তাহলে লম্বা ভ্রমণ সময়ের কারণে স্কোয়াডের বাইরে থেকে কাউকে দলে ডাকা কঠিনই হবে ইংল্যান্ডের জন্য।
তবে বিশ্বকাপের পর ওয়ানডে সিরিজ খেলার জন্য ইংল্যান্ডের ওয়ানডে দলের খেলোয়াড়দের এই সপ্তাহে অস্ট্রেলিয়ায় পৌঁছানোর কথা। ৫০ ওভারের দলে আছেন জেমস ভিন্স, জেসন রয় ও স্যাম বিলিংসরা।
