বদলি নেমেই গোল ইব্রাহিমের, জিতল বাংলাদেশ
ভুটানকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে শুভসূচনা করেছে টমাস ডুলির দল।
রাইট-ব্যাক বিশ্বনাথ ঘোষকে ‘নাম্বার-৯’ পজিশনে নামিয়ে দিলেন বাংলাদেশ কোচ টমাস ডুলি। ভুটানের রক্ষণে ভীতিও ছড়ালেন বিশ্বনাথ, কিন্তু পেলেন না জালের দেখা। গোলের খোঁজে দিশেহারা দলকে পথ দেখালেন মোহাম্মদ ইব্রাহিম। বদলি নামার দুই মিনিট পরই তিনি খুঁজে নিলেন জাল। থমথমে গ্যালারিতে ফিরল প্রাণ। ভুটানকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে শুভসূচনা করল বাংলাদেশ।
পল্টনের জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্ব ১-০ গোলের জয়ে শুরু করেছে প্রথম ও সবশেষ ২০০৩ সালে এর শিরোপা জেতা বাংলাদেশ। ৬৫তম মিনিটে ম্যাচের ভাগ্য গড়ে দেন ইব্রাহিম।
সাফের আঙিনায় ভুটানের বিপক্ষে আধিপত্যও ধরে রাখল বাংলাদেশ। আট ম্যাচে তাদের বিপক্ষে সপ্তম জয় পেল দল, অন্যটি ড্র। এই জয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের বাড়তি আত্মবিশ্বাসও সঞ্চয় করে নিল দল।
এদিন উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। শেষ দিকে রোমাঞ্চ ছড়ানো লড়াইয়ে পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়ে শুভসূচনা করে প্রতিযোগিতার রেকর্ড ৯ বারের চ্যাম্পিয়ন ভারত।
ভারত-পাকিস্তান ম্যাচের পর হয় উদ্বোধনী অনুষ্ঠান। আট বছর পর ঘরের মাঠে সাফের আয়োজনে ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করা বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ডিজে ও মিউজিক প্রডিউসার সঞ্জয় দেবের উপস্থিতি যোগ করে বাড়তি মাত্র। তার সাথে সাদা-কালো স্ট্রাইপের ড্রেস পরে একদল নৃত্যশিল্পী নাচলেন নানা গানের তালে। টেকনোর রোবটও নাচল কোমর দুলিয়ে। ফুটল আতশবাজি।
বর্ণিল এই অনুষ্ঠানের সময় গ্যালারি ফাঁকা ছিল অনেকটাই। তবে, বাংলাদেশ ম্যাচের আগে দল বেঁধে মাঠে ঢুকতে থাকেন সমর্থকেরা। গ্যালারির অনেকটা পূরণ হয় কিক-অফের সময়। সেরা একাদশে ছিলেন না নতুন অধিনায়ক তপু বর্মন। গা-গরমের সময় অসুস্থ অনুভব করায় তাকে বাইরে রাখেন কোচ। তবে, চেনা মাঠে, চেনা দর্শকের সামনে জামাল-বিশ্বনাথদের শুরুটা হয় আত্মবিশ্বাসী।
অষ্টম মিনিটে জামাল ভূঁইয়ার কর্নার এক ডিফেন্ডার ক্লিয়ার করার পর, বক্সের বাইরে পেয়ে যান ফয়সাল আহমেদ ফাহিম। তার প্রথম শট ব্লকড হওয়ার পর, ফিরতি শট ঝাঁপিয়ে আটকান গোলকিপার গাইয়েলতশেন জাংপো।
একটু পর বলের নিয়ন্ত্রণ নেওয়ার লড়াইয়ে সাদ উদ্দিনের হাঁটু গিয়ে লাগে তিসেরাং ওয়াংচুকের পিঠের উপরের দিকে। ব্যথায় কাঁতরাতে কাঁতরাতে মাঠে শুয়ে পড়েন তিনি। তাতে খেলা বন্ধ থাকে কিছুক্ষণ। মাঠের বাইরে চিকিৎসা নিতে দেখা যায় এই ফরোয়ার্ডকে। মেডিকেল স্টাফদের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়ার বেশ কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্সে স্টেডিয়াম ছাড়েন ওয়াংচুক।
দ্বাদশ মিনিটে শমিত সোমের হেড গোলকিপারের গ্লাভস গলে বেরিয়ে যাওয়ার পর, বিশ্বনাথ বলের নাগাল পেতে ছুটছিলেন। দারুণ ক্ষিপ্রতায় তার ওপর দিয়ে লাফিয়ে বল গ্লাভসে জমান জাংপো। একটু পর বিশ্বনাথের হেড বাইরে যায়।
২৫তম মিনিটে শমিতের শট কর্নার করে দেন গোলকিপার। সেই কর্নারে বক্সে জটলার ভেতর থেকে বিশ্বনাথের ভলি বেরিয়ে যায় দূরের পোস্ট দিয়ে। ৩৮তম মিনিটে সতীর্থের পাস ধরে বিশ্বনাথের শট যায় পোস্টের বাইরে।
একটি পরিবর্তন এনে দ্বিতীয়ার্ধ শুরু করে বাংলাদেশ। ফাহিমকে তুলে ফাহামিদুল ইসলামকে নামান ডুলি। এ অর্ধে পাল্টা আক্রমণে জোর দেয় ভুটান। তবে রক্ষণের দৃঢ়তায় তাদের আটকে রাখতে পারে বাংলাদেশ।
৬৩তম মিনিটে জামাল ও বিশ্বনাথকে তুলে মোহাম্মদ ইব্রাহিম ও সোহেল রানা জুনিয়রকে নামান কোচ। একটু পর একক প্রচেষ্টায় বাম দিক দিয়ে আক্রমণে উঠে বক্সের একটু বাইরে থেকে ফাহামিদুলের শট দূরের পোস্টের বাইরে যায়।
মিইয়ে যাওয়া গ্যালারিতে প্রাণ ফিরে ৬৫তম মিনিটে। সতীর্থের লং ক্রসে বক্সে শমিতের হেডে বল এক ডিফেন্ডারের পায়ে লেগে চলে যায় ইব্রাহিমের কাছে। নিখুঁত ভলিতে লক্ষ্যভেদ করেই এই ফরোয়ার্ড ছোটেন গ্যালারির দিকে। সেখানে তখন নানা রংঙের আতশবাজি ফুটিয়ে উদযাপনে মাতোয়ারা সমর্থকরা।
