২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আরেকটি বিধ্বংসী ইনিংসে সেরা সূর্যকুমার

বিশ্বকাপে সূর্যকুমার যাদবের ব্যাটে রানের জোয়ার চলছেই।

আরেকটি বিধ্বংসী ইনিংসে সেরা সূর্যকুমার

আসরে পাঁচ ম্যাচে সূর্যকুমার যাদবের ফিফটি হলো তিনটি। ছবি: বিসিসিআই

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2022, 06:36 PM

Updated : 06 Nov 2022, 06:45 PM

টি-টোয়েন্টি বিশ্বকাপে আরও একবার উত্তাল হয়ে উঠল সূর্যকুমার যাদবের ব্যাট। ভারতের এই ব্যাটসম্যান খুনে ব্যাটিংয়ে খেললেন আরেকটি বিস্ফোরক ইনিংস। দলের জয়ে বড় অবদান রেখে আরেকবার পেলেন ম্যাচ সেরার পুরস্কার।

সুপার টুয়েলভ পর্বে মেলবোর্নে রোববার জিম্বাবুয়েকে ৭১ রানে হারায় ভারত। মাঠে নামার আগেই তাদের সেমি-ফাইনালের টিকেট নিশ্চিত হয়ে যায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নেদারল্যান্ডসের জয়ের সুবাদে। জিম্বাবুয়েকে হারিয়ে তারা হয় গ্রুপ সেরা।

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটসম্যান সূর্যকুমার তিন নম্বরে নেমে ২৫ বলে খেলেন অপরাজিত ৬১ রানের ইনিংস, যেখানে ৪টি ছক্কার পাশে চার ৬টি।

দ্বাদশ ওভারে বিরাট কোহলির বিদায়ের পর ক্রিজে যান তিনি। প্রথম ৬ বলে তার রান ছিল ৫। ব্লেসিং মুজারাবানিকে টানা দুই চারে মেলে দেন ডানা।

এরপর চলতেই থাকে সেই ধারা। শেষ ওভারে রিচার্ড এনগারাভাকে ছক্কায় ওড়ানোর পর ডাবল নিয়ে ফিফটি পূর্ণ করেন ২৩ বলে। ইনিংসের শেষ দুই বলে মারেন চার-ছক্কা।

আসরে পাঁচ ম্যাচে সূর্যকুমারের তৃতীয় ফিফটি এটি। নেদারল্যান্ডসের বিপক্ষে ২৬ বলে অপরাজিত ৫১ রানের ইনিংস খেলে জেতেন ম্যাচ সেরার পুরস্কার।

এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলের হারের ম্যাচে ৪০ বলে করেন ৬৮। গত বুধবার পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানকে টপকে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার দিন বাংলাদেশের বিপক্ষে করেন ১৬ বলে ৩০ রান।

এবার জিম্বাবুয়ের বিপক্ষে এই বিধ্বংসী ইনিংস। পাঁচ ম্যাচে ২২৫ রান করে এখন টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ স্কোরার তিনি। স্ট্রাইক রেট ১৯৩.৯৬!

গত বছর টি-টোয়েন্টি অভিষেকের পর থেকে দারুণ ধারাবাহিক ৩২ বছর বয়সী সূর্যকুমার এই নিয়ে আটবার জিতলেন ম্যাচ সেরার পুরস্কার।